জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৯:০১ পিএম , আপডেট: জুলাই ২০, ২০২৬ ৯:০৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি জমিতে অবস্থিত ৬১ বছরের পুরোনো একটি ঈদগাহ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এক রাতের মধ্যে ঈদগাহের ইটের সীমানাপ্রাচীর ভেঙে টিনের বেড়া দিয়ে সাত শতক জমি দখলে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, জমিটি তার পৈতৃক সম্পত্তি।

রবিবার দিবাগত রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ঈদগাহে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন একই গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে।

ঘটনার প্রতিকার চেয়ে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর সোমবার বিকেলে তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়কসংলগ্ন সাত শতক সরকারি জমি প্রায় ৬১ বছর ধরে গ্রামবাসী বংশপরম্পরায় ঈদগাহ হিসেবে ব্যবহার করে আসছেন। সেখানে নিয়মিত দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৬ সালেও দেওড়া গ্রাম ঈদগাহ কমিটির পক্ষ থেকে জমিটির লিজ নবায়ন করা হয়েছে এবং সেখানে ঈদের নামাজ আদায় করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি মো. জাহাঙ্গীর হোসেন জমিটি নিজের বলে দাবি করে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরপর রবিবার রাতে তিনি লোকজন নিয়ে ঈদগাহের পুরোনো ইটের সীমানাপ্রাচীর ভেঙে জোরপূর্বক জমির দখল নেন এবং সাত শতক জমি টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন।

সোমবার সকালে গ্রামবাসী ঈদগাহের চারপাশে টিনের বেড়া দেখতে পেয়ে মাঠটি দখল হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ দখলের বিষয়টি স্বীকার করে বলেন, জমিটি তার পৈতৃক সম্পত্তি। গ্রামবাসীর বাধার কারণে এতদিন তিনি জমির দখল নিতে পারেননি। এখন সময় হওয়ায় তিনি নিজের জমির দখল বুঝে নিয়েছেন।

অন্যদিকে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর বলেন, ঈদগাহের জমিটি সরকারি সম্পত্তি। তারা আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে জমিটি ঈদগাহ হিসেবে লিজ নিয়ে দুই ঈদের নামাজ আদায় করে আসছেন। তার দাবি, ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটি দখল করা হয়েছে।

তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরই প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...