

- আর্থিক সক্ষমতা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে এসএমই পণ্যের বাজারজাতকরণে উদ্যোক্তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে
- ব্র্যান্ডিং ও প্রতিযোগিতার চাপ এবং নীতি সহায়তার অভাবে এসএমই খাত থমকে দাঁড়াচ্ছে
- এসএমই নীতিমালা ২০২৫-কে ঘিরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার
- এসএমই খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অর্থায়ন, কর সুবিধা এবং পণ্যের বাজারজাত করণের জন্য সরকারে পক্ষ থেকে সহযোগিতা বাড়াতে হবে: মাশরুর রিয়াজ
- এসএমই খাতকে এগিয়ে নিতে ব্যাংকগুলোকে এ খাতে ঋণ বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) সম্ভাবনা অনেক। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮০% এসএমই খাতে নিয়োজিত এবং জিডিপিতে এর অবদান প্রায় ২৫%। এই খাতকে এগিয়ে নেওয়ার মাধ্যমে একদিকে দেশের অর্থনীতি যেমন ভূমিকা রাখতে পারে অন্যদিকে দেশের বেকারত্ব দূর করতে বড় ভূমিকা রাখতে পারে এই খাত। একই সাথে বিদেশে রপ্তানি করে আয় করা সম্ভব বৈদেশিক মুদ্রা। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার ও চাহিদা থাকা সত্ত্বেও পণ্যের গুণগত মান, বিপণন কৌশল, আর্থিক সক্ষমতা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে এসএমই পণ্যের বাজারজাতকরণে উদ্যোক্তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে।
খাত সংশ্লিষ্ট এবং অর্থনীতিবিদরা মনে করেন, দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ এসএমই খাত। সম্ভাবনাময় এ খাত প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশে এসএমই কোম্পানির সংখ্যা ১ কোটি ১৮ লাখ। এ খাতে কর্মসংস্থান হয়েছে ৩ কোটি ৬০ লাখ মানুষের। অর্থাৎ শিল্প খাতে কর্মসংস্থানের ৮৭ শতাংশই এ খাতে।
তাদের মতে, দেশে প্রতিনিয়ত বেকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। এর বড় অংশই শিক্ষিত বেকার। শিক্ষাজীবন শেষ করে শ্রমবাজারে আসার পর তাদের কাঙ্খিত কর্মসংস্থান মিলছে না। বর্তমানে দেশে স্নাতক ডিগ্রিধারী ১০০ জনের মধ্যে ৪৭ জনই বেকার। ফলে বেকারত্ব নিরসনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রয়োজনের তুলনায় এ খাতকে ঘিরে সরকারের উদ্যোগ কম। বক্তৃতা-বিবৃতিতে এ খাত নিয়ে অনেক কথা বলা হলেও কার্যকর উদ্যোগ একেবারেই সীমিত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, দেশে ৭৮ লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এটি মোট শিল্পপ্রতিষ্ঠানের ৯৯ শতাংশের বেশি। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ হয় এসএমই খাতে। এই খাতে আড়াই কোটির বেশি জনবল কর্মরত।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এসএমই খাত বিশ্বজুড়ে ৫০ শতাংশ মানুষের কর্মের যোগান দেয়। আবার প্রতিটি দেশের ব্যবসা-বাণিজ্যের সিংহভাগ অংশীদার অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। বিশ্বের প্রায় ৯০ শতাংশ ব্যবসা-বাণিজ্য এ খাতের অন্তর্ভুক্ত।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে সত্যিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এসএমই খাত শুধু ব্যবসা নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড। এসএমই উদ্যোক্তারা তাঁদের লাভের ৩০ শতাংশই পুনরায় বিনিয়োগ করেন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এসএমই পণ্য বাজারজাতকরণের প্রধান চ্যালেঞ্জসমূহ
সীমিত বিপণন জ্ঞান ও দক্ষতা: অধিকাংশ এসএমই মালিকের পণ্য বিপণন সম্পর্কে প্রাতিষ্ঠানিক জ্ঞান ও কৌশলগত দক্ষতার অভাব রয়েছে। তারা প্রায়শই প্রচলিত ও অপ্রচলিত বিপণন পদ্ধতির মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। তাছাড়া পণ্যের দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজার সম্পর্কে জানার সীমাবদ্ধতার কারণে পণ্যের প্রচার প্রসার ও বাজার সংযোগে পিছিয়ে পড়ে। তবে এর জন্য উদ্যোক্তরা দায়ী করছেন সরকারকেই।
অন্যদিকে, পণ্যের গুনগতমান বজায় না রাখা এবং পণ্যের বৈচিত্রতার অভাব, ব্র্যান্ডিং ও প্যাকেজিং সমস্যা, মূল্য নির্ধারণের জটিলতা, ডিজিটাল বিপণনের সীমিত ব্যবহার, আর্থিক সীমাবদ্ধতা, প্রতিযোগিতার চাপ, নীতি সহায়তার অভাবে এসএমই খাত থমকে দাঁড়াচ্ছে।
চ্যালেঞ্জ দূর করার উপায়
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) চ্যালেঞ্জ দূর করতে হলে সরকারের আন্তরিকতায় কোন ধরণের গ্যাপ থাকা যাবে না। একই সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগে বিপণন দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল বিপণনের সম্প্রসারণের জন্য ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার ই-কমার্স ওয়েবসাইটে বা বিটুবি ওয়েবসাইটে পণ্য তালিকাভুক্তকরণ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও কন্টেন্ট মার্কেটিং শেখা, পণ্য বৈচিত্র্য ও মান উন্নয়ন, সহায়ক নীতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা, লজিস্টিক সেবা উন্নয়নের কোন বিকল্প নেই।
কী চায় উদ্যোক্তারা
উদ্যোক্তারা মনে করেন, এসএমই পণ্য বাজারজাতকরণের চ্যালেঞ্জ দূর করতে হলে সরকারের সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। কারণ সরকারের একার পক্ষে সব ধরণের সমস্যা দূর করা সম্ভব নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে আমরা পণ্যের বহুমূখী করার সাথে সাথে দেশি ও বিদেশি বাজারে পণ্য বাজারজাত করতে পারবো।
এ বিষয়ে উদ্যোক্তা এসএম জাকির হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, এই খাতের অনেক সমস্যা। ট্রেড লাইস্যান্স থেকে বাজারজাত সব জায়গায় সমস্যা। সরকারি বা বেসরকারি পর্যায়ের সবাই এগিয়ে আসলে এর সমাধান করা সম্ভব।
এ বিষয়ে কেপিসি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাজেদুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, এই খাতে যারা কাজ করতে আসে, তারা সব জেনে আসে না। কোনভাবে যাতে সংসার চালাতে পারে এই চিন্তা থেকেই কাজ শুরু করে। তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। এসএমই ফাউন্ডেশন শুধু একটি সেমিনার এবং পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। উদ্যোক্তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দেয় না প্রতিষ্ঠানটি।
যা বলছেন অর্থনীতিবিদরা
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কায়সার হামিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, বেসরকারি খাতের প্রতি ৩ জনের ১ জন এসএমই খাতে চাকরি করে। অন্যদিকে ৯৮ শতাংশ কোম্পানিতে ১০ জনের কম লোক কাজ করে। তবে প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে।
তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নিলে এটি দূর করা সম্ভব। বাংলাদেশ ফাইন্যান্স এসএমই খাতকে প্রাধান্য দিয়ে ঋণ বিতরণ করে। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এখানে অনেক ভালো কিছু করা সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, ব্যাংকগুলোকে এসএমই খাতে ঋণ বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বড় ঋণের ঝুকি নিরসন ও এসএমই খাতকে এগিয়ে নিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এসএমই খাতে ব্যাংকগুলো যাতে মোট ঋণের ২৫ শতাংশ ব্যবহার করে, সেই নির্দেশ প্রদান করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোকে এ টার্গেট দেয়া হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো তা করতে পারেনি। তারা আনুমানিক ২০ শতাংশ অর্জন করতে পেরেছে। এজন্য বিষয়টিতে জোর দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাত অনেক বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যে মোট ঋণের ২৭ শতাংশ এসএমই খাতে দিতে হবে। এটি করতে পারলে দেশের কর্মসংস্থান বৃদ্ধি, জিডিপিতে অবদান এবং আয় বৈষম্য দূর করতে বড় ধরনের ভূমিকা রাখবে।
