আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ১:০০ পিএম

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। প্রোস্টেট ক্যানসার তার শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে এবং তিনি তীব্র ব্যথার ভুগছেন।

শুক্রবার (৭ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার বাইডেন। তিনি বলেন, ‘ক্যানসার বাবার হাড় ও শশীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দিক থেকে তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলছে। এটি খুব, খুব কঠিন। তাকে এভাবে কষ্ট পেতে দেখা সত্যিই খুব দুঃখের।’

তবে, এখনো তার বাবা দেশ ও জনগণের কল্যাণে প্রকাশ্যে কথা বলে যাচ্ছেন বলে জানান হান্টার বাইডেন। তিনি বলেন, ‘তিনি এখনো তার কাজ করে যাচ্ছেন। এই দেশের ওপর তার গভীর ও অবিচল বিশ্বাস রয়েছে।’

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর গত বছরের মে মাসে জো বাইডেন জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার তখন তার হাড়ে ছড়িয়ে পড়েছিল। এই ক্যানসার বেশ আগ্রাসী ধরনের।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন জানান, ক্যানসারের খবর প্রথমবার জানা তাদের পরিবারের জন্য বিরাট ধাক্কা ছিল। জো বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন, তখন তার ক্যানসার শনাক্ত হয়নি বলেও স্পষ্ট করেন সাবেক ফার্স্ট লেডি।

সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। তারপরও ২০২৪ সালে ৮১ বছর বয়সে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

তবে ওই বছরের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তার পারফরম্যান্স ব্যাপকভাবে সমালোচিত হয়। এরপর ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে প্রচণ্ড চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান।

পরে বাইডেনের বদলে দলের প্রার্থী হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনে তাকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: সিবিএস নিউজ

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ...