দিদারুল আলম
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ ৪:৫৫ পিএম

প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে মসলাজাতীয় পণ্যের চাহিদা বাড়ে। এবারও চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ মসলা আমদানি করেছেন, পাশাপাশি দেশীয় উৎপাদনও হয়েছে সন্তোষজনক। এতে বাজার স্থিতিশীল থাকবে-এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের।

তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেও খুচরা বাজারে হঠাৎ করেই দাম বেড়ে গেছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এ দামের পার্থক্য তৈরি হয়েছে। একই অজুহাতে ঈদের আগে আরেক দফায় বাড়তে পারে মসলার দাম এমন শঙ্কাও করছেন ব্যবসায়ীরা।

শুকনো মরিচ, ধনিয়া, জয়ত্রী, হলুদ, রসুনের দাম ৩ টাকা থেকে ২শ টাকা পর্যন্ত বেড়েছে। পণ্যপরিবহন বাড়ার কারণে দাম বেড়েছে জানান ব্যবসায়ীরা। অন্যদিকে ঈদের সময় ঘনিয়ে আসায় এখন থেকেই নানা অজুহাতে মসলার দাম বাড়ানো হচ্ছে বলে মনে করছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতারা। তাই ক্যাবের পাশাপাশি বাজার তদারকি ব্যবস্থা জোরদার চান খোদ খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতারা।

চট্টগ্রামে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আনা শুকনো মরিচের কেজিতে ৩০ টাকা বেড়ে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। একই হারে বেড়েছে দেশীয় শুকনো মরিচের দাম। কেজিতে ৩০ টাকা বেড়ে পঞ্চগড় থেকে আনা শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২৪৫ টাকায়। চায়না রসুনের কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে মানভেদে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। জয়ত্রী কেজিতে ২শ টাকা বেড়ে ২ হাজার ৮শ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া কেজিতে ১৫ টাকা বেড়ে ধনিয়া মানভেদে বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৫৫ টাকায়।

পাইকারি বাজারে প্রতি কেজি মেথি ১৩০ টাকা, কালিজিরা ৩৬০ টাকা, জিরা ৫৫০ টাকা, দারচিনি ৩৫০ টাকা, জায়ফল ৭শ টাকা, লবঙ্গ ১ হাজার ৩৩০ টাকা, গোলমরিচ ১ হাজার ২০ টাকা ও এলাচ সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের মেসার্স আলমাস ট্রেডিংয়ের মালিক আলমাস উদ্দিন জানান, পেঁয়াজের বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে। পরিবহন খরচ দ্বিগুণের কাছাকাছি বেড়ে গেলেও পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়েছে দু-তিন টাকা। এটা এত বেশি নয়। অনেক ব্যাপারীই আড়তে পেঁয়াজ পাঠিয়ে লোকসান গুনছেন। উৎপাদন এলাকার আড়ত ও পাইকারি বাজারে দাম না বাড়লেও খুচরা পর্যায়ে দাম বেড়েছে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে। জ্বালানি পরিস্থিতি ও যানবাহনের ভাড়া আরো বাড়তে থাকলে কোরবানির ঈদের আগে মসলার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, খুচরা বাজার থেকে চট্টগ্রামের আশপাশের এলাকাগুলোতে কেজিতে প্রকারভেদে পাঁচ থেকে ১০ টাকা, ঢাকা পর্যন্ত ১২ থেকে ১৫ টাকা আর উত্তরাঞ্চলের জেলাগুলোতে খাতুনগঞ্জের চেয়ে কেজিতে ১২ থেকে ১৭ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হওয়া স্বাভাবিক। কিন্তু বর্তমানে প্রতিটি পণ্যই চট্টগ্রামের আশপাশের বাজারগুলোতে খাতুনগঞ্জের চেয়ে কেজিতে ১২ থেকে ১৫ টাকা, ঢাকার আশপাশে ২০ টাকা ও দূরের জেলাগুলোতে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেশি দামে বেচাকেনা হচ্ছে, যা অস্বাভাবিক।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, বর্তমানে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য ভাড়া ১০ থেকে ১৫ হাজার টাকা বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে ভোগ্যপণ্যের দামে। এই সংকট মোকাবিলায় সরকারের সার্বিক সিদ্ধান্তে সাধারণ মানুষ সন্তুষ্ট নয়। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে এটা দেশ বা অর্থনীতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা বলে দাম বাড়ানোর কারণে সবগুলো নিত্যপণ্যের দাম বাড়বে। কারণ ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য সব সময় অজুহাত খুঁজতে থাকেন। এবার তাদের হাতে আরও একটি অজুহাত এল। আর জ্বালানি তেলের মজুতদারসহ সব ব্যবসায়ী দাম বাড়ানোর জন্য সরকারকে নানাভাবে চাপ দিয়ে আসছিলেন এবং তারা সফলও হয়েছেন। মজুতদাররা মজুত করে ফায়দা লুটতে পারবেন। জ্বালানি তেলের সঙ্গে নিত্যপণ্যসহ সবকিছুই সরাসরি জড়িত। সে কারণেই সবগুলোর দাম বাড়িয়ে দেবে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। নিত্যপণ্যসহ সবগুলোয় আগুন ধরাবে। তাই সরকার হুট করে জ্বালানির দাম বাড়ানো এখনই যথাযথ হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, কেউ অন্যায়ভাবে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধ প্রমাণিত হলে সে যেই হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...