
মৌলভিত্তিতে দুর্বলতা ও ধারাবাহিক লোকসান সত্ত্বেও পুঁজিবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানির আর্থিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি না থাকলেও গত এক মাসে শেয়ারটির দাম প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। এ নিয়ে বাজারে কারসাজির আশঙ্কা তৈরি হলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)এর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, কোম্পানির মৌলভিত্তি ও আর্থিক অবস্থার সঙ্গে শেয়ারদরের এমন উত্থান স্বাভাবিক বাজার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই লেনদেনের ধরন, বড় বিনিয়োগকারীদের ক্রয়-বিক্রয় এবং সম্ভাব্য কারসাজির বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন।
দর বৃদ্ধির কারণ জানে না কোম্পানিও
শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে শার্প ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, দর বৃদ্ধির পেছনে তাদের জানা মতে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) বা অপ্রকাশিত তথ্য নেই। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকেও এই দর বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ দেখানো হয়নি।
বাজারসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অতীতে একটি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি চাকরির সময় প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করতেন। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং পরবর্তীতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চাকরি ছাড়ার পর তিনি কয়েকজন বিনিয়োগকারীর অর্থ নিয়ে আবারও বিভিন্ন শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধির মাধ্যমে কারসাজির চেষ্টা করছেন।
প্রশ্নের মুখে বাজার তদারকি
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, দুর্বল মৌলভিত্তি, ধারাবাহিক লোকসান এবং কমতে থাকা নিট সম্পদ মূল্যের পরও শেয়ারদরের এমন অস্বাভাবিক উত্থান নিয়ন্ত্রক সংস্থার নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। তাদের মতে, বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারটির সাম্প্রতিক লেনদেন, বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবভিত্তিক ক্রয়-বিক্রয় এবং কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এক মাসে ৬৮ শতাংশ, এক বছরে ৯২ শতাংশ দর বৃদ্ধি
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৩ জুন শার্প ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ২০ টাকা ৮০ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে ৩৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা, যা শতাংশের হিসাবে ৬৮ দশমিক ২৭ শতাংশ।
শুধু এক মাস নয়, এক বছরের ব্যবধানেও শেয়ারটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ারটির বাজারদর ছিল ১৮ টাকা ২০ পয়সা। সে হিসাবে এক বছরে দাম বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৯২ দশমিক ৩ শতাংশ।
মুনাফা থেকে লোকসানে
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ০.০৫ টাকা মুনাফা করেছিল। এছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২.১৬ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ০.৪৯ টাকা মুনাফা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে চলে গেছে।
যদিও একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উন্নতি হয়েছে। নয় মাসে এটি দাঁড়িয়েছে ১.৮৮ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ০.৮৭ টাকা।
অন্যদিকে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমে ১০.০৮ টাকা থেকে ৭.৯২ টাকায় নেমে এসেছে। অর্থাৎ কোম্পানির প্রকৃত সম্পদমূল্য কমলেও বাজারে শেয়ারদর বিপরীতমুখীভাবে বেড়েছে।
লভ্যাংশেও নেই ইতিবাচক চিত্র
লভ্যাংশ বিতরণের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ ও ২০১৬ সালে ২০ শতাংশ করে, ২০১১ সালে ৩৫ শতাংশ, ২০১০ সালে ৩০ শতাংশ এবং ২০০৯ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার বিতরণ করে।
কোম্পানির শেয়ার ধারণের চিত্র
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৭৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা।
বর্তমানে কোম্পানির ৩৬ দশমিক ৬৩ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ১৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত