জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬ ৮:৫০ পিএম

বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা।

বুধবার (১ জুলাই) সকাল ৮টায় হাসপাতালের পুরোনো ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে করিডোরে অবস্থান নেয় তারা।

অবস্থানকারীদের দাবি, দুই বছর ধরে তারা সরকারি সকল নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নবনিযুক্ত ঠিকাদার এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি‘র স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমান অজানা কারণে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাকুরী ফিরে পেতে ৬৬ জন কর্মচারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছেন। চাকুরীতে বহাল না করলে, আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন আউটসোর্সিং কর্মচারীরা।

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন বলেন, আমাদের নিয়োগ দুই বছরের মত হলেও, এখানে অনেক কর্মচারী আছেন যারা ১০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছেন। অনেকে আরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে। দীর্ঘদিন নাম মাত্র বেতন এমনকি বিনা বেতনে সেবা দিতে দিতে দক্ষ হয়েছেন তারা। এসব কর্মচারীদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহিতারা অনেক খুশি, তারপরও আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের চাওয়া একটাই, আমাদের চাকুরী বহাল চাই।

আউটসোর্সিং কর্মচারী আকলিমা বলেন, ২০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছি। করোনার সময় জীবনের মায়া না করে করোনা রোগীদের সেবা দিয়েছি, মৃতদের গোসল করিয়েছি। তখন তেমন বেতনও পেতাম না, বছর দুয়েক হল আমরা আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করি। মাসে সামান্য টাকা পাই, তাতে মোটামুটি সংসার চলত। এভাবে চাকুরীটা চলে গেলে আমরা খাব কি।

কার্জন নামের আরেক কর্মী বলেন, আমরা প্রায় ৬ মাস বেতন পাই না। এর মধ্যে আমাদেরকে কাজে আসতে নিষেধ করেছে। আমাদের অপরাধ কি! যদি আমাদের বাদ দেওয়ার কোন যৌক্তিক কারণ থাকে তাহলে সেটা বলুক, আমরা অপরাধী হলে চলে যাব। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী, কোন অপরাধ ছাড়া আমাদের বাদ দিতে পারব না। আমরা এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসক, স্বাস্থ্য অধিদপ্তর সবার কাছে আবেদন করেছি। কোন কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি। আশাকরি আমরা ন্যায় বিচার পাব।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী যোগদান করেন। যোগদানের সময় তাদের কাজের মেয়াদ ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু নবনিযুক্ত ঠিকাদারের চুক্তি অনুযায়ী, হাসপাতালে ৯৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নতুন কর্মচারীদের নিয়োগপত্র দিয়েছে ঠিকাদার।

এদিকে বেলা ১১টার দিকে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা হাসপাতালে যোগদান করতে আসলে, অবস্থান কর্মসূচিতে থাকা পুরোনো কর্মচারীদের সাথে হট্টগোল হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সৌরভ কুমার মন্ডল ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে প্রায় একমাস ধরে চাকুরী বহাল রাখার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনের মত কর্মসূচি পালন করেছেন আউটসোর্সিংয়ের কর্মচারীরা। সব শেষ আজ বুধবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। যার ফলে আউটডোরের সেবা কিছুটা ব্যহত হয়েছে। তবে হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ নিয়ে এতসব ঘটনা ঘটলেও, নবনিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি‘র স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমান অথবা তার কোন প্রতিনিধিকে হাসপাতালে পাওয়া যায়নি।

এসব বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি‘র স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমানকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, পুরোনো কর্মচারীরা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত যে আদেশ দিবে আমরা তা বাস্তবায়ন করব। সবাইকে আপতত ধৈর্য্যধারণ করতে বলা হয়েছে।

সেবা ব্যহত হওয়ার বিষয়ে ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় আউটডোরে রোগীদের সেবা দেওয়া কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। তবে সেটা বিকল্প পদ্ধতিতে চিকিৎসকের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের কক্ষে বসে সেবা চালু রাখা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...