জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬ ৭:৫৯ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বন্দী রাখায় তীব্র ভিড় ও মানবিক সংকট তৈরি হয়েছে। মৌলিক সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, আর বিশেষজ্ঞরা বলছেন-দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এখন অতিরিক্ত বন্দির চাপে কার্যত ন্যুব্জ। প্রায় ২ হাজার ২শ জন ধারণক্ষমতার এই কারাগারে প্রতিদিন গড়ে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার বন্দী রাখা হচ্ছে। ফলে আবাসন, খাদ্য, চিকিৎসা ও স্যানিটেশন-সবক্ষেত্রেই তৈরি হয়েছে গুরুতর সংকট।

কারা সূত্র জানায়, এক সপ্তাহ ধরেই বন্দির সংখ্যা ৬ হাজারের আশপাশে অবস্থান করছে। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দী রাখার কারণে কারাগারের প্রতিটি কক্ষেই বাড়তি চাপ পড়ছে।

যেখানে ৩০ থেকে ৪০ জন থাকার কথা, সেখানে অনেক সময় ১শ জন পর্যন্ত বন্দিকে রাখতে হচ্ছে।

এই অতিরিক্ত ভিড়ের প্রভাব পড়ছে বন্দিদের দৈনন্দিন জীবনে। পর্যাপ্ত খাবার সরবরাহ, বিশুদ্ধ পানির প্রাপ্যতা, টয়লেট ব্যবহার এবং চিকিৎসাসেবা-সব ক্ষেত্রেই বাড়ছে দুর্ভোগ।

বিশেষ করে গরমের সময়ে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, কারাগারের ধারণক্ষমতা ২২শ হলেও বর্তমানে প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি বন্দী রয়েছে। ফলে সব ধরনের সেবাতেই চাপ তৈরি হচ্ছে।

অতিরিক্ত বন্দির চাপের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জনবল সংকট। এ কারাগারে বর্তমানে কর্মরত আছেন একজন সিনিয়র জেল সুপার, একজন জেলার, তিনজন ডেপুটি জেলার, ১৫ জন প্রধান কারারক্ষী, ৩০ জন সহকারী প্রধান কারারক্ষী, ৩৫১ জন কারারক্ষী ও ১১ জন নারী কারারক্ষী।

সিনিয়র জেল সুপার বলেন, ‘কর্মী সংকট ভয়াবহ। ডেপুটি জেলার পদে আরও তিনজন এবং অন্তত ১০০ জন অতিরিক্ত জনবল প্রয়োজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যাও বাড়ছে। কয়েক বছর আগেও যেখানে ৫০-৬০ জন ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।’

কারা বিভাগের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় জমি নির্ধারণ করা হলেও দখলসংক্রান্ত জটিলতায় প্রকল্পটি এগোয়নি।

বর্তমানে নতুন করে ৩০ থেকে ৫০ একর জমি খোঁজা হচ্ছে, যেখানে আদালত, হাসপাতাল ও পুলিশ লাইনের সঙ্গে যোগাযোগ সুবিধা থাকবে।

এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, অতিরিক্ত বন্দির চাপ শুধু ব্যবস্থাপনাগত সমস্যা নয়, এটি মৌলিক অধিকারের প্রশ্নও।

মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সাইমুল ইসলাম আসাদের মতে, “কারাগার কেবল শাস্তির জায়গা নয়, এটি সংশোধনের স্থান।

অতিরিক্ত ভিড় বন্দিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি মৌলিক অধিকারের পরিপন্থি।”

বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ এবং বিকল্প ব্যবস্থার অভাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন বলেন, “কারাগারের প্রধান সমস্যা অতিরিক্ত ভিড়, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের ঘাটতি।

বিচারব্যবস্থার চাপ কমাতে ইনফরমাল বা বিকল্প সামাজিক বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।”

তিনি আরও বলেন, গ্রাম আদালত ও স্থানীয় উদ্যোগগুলো শক্তিশালী করা গেলে মামলার চাপ কমবে, সমঝোতার সুযোগ বাড়বে এবং অপরাধ পুনরাবৃত্তি কমানো সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত নতুন কারাগার নির্মাণ ও বিচারব্যবস্থার সংস্কার না হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংকট ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বন্দি সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম কারাগার।

ব্রিটিশ শাসনামলে ১৮৮৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর একে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়।

উল্লেখ্য, ১৯৩৪ সালে এই কারাগারেই বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন এবং তার সহযোগী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দেওয়া হয়েছিল। জনরোষ এড়াতে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের মরদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...