জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬ ৬:১৯ পিএম

প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের কাছে একজন আদর্শবান শিক্ষক ও অভিভাবক হিসেবে ব্যাপক পরিচিত সেই সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিক যেই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেছিলেন সেই বিদ্যালয় থেকেই বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা পেলেন।

চাঁদপুর শহরের পুরান বাজার মেরকাটিজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে পরিচিত। শিক্ষকতা পেশায় তিনি নিষ্ঠা,সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থী এবং অভিভাবকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অবসান উপলক্ষে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে।

এদিন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীরা বলেন, ধ্রুব রাজ বণিক স্যার শিক্ষকতা পেশায় একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কখনো অনিয়মের সঙ্গে আপোষ করেননি।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফ মিজি বলেন, আমরা যখন স্কুলে ছিলাম, স্যার ছিলেন আমাদের নয়নের মণি। স্যার অনেক শাসন করতেন, আবার আদরও করতেন। স্যার ছিলেন সবার প্রিয়। বিদায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল। ওনার অবসর জীবন সুস্থতার সঙ্গে কাটুক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদ মাওলা বলেন, স্যার শুধু আমাদের সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমাদের বড় ভাইয়ের মতো। তিনি একজন আপাদমস্তক শিক্ষক ও সংগঠক ছিলেন। এখন থেকে স্যার কে অনেক মিস করবো।

বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক আবু নাসের মোঃ পারভেজ বলেন,স্যারের সাথে দীর্ঘদিন শিক্ষকতা করার সুযোগ হয়েছে,সহকর্মী হিসেবে সবসময় স্যারের সহযোগিতা পেয়েছি। তিনি একজন অসাধারণ শিক্ষক ছিলেন। যেকোন সমস্যায় স্যার নিজে থেকেই এগিয়ে এসে সমস্যা সমাধান করার চেষ্টা করতেন।‌ স্যারের জন্য অনেক অনেক শুভকামনা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা আক্তার ও ফারজানা আক্তারের যৌথ সঞ্চালনায় এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম।

খোঁজ নিয়ে জানা যায়, ধ্রুব রাজ বণিক ১৯৯৪ সালের ২১ জুন সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে রাজরাজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মধ্যদিয়ে চাকুরী জীবন শুরু করেন,পরবর্তীতে সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সবশেষ পুরান বাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ঠা অক্টোবর ১৯৯৭ সাল থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত বর্ণাঢ্য চাকুরী জীবনের সফল সমাপ্তি ঘটে।

তিনি পুরানবাজার হরিসভা মধুসূদন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

চাকুরী জীবনে ধ্রুব রাজ বণিক ২০১২ সালে উপজেলা পর্যায়ে এবং ২০১৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

তিনি ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বেশ সুনামের সঙ্গে ৪ বার দায়িত্ব পালন করেছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...