
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। সম্প্রতি প্রায় একই ধরনের তিনটি ঘটনা সামনে আসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিডটার্ম পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এক শিক্ষার্থী তাঁর মোবাইল ফোন বন্ধ রাখেন। শিক্ষার্থী ফোন ধরতে না পারার এই সুযোগটিকে কাজে লাগায় প্রতারক চক্রটি। তারা ওই শিক্ষার্থীর বাবাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং দাবি করে যে তাঁর ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। ছেলেকে ছাড়িয়ে নেওয়ার আকুতি জানালে চক্রটি ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই অভিভাবকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার না হতেই ৩০ জুলাই আবারও একই কৌশলে প্রতারণার চেষ্টা চালায় চক্রটি। এক নারী শিক্ষার্থীর মাকে ফোন করে নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। ফোনে দাবি করা হয়, তাঁর মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে এবং অভিভাবককে কাবু করতে ফোনের ওপাশ থেকে এক নারীর কান্নার শব্দ শোনানো হয়। মেয়েকে সামাজিক সম্মানহানির হাত থেকে বাঁচাতে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য চাপ দেয় তারা। তবে আগের ঘটনার কারণে সচেতন থাকায় ওই অভিভাবক তাৎক্ষণিকভাবে টাকা না পাঠিয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করেন।
এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানান, গত ৭ জুলাই তাঁর পরিবারের সঙ্গেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, প্রতারক চক্রটি তাঁর বাবার কাছে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দাবি করে, তাঁকে গাঁজাসহ আটক করা হয়েছে। বিষয়টি মীমাংসার কথা বলে দ্রুত দুই হাজার টাকা বিকাশে পাঠাতে চাপ দেওয়া হয়। ছেলের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে তাঁর বাবা প্রতারকদের দেওয়া নম্বরে দুই হাজার টাকা পাঠিয়ে দেন। পরে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ হলে তিনি জানতে পারেন, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত প্রতারণা।
অল্প দিনের ব্যবধানে একই ধরনের একাধিক অপরাধের ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পরিবার ও পরিচিতদের এমন প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছেন।
এদিকে প্রতারকেরা কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর, পারিবারিক তথ্য কিংবা পরীক্ষার সময়সূচি সম্পর্কে ধারণা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের একটি অংশের আশঙ্কা, কোথাও থেকে এসব তথ্য ফাঁস হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, “অপরিচিত নম্বর থেকে এ ধরনের ফোন এলে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। টাকা পাঠানোর আগে অবশ্যই শিক্ষার্থী, তাঁর সহপাঠী, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যেকোনো সন্দেহজনক ফোনকল পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে।
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত