

- ব্যাংকের স্বল্পমেয়াদি আমানতে চলছে দীর্ঘমেয়াদি শিল্প প্রকল্প
- পাঁচ বছরে শিল্প খাতে দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ ৪ লাখ ৬৩ হাজার ৫৮০ কোটি টাকা
- জিডিপির তুলনায় দেশের পুঁজিবাজারের বাজার মূলধন এশিয়ায় অন্যতম সর্বনিম্ন
- পুঁজিবাজারকে শিল্পায়নের প্রধান দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস করার আহ্বান
অর্থনীতির ব্যাকরণ বলে,একটি দেশের কলকারখানা, অবকাঠামো ও দীর্ঘমেয়াদী প্রকল্পের অর্থায়ন আসবে পুঁজিবাজার থেকে; আর ব্যাংকিং খাত কেবল ব্যবসা সচল রাখার জন্য স্বল্পমেয়াদী চলতি মূলধন সরবরাহ করবে। কিন্তু বাংলাদেশে এই পুরো সমীকরণটি উল্টে দেওয়া হয়েছে। এখানে শত শত কোটি টাকার দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ব্যাংকের স্বল্পমেয়াদী আমানতের টাকায়। যার অবধারিত পরিণতি ব্যাংক খাতে তারল্যের নাভিশ্বাস এবং খেলাপি ঋণের ঐতিহাসিক পাহাড়। অন্যদিকে, দেশের পুঁজিবাজার দীর্ঘকাল ধরে মূলত ‘ডেইলি ট্রেডিং’ বা অতি-ফটকা ব্যবসার এক বৈরী ক্ষেত্র হয়ে রয়েছে। এই বাজার থেকে নতুন উদ্যোক্তা বা শিল্প মালিকদের মূলধন তোলার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। ফলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও জিডিপিতে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত অবদান অধরাই রয়ে গেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, আমরা যদি ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখি, তবে ভঙ্গুর ও ব্যাংক-নির্ভর আর্থিক খাত নিয়ে সেই পথ পাড়ি দেওয়া অসম্ভব। পুঁজিবাজার কেবল গুটি কয়েক কারসাজিকারীর অর্থ হাতবদলের জায়গা নয়, এটি দেশের লাইফলাইন। নীতিনির্ধারকদের বুঝতে হবে, পুঁজিবাজার ভালো হলে দেশের তারল্য সংকট কাটবে, বিনিয়োগের সুষম বণ্টন হবে, নতুন নতুন কর্মসংস্থান হবে এবং জিডিপির প্রবৃদ্ধি হবে প্রকৃত অর্থেই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক। রাষ্ট্রকে এখন হীনস্বার্থের ঊর্ধ্বে উঠে এই খাতে কঠোর সুশাসন ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে।
দেশের পুঁজিবাজারের দীর্ঘদিনের সংকট, নীতিগত দুর্বলতা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং উত্তরণের সম্ভাব্য পথ নিয়ে দৈনিক বাণিজ্য প্রতিদিন শুরু করেছে বিশেষ ধারাবাহিক “পুঁজিবাজার: সংকটের শেকড়, উত্তরণের পথ”। আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে উঠে এসেছে ‘দীর্ঘমেয়াদি শিল্পয়নে পুঁজিবাজার থেকে যাচ্ছে না পুঁজি’।
শিল্পায়নে ব্যাংক ঋণ
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিগত ৫ বছরে দেশের শিল্প খাতে ব্যাংকগুলো মোট ৪ লাখ ৬৩ হাজার ৫৮০ কোটি টাকার দীর্ঘমেয়াদী মেয়াদী ঋণ বিতরণ করেছে।
অর্থবছরভিত্তিক দীর্ঘমেয়াদি শিল্প ঋণ বিতরণের চিত্র
২০১৯-২০ অর্থবছর (করোনার ধাক্কা):
করোনা মহামারির কারণে শিল্প খাতে নতুন বিনিয়োগ ও সম্প্রসারণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে দীর্ঘমেয়াদি শিল্প ঋণ বিতরণ সীমিত হয়ে প্রায় ৭২ হাজার ৫৮০ কোটি টাকা হয়।
২০২০-২১ অর্থবছর (পুনরুদ্ধারের শুরু):
সরকারের প্রণোদনা প্যাকেজ এবং স্বল্প সুদের ঋণ সুবিধার কারণে শিল্প খাতে বিনিয়োগের গতি ফিরে আসে। এ সময়ে দীর্ঘমেয়াদি শিল্প ঋণ বিতরণ বেড়ে ৮০ হাজার কোটি টাকার বেশি হয়।
২০২১-২২ অর্থবছর (বিনিয়োগে গতি):
স্থগিত শিল্প প্রকল্প পুনরায় চালু হওয়া এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হওয়ায় দীর্ঘমেয়াদি শিল্প ঋণ বিতরণ আরও বেড়ে প্রায় ৮৫ হাজার কোটি টাকায় পৌঁছে।
২০২২-২৩ অর্থবছর (ডলার সংকটের প্রভাব):
ডলার সংকট ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিধিনিষেধের কারণে নতুন শিল্প বিনিয়োগে ধীরগতি দেখা দেয়। ফলে দীর্ঘমেয়াদি শিল্প ঋণ বিতরণ কমে প্রায় ৭৬ হাজার ৪০০ কোটি টাকায় নেমে আসে।
২০২৩-২৪ অর্থবছর (উচ্চ সুদের চাপ):
সংকোচনমূলক মুদ্রানীতি এবং ঋণের সুদহার বৃদ্ধি পাওয়ায় উদ্যোক্তারা নতুন দীর্ঘমেয়াদি ঋণ নিতে নিরুৎসাহিত হন। এ সময়ে শিল্প খাতে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণ দাঁড়ায় প্রায় ৭৮ হাজার ৯০০ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছর (তারল্য সংকট ও রাজনৈতিক পরিবর্তন):
ব্যাংকিং খাতের তারল্য সংকট, রাজনৈতিক পরিবর্তন এবং ব্যাংকগুলোর রক্ষণশীল ঋণনীতির কারণে শিল্প ঋণ বিতরণ আরও কমে প্রায় ৭১ হাজার ২০০ কোটি টাকায় নেমে আসে। একই সময়ে অনেক ব্যাংক শিল্পঋণের পরিবর্তে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী হয়।
প্রতিবেশী দেশগুলোতে আইপিওর জোয়ার, বাংলাদেশে দুই বছরেও শূন্য
শিল্পায়নের অন্যতম প্রধান অর্থায়নের উৎস হিসেবে বিশ্বজুড়ে পুঁজিবাজারের গুরুত্ব বাড়ছে। বিশেষ করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছরে ভারতের মূল পুঁজিবাজারে ১৯৭টি এবং এসএমই বাজারে ৪৭৮টি কোম্পানি আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে। এ সময় মূল বাজার থেকে ৩ লাখ ৫১ হাজার ২৫৩ দশমিক ৬৮ কোটি ভারতীয় রুপি এবং এসএমই বাজার থেকে ২১ হাজার ৭৯৯ দশমিক ২৮ কোটি রুপি মূলধন সংগ্রহ করেছে দেশটির কোম্পানিগুলো।
একই সময়ে ইন্দোনেশিয়ার মূল বাজারে ৪২টি কোম্পানি প্রায় ২৮ দশমিক ৭৫ ট্রিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়াহ সংগ্রহ করেছে। এছাড়া এসএমই বাজারে একটি কোম্পানি তালিকাভুক্ত হয়ে প্রায় ০ দশমিক ০৩ ট্রিলিয়ন রুপিয়াহ সংগ্রহ করেছে।
মালয়েশিয়ার চিত্রও আশাব্যঞ্জক। দেশটির মূল বাজারে ২৩টি এবং এসএমই বাজারে ১০৭টি কোম্পানি আইপিও সম্পন্ন করেছে। এসব কোম্পানি মূল বাজার থেকে প্রায় ১০ দশমিক ২ বিলিয়ন এবং এসএমই বাজার থেকে প্রায় ৬ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত সংগ্রহ করেছে।
জিডিপির তুলনায় তলানিতে দেশের পুঁজিবাজার: আঞ্চলিক চিত্র
একটি দেশের অর্থনীতির গভীরতা ও সক্ষমতা পরিমাপের প্রধান নির্দেশক হলো ‘বাজার মূলধন ও জিডিপি অনুপাত’। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে তাল মেলাতে না পেরে দেশের পুঁজিবাজার এখন তলানিতে এসে ঠেকেছে।
