দিদারুল আলম
প্রকাশিত: জুলাই ২, ২০২৬ ৩:৩২ পিএম

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে ২২০ ডিজিটের ‘কারিগরি ভূতের’ কবলে পড়েছেন গ্রাহকরা। গ্রাহকরা বলছেন, এটা অস্বাভাবিক কার্যক্রম। এতে তাদের ভোগান্তি বেড়েছে। মোবাইল কিংবা বিদ্যুৎ অফিসের রিচার্জের প্রিন্টেড কপি থেকে প্রিপেইড মিটারে নির্ভুলভাবে ২২০ ডিজিট প্রবেশ করানো কঠিন একটি কাজ। তিনবার ভুল করলে মিটার লক হয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসে গিয়ে দেন দরবার এবং বাড়তি খরচ ছাড়া লক হয়ে যাওয়া মিটার খোলা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া রিচার্জের পর ব্যালান্স সমন্বয়ে জটিলতা, বিভিন্ন খাতে অর্থ কর্তনের অভিযোগ এবং সার্ভারজনিত সমস্যার কথাও জানিয়েছেন অনেক গ্রাহক।

কেন এত ডিজিটের ‘কারিগরি ভূত’ গ্রাহকের ঘাড়ে চেপেছে? বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুতের মূল্য পরিবর্তনের কারণে এমনটি হয়েছে।

চট্টগ্রামে প্রিপেইড মিটারিং সিস্টেম চালু হয়েছে বেশ কয়েক বছর আগে। ওই সময় মিটার রিচার্জ করতে ২০ ডিজিটের নম্বর দিয়ে একটি টোকেন প্রদান করা হতো। ওই টোকেন থেকে ২০টি ডিজিট প্রিপেইড মিটারে প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে মিটারে টাকা রিচার্জ হয়ে যেত। ২০ ডিজিট মিটারে প্রবেশ করাতে অনেক মানুষকে হিমশিম খেতে হতো। কিন্তু ২০ ডিজিটের স্থলে কিছুদিন ধরে দেয়া হচ্ছে ২২০ ডিজিটের টোকেন। এতে সমস্যায় পড়েছে মানুষ। অনেকে বলছেন, একসাথে নির্ভুলভাবে ২২০ ডিজিট প্রবেশ করানো কঠিন ব্যাপার।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা মনির আহমেদ বলেন, “ডিজিটাল মিটার মানুষের সুবিধার জন্য চালু হয়েছিল। কিন্তু এখন অনেক ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে। ২২০ ডিজিটের কোড দিতে গিয়ে ভুল হলে আবার শুরু থেকে দিতে হয়। কখনো মিটার লকও হয়ে যায়।”

চট্টগ্রাম নগরীর বাসিন্দা রিপন চৌধুরী জানান, বিকাশের মাধ্যমে রিচার্জ করতে গিয়ে তিনি সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি আরো বলেন, “প্রথমে এত বড় টোকেন দেখে হতবাক হয়ে যাই। পরে ২০ ডিজিট করে ভাগ করে কোড প্রবেশ করাতে হয়েছে।”

বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, এটি একটি কারিগরি বিষয়। বিষয়টির উপর কারো নিয়ন্ত্রণ নেই। বিদ্যুতের মূল্য পরিবর্তনের কারণে এমনটি হয়েছে। তবে এই অবস্থা থেকে উন্নতির চেষ্টা করা হচ্ছে। মিটারগুলো সব অনলাইন করে ফেলা সম্ভব হলে এই দুর্ভোগ আর থাকবে না। তখন স্বয়ংক্রিয়ভাবে মিটার রিচার্জ করা সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ থেকে মিটার অনলাইন করার চেষ্টা চলছে।

অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুতের ট্যারিফ (মূল্য) পরিবর্তন হলে ডিজিট পরিবর্তনের ঘটনা ঘটে। আগে এক লাইনে ২০টি ডিজিট ছিল, এখন সেখানে ২০ ডিজিট করে ১১ লাইন হয়েছে। তবে গ্রাহকেরা কিভাবে মিটার রিচার্জ করবেন তার একটি নমুনা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওগুলো দেখলে গ্রাহকদের কষ্ট অনেকটা লাঘব হবে।

চট্টগ্রাম পিডিবির ডিজিটাল মিটার-সংশ্লিষ্ট প্রকৌশলী এমরান হোসাইন বলেন, “বিদ্যুতের দাম বা ট্যারিফ পরিবর্তনের পর একবার দীর্ঘ টোকেন আসতে পারে। এটি প্রযুক্তিগত কারণে হয়। গ্রাহকদের একটু কষ্ট হলেও সাধারণত এটি বছরে একবারের মতো ঘটে। পরে আবার স্বাভাবিক ২০ ডিজিটের টোকেনই পাওয়া যায়।”

পিডিবি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহন্ত বলেন, “এটি সাময়িক একটি বিষয়। নতুন ট্যারিফের তথ্য একবার মিটারে আপডেট হয়ে গেলে পরবর্তী রিচার্জে আর এমন দীর্ঘ টোকেন থাকবে না। তবে গ্রাহকদের যে ভোগান্তি হচ্ছে, সেটি আমরা উপলব্ধি করছি।”

টিআর

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...