প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ ১১:৫৩ এএম

১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঢাকার পরিস্থিতি, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও আটকের ঘটনা নিয়ে ২৭ মার্চ বিশ্বের অন্তত ২৫টি দেশের পত্রিকা বা সংবাদ সংস্থার খবর প্রকাশিত হয়। আ.ফ.ম সাইদের ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা: ফ্যাক্টস অ্যান্ড উইটনেস’ বই ও বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে তখন বলা হয়, ‘কলকাতা থেকে সংবাদপত্র প্রতিষ্ঠানের খবরে প্রকাশ যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এক গুপ্ত বেতার থেকে জনসাধারণের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন।’ ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছিল ‘ঢাকায় পাকিস্তান বাহিনী আক্রমণ শুরু করেছে। মুজিবুর রহমান একটি বার্তা পাঠিয়েছেন ও সারা বিশ্বের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।’

দিল্লির স্টেটসম্যানের খবরে বলা হয়, ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সামরিক অভিযানের প্রতিবাদে রহমানের পদক্ষেপ। একটি গোপন বেতার থেকে প্রচারিত ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পূর্বাংশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে নতুন নামকরণ করেছেন।’

ডেইলি টেলিগ্রাফ, লন্ডন লেখে সিভিল ওয়ার ফ্লেয়ারস ইন ইস্ট পাকিস্তান: শেখ এ ট্রেইটর, সেইস প্রেসিডেন্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা ও ইয়াহিয়া খান তার বেতার ভাষণে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলার কথা উল্লেখ করা হয়।

গার্ডিয়ানের ২৭ মার্চ সংখ্যায় বলা হয়, ২৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশে রেডিওতে ভাষণ দেওয়ার পরপরই ভয়েস অব বাংলাদেশ নামে একটি গোপন বেতারকেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনার বুয়েনস আয়ারস হেরাল্ডের ২৭ মার্চের সংখ্যার একটি খবরের শিরোনাম ছিল, ‘বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাই মুজিব।’ নিউইয়র্ক টাইমসে শেখ মুজিব ও ইয়াহিয়ার ছবি ছাপিয়ে বলা হয় ‘স্বাধীনতা ঘোষণার পর শেখ মুজিব আটক’।

বার্তা সংস্থা এপির এ সংক্রান্ত খবরে বলা হয়, ‘ইয়াহিয়ার পুনরায় মার্শাল ল ঘোষণা ও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে।’

আয়ারল্যান্ডের দি আইরিশ টাইমসের শিরোনাম ছিল- পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা আর সঙ্গে ছিল শেখ মুজিবের ছবি। দিল্লি থেকে রয়টার্সের খবরে ১০ হাজার মানুষের নিহত হওয়ার ও স্বাধীনতা ঘোষণার পর মুজিবকে সম্ভবত আটক করা হয়েছে, এমন কথা বলা হয়।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নাম দিয়ে স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা। এর বাইরে ভারতের বহু সংবাদপত্র ও আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, হংকং, নরওয়ে, তুরস্ক, সিঙ্গাপুরসহ অনেক দেশের খবরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার খবর স্থান পায়।

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...