প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০ ৩:২২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনো তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া স্বাধীন রাজধানীর মাটিতে তার সমাধির জন্য দু’গজ জমিও জুটল না। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে, তার মরদেহ সমাধি করা হলো রাজধানী থেকে অনেক দূরের অজগাঁ টুঙ্গিপাড়ায়।

কাদের বলেন, ‘বাংলাদেশের মাটি কি হজম করতে পারে বঙ্গবন্ধু মুজিবের রক্ত? বাংলাদেশের মানচিত্রে সমান যার অস্তিত্ব, চরিত্র হননের কোনো ছোরা দিয়ে তাকে কি নিধন করা হয়ে গেছে? অবমূল্যায়নের কোনো নরুন দিয়ে ছেদন কি করা গেছে স্বাধীনতার এই বটবৃক্ষকে? না, শত ষড়যন্ত্র আর হাজার চেষ্টার পরও মুজিব মরেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। একদা নিথর-স্তব্ধ-অন্ধকার টুঙ্গিপাড়ায় এখন লাখো জনতার ঢল।’

তিনি বলেন, ‘যতদিনে বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন এ জনপদে পাখির কলরব থাকবে, নদীর কলতান থাকবে, সাগরের গর্জন থাকবে, বিশ্ব মানচিত্রে বাংলা নামের দেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন।’

‘ইতিহাসের নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৮১ সালে মুজিববিহীন বাংলায় ফিরে আসেন মুজিবকন্যা। প্রতিকূল আবহাওয়ায় তাকে বরণ করি হৃদয়ের সবটুকু আবেগ, কষ্ট আর ভালোবাসায়। শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে ওঠেন আমাদের আস্থার ঠিকানা, আশার নিউক্লিয়াস, উন্নয়ন ও অগ্রযাত্রার পুরোধা। তাকে ঘিরেই আজকের বাংলাদেশ। আজকের সমৃদ্ধিও এগিয়ে চলা’, যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শেখ হাসিনা আছেন বলেই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জাতির কলঙ্ক মোচন হয়েছে উল্লেখ করে কাদের বলেন, আত্মস্বীকৃত খুনিরা শত আশ্রয়-প্রশ্রয়েও প্রটেকশন পায়নি জনতার কাছে। আদালতের রায়ে ফাঁসিতে ঝুলে আছে খুনিরা। যারা লুকিয়ে আছেন তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। ইতোমধ্যে জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা।

সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিককালে করোনা সংকট মোকাবিলায় তার (শেখ হাসিনা) দূরদর্শী এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা যেমনি অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তেমনি যেকোনো হত্যাকাণ্ডের বিচারে তিনি অপরাধীর দলীয় পরিচয় খোঁজেননি। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেছেন।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মহিলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ...

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পরিচালনা করবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ...

মির্জা ফখরুল স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ...

ইসি আনোয়ারুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার ...