সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনা

জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ১২:০৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ গ্যাস লিকেজজনিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (১৪ আগস্ট) গঠিত এ কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং সীতাকুণ্ডের সহকারী কমিশনারকে (ভূমি) সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্য করা হয়েছে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড, পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিদের। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে কমিটি এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

কমিটিকে দুর্ঘটনার উৎস ও কারণ উদঘাটন, দুর্ঘটনার পেছনে ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। ইয়ার্ড মালিকদের সংগঠনটির প্রেসিডেন্ট মো. মহসিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, বিএসবিআরএর সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটিতে সংগঠনের কারিগরি উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সিরাজুল মাওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহাবুবুর রহমান।

চিঠিতে কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত করে দুর্ঘটনার কারণ উল্লেখ করে প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত,সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...