নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৩:১১ পিএম

আইসিইউ বা ভেন্টিলেটর দিয়ে নয়, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই হামের মতো মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হামের বিস্তার নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে সময়মতো উদ্যোগ না নেওয়া এবং নীতিগত গাফিলতির কারণে যে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল বর্তমানের হামের প্রাদুর্ভাব। হাজার হাজার ভেন্টিলেটর কিংবা আইসিইউ বেড স্থাপন করেও এই মৃত্যুর ঢল থামানো সম্ভব নয়। রোগ প্রতিরোধ ও টিকাদানই এর প্রধান সমাধান।

তিনি বলেন, টিকাদানের গতি শতভাগ বাড়ানো হলেও হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তবে এ সময়ের মধ্যে সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদারের মাধ্যমে শিশুমৃত্যু কমানোর চেষ্টা চলছে।

অক্টোবরে ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল

শিশু স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অক্টোবরের মধ্যেই দেশের পাঁচটি বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত পাঁচটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে।

তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে বলেও জানান তিনি। উপজেলা পর্যায়ে শিশু স্বাস্থ্য, মেডিসিন, সার্জারি ও গাইনি—এই চারটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে বড় ধরনের নিয়োগের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্য মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া শিগগিরই পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংখ্যক নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্বাস্থ্য খাতের জনবল কাঠামোকে ভারসাম্যপূর্ণ করতে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টের অনুপাত আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকার বাইরে বিশেষায়িত শিশু চিকিৎসা

ঢাকার বাইরে বিশেষায়িত চিকিৎসাসেবার সংকটের কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, বিশেষায়িত সেবা না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের রাজধানীতে আসতে হচ্ছে। এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার একটি কাঠামোগত দুর্বলতা।

বাংলাদেশ শিশু হাসপাতাল, বারডেম ও হলি ফ্যামিলির মতো স্বায়ত্তশাসিত কিন্তু সরকার-সমর্থিত ব্যবস্থাপনা মডেলকে কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ঢাকার ইনস্টিটিউটগুলোর মতো একই মানের বিশেষায়িত চিকিৎসাসেবা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে গড়ে তোলা হবে।

হামের বিস্তারে নতুন কোনো ভাইরাস নয়, দায় B3 ধরন

অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণার ফলাফলে বলা হয়, ২০২৬ সালে ছড়িয়ে পড়া হামের জন্য ভাইরাসের নতুন কোনো ধরন দায়ী নয়। বিশ্বজুড়ে প্রচলিত তীব্র সংক্রামক ‘B3’ ধরনের বিস্তার এবং টিকাদান ও মাতৃদুগ্ধ থেকে পাওয়া অ্যান্টিবডির ঘাটতিই এর অন্যতম প্রধান কারণ।

গবেষণায় আরও দেখা গেছে, নয় মাস বয়সের আগেই মায়ের কাছ থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যায়। একই সঙ্গে নিয়মিত টিকাদানে অবহেলার কারণে ৬ থেকে ৯ মাস বয়সী অপুষ্ট শিশুরা হাম আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআর-এর পরিচালক ডা. কাজী আহমেদ জাকি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণার মূল ফলাফল ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর,বি-এর ভাইরোলজি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও ...

চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) ...

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ

দেশের দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ...

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ...