উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৬ ৯:১৭ পিএম

ভোলার চরফ্যাশন পৌর শহরে ৫৫ বছরের পুরোনো একটি দোকান ভিটা জোরপূর্বক দখল, দোকান মালিককে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. ছালাম বাদী হয়ে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর সি আর-৫০৩/২৬ (চর)। গত সোমবার (১১ মে) দায়ের করা মামলায় আসামি করা হয়েছে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, তাঁর ছেলে মো. ফাহাদ হোসেন মালতিয়া ও মো. আরাফাত হোসেন মালতিয়াকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে চরফ্যাশন শহরের পূর্ব বাজারের কাপুড়িয়া পট্টি এলাকার পৌর ৪৭৮ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বাদীর দোকানে গিয়ে আসামিরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দোকানটি দখলে নেওয়া হয় বলেও মামলায় বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে দোকান আর খুলতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। বর্তমানে দোকানটি তালাবদ্ধ রয়েছে।

বাদী মো. ছালাম অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলেও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সমাধান হয়নি। থানায় মামলা করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন নালিশি দরখাস্ত আমলে নিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিন কার্যদিবসের মধ্যে মামলা গ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, দোকান ভিটার মালিক তাঁর প্রয়াত পিতা ওয়াহেদ আলী মালতিয়া। তাঁর দাবি, দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য পক্ষ বেআইনিভাবে জায়গাটি দখলে রেখেছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, আদালতের আদেশ থানায় পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে এফআইআর গ্রহণ ও তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...