জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬ ৩:৫৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী যৌথ অভিযানে পুলিশের হাতে ধরা পড়তে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করেছেন এক গাঁজাসেবী। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে আটক করে তার বাড়ি থেকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করেন।

মঙ্গলবার ‍(২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ দল অংশ নেয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনজু আলমের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয় যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের চেষ্টা করলে মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করেন। এরপরও পালানোর চেষ্টা চালালেও ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে আটক করেন। পরে তার কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...