জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৬:৩১ পিএম , আপডেট: আগস্ট ১৯, ২০২৬ ৬:৩৮ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলার শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির বিষয়ে বেশ কিছু তথ্য ও অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানায় প্রতিদিন প্রায় ২০০ মণ দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়।

অভিযানে কারখানাটিতে দুধের সঙ্গে তেল, ডালডা ও আটা মিশিয়ে ছানা তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব ছানা মানিকগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামি হোটেল ও মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

অভিযানে আরও দেখা যায়, ছানা ঠান্ডা করার স্থানটি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। কারখানার পাশেই ছিল গরুর খামার। সেখানে কুকুর ও হাঁস অবাধে বিচরণ করছিল। এমন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, কারখানার পরিবেশ স্বাস্থ্যকর করা এবং উৎপাদিত খাদ্য নিরাপদ নিশ্চিত করতে পারলেই প্রতিষ্ঠানটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে। অন্যথায় ভেজাল বা অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে, গতকাল (মঙ্গলবার) বাণিজ্য প্রতিদিন-এ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদন নিয়ে “মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ছানা তৈরির বিভিন্ন কারখানায় স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য উৎপাদনের চিত্র তুলে ধরা হয়। তারই সূত্র ধরে আজ (বুধবার) প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, শুধু একটি প্রতিষ্ঠান নয়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন।

স্থানীয়দের পাশাপাশি ভোক্তাদের প্রত্যাশা, অভিযানটি যেন শুধু জরিমানা ও সাময়িক সিলগালার মধ্যে সীমাবদ্ধ না থাকে। খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে এসব কারখানা পরিদর্শন করবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা তাদের।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...