জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬ ১০:৪২ এএম

​সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম হাতেনাতে ধরা পড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃখনন করা হয়েছিল। তবে খননের পর থেকেই নদীর তীব্র স্রোতে বাঁধে ভাঙন শুরু হয়। ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় গোয়ালডাঙ্গা বাজারের অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনা এখন বিলীনের ঝুঁকিতে রয়েছে। এলাকার অন্যতম বড় এই বাণিজ্যিক কেন্দ্রটি রক্ষায় জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।

​বাঁধ রক্ষার কাজটির কার্যাদেশ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমিন অ্যান্ড কোং’। নকশা অনুযায়ী, নির্দিষ্ট স্থানে পাইলিং করে তার ভেতরে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার কথা। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অংশে পাইলিং করা হলেও প্রায় ১০০ থেকে ১৫০ ফুট এলাকায় পাইলিং ছাড়াই জিও ব্যাগ ফেলা হচ্ছিল।

​শনিবার স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করে এই অনিয়ম দেখতে পান। তারা তাৎক্ষণিক বিষয়টি প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের অবহিত করেন।

​”পাইলিংয়ের ভেতরেই ব্যাগ ফেলার কথা ছিল। পাইলিং ছাড়া কেন কাজ হচ্ছে—এমন প্রশ্নে সাইট ইনচার্জ মোঃ ঈসা সদুত্তর দিতে পারেননি। ঠিকাদারকেও ফোনে পাওয়া যায়নি।”

​এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী পাইলিংয়ের ভেতরে কাজ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, অনিয়মের অভিযোগ পাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”

​ইউএনও-র নির্দেশের পর স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের নকশা বহির্ভূত কাজ না করতে সতর্ক করে দেওয়া হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...