তিনি বলেন, তবে এই প্রতিষ্ঠানগুলোতে ঋণ দেওয়ার ঝুঁকি আছে। আবার এটি দূর করার পথও আছে। ঝুঁকি কমাতে হলে ক্রেডিট ব্যুারো থেকে তথ্য নিয়ে যদি আনলাইন ডাটাবেইজ করে ঋণ বিতরণ এবং তদারকি করা যায়, তাহলে উভয়ে উপকৃত হবে। অন্যদিকে দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বাণিজ্য প্রতিদিনকে বলেন, পণ্যের বহুমুখী করণের মাধ্যমে দেশের অর্থনীতিতে এই খাতটি অনেক বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য তাদের প্রশিক্ষণ,অর্থায়ন, কর সুবিধা এবং পণ্যের বাজারজাত করণের জন্য সরকারে পক্ষ থেকে সহযোগিতা বাড়াতে হবে। একই সাথে অর্থায়নের জন্য সরকারে সাথে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
যা বলছে এসএমই ফাউন্ডেশন
এসএমই পণ্য বাজারজাতকরণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই ফাউন্ডেশন শুরু থেকেই আধুনিক প্রযুক্তির সহায়তায় গুণগত মানসম্পন্ন বিভিন্ন পণ্য উৎপাদনে প্রশিক্ষণ প্রদান করে আসছে। সারা দেশের উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে এসএমই ফাউন্ডেশন ঢাকায় আয়োজন করে জাতীয় এসএমই পণ্য মেলা, বিভাগীয় এসএমই পণ্য মেলা, হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ও ক্রেতা বিক্রেতা ম্যাচ-মেকিং প্রোগ্রাম। এছাড়া এসএমই উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুবিধার্থে এসএমই ফাউন্ডেশন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলায় এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে সহযোগিতা করে থাকে। এসএমই উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার অধিকতর শক্তিশালী করণের লক্ষ্যে দেশে বিদেশে বিভিন্ন ডিসপ্লে সেন্টার স্থাপন করা দরকার। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ে স্থাপিত ডিসপ্লে সেন্টারে এসএমই পণ্য প্রদর্শন করছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন চৌধুরী বাণিজ্য প্রতিদিনকে বলেন, জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে এসএমই নীতিমালা ২০২৫-কে ঘিরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের এসএমই খাতের টেকসই উন্নয়নের জন্য কার্যকর বাজারজাতকরণ নিয়ে আমরা কাজ করছি। সরকার, বেসরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং এসএমই উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাজারজাতকরণের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠা সম্ভব। ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিত বিপণন কৌশল প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের এসএমই পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সফলভাবে অবস্থান করতে সক্ষম হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, দেশের ৬৪ জেলায় প্রায় দেড় লাখ সিএমএসএমই উদ্যোক্তাকে সরাসরি সেবা দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। পাশাপাশি ১১ হাজারের বেশি উদ্যোক্তাকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণ করেছে সংস্থাটি। এসএমই নীতিমালা ২০২৫ বাস্তবায়িত হলে দেশের লাখো সম্ভাবনাময় উদ্যোক্তা উপকৃত হবেন। পাশাপাশি তাঁরা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবেন।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত