জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬ ৩:৪৬ পিএম

মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত ঘেঁষা দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান বলেছেন, প্রায় ১২ ঘণ্টার অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার (১৪ই মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাহেদ হোসেন মাহেদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে।

তিনি উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য বলে মৌলভীবাজার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান প্রতিবেদককে বলেন, গত ২৩শে এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা নজরদারির সতর্কতা জারি করা হয়।

এ বিষয়ে তদন্তের মধ্যে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন।

ওসি বলেন, “এরপর থেকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে আমরা সতর্ক অবস্থানে থাকি। এরই মধ্যে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির গোপন তথ্য পেয়ে আমরা অভিযানে যাই।”

জেলা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তারা রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করতে সক্ষম হন।

“সে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অভিযুক্ত আসামি। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সেই মামলার তদন্ত করছে।”

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাহেদ হোসেন মাহেদকে বৃহস্পতিবার রাতেই সিটিটিসির কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন পুলিশ সুপার।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...