২০২০ সালে যেখানে দেশের জিডিপির তুলনায় বাজার মূলধনের অনুপাত ছিল ২৪ শতাংশ; তা ২০২৩-২৪ অর্থবছর শেষে নেমে আসে ১২.২২ শতাংশে এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও সংকুচিত হয়ে ৬ শতাংশ থেকে ৮ শতাংশের ঘরে এসে দাঁড়িয়েছে। এই হার দক্ষিণ এশিয়াসহ সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সর্বশেষ তুলনামূলক অবস্থান:
ভারত (১৪২.০০%): বিনিয়োগকারীদের উচ্চ আস্থা ও শক্তিশালী আইপিও প্রবাহের কারণে ভারতের পুঁজিবাজারের মোট মূলধন দেশের সামগ্রিক জিডিপিকেও ছাড়িয়ে গেছে।
নেপাল (৭৬.০০%): উন্নয়নশীল পাহাড়ি অর্থনীতি হওয়া সত্ত্বেও তাদের পুঁজিবাজারের সম্পৃক্ততা বাংলাদেশের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।
শ্রীলঙ্কা (২৪.৬০%): চরম অর্থনৈতিক দেউলিয়া দশা ও ঋণ পুনর্গঠন প্রক্রিয়া পার করার পরও শ্রীলঙ্কার পুঁজিবাজারের অবস্থান বাংলাদেশের চেয়ে প্রায় ৪ গুণ শক্তিশালী।
পাকিস্তান (১৭.৭০%): উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও তাদের পুঁজিবাজারের অবস্থান বাংলাদেশের চেয়ে অনেক ভালো।
বাংলাদেশ (১১.৬৮%): ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিএসইর বাজার মূলধন অনুপাত মাত্র ১১.৬৮ শতাংশে নেমে এসেছে, যা দেশের বৃহৎ শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারের অকার্যকর অবস্থানকেই নির্দেশ করে।
সংকটের মূল উৎস
পুঁজি কেন শিল্পায়নে যাচ্ছে না? এর অন্যতম কারণ হলো করপোরেট সুশাসনের তীব্র ঘাটতি ও আস্থার চরম সংকট। বিনিয়োগের প্রথম শর্ত হলো ‘আস্থা’। গত দেড় দশকে পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির আর্থিক প্রতিবেদনে যে কৃত্রিম কারসাজি ও উইন্ডো-ড্রেসিং করা হয়েছে, তা নজিরবিহীন। আইপিও’র মাধ্যমে অর্থ তোলার পর বহু কোম্পানি রহস্যজনকভাবে লোকসানি বা নিষ্ক্রিয় হয়ে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা যখন দেখেন যে তাদের কষ্টার্জিত অর্থ উদ্যোক্তাদের লুটপাটের শিকারে পরিণত হচ্ছে, তখন তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের বদলে তাৎক্ষণিক মুনাফা বা জুয়াড়ি মানসিকতায় লিপ্ত হন।
এর পর আমাদের নীতিনির্ধারণী মহলে একটি বড় ব্যর্থতা হলো দুর্বল কর-নীতি,দেশের লাভজনক বহুজাতিক এবং বড় দেশীয় গ্রুপগুলোকে পুঁজিবাজারে আনতে না পারা। বর্তমান কর কাঠামো অনুযায়ী, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান এতটাই কম যে, ভালো কোম্পানিগুলো আইনি কঠোরতা এড়াতে পুঁজিবাজার থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে।
অন্যদিকে কোনো দেশের পুঁজিবাজার কেবল সাধারণ শেয়ার দিয়ে পূর্ণাঙ্গ হতে পারে না। শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণের প্রধান উৎস হওয়ার কথা ছিল করপোরেট বন্ড বা ডেট সিকিউরিটিজ। কিন্তু বাংলাদেশে বন্ডের ইস্যু খরচ অত্যন্ত বেশি, আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সেকেন্ডারি মার্কেটে এর লেনদেন প্রায় শূন্য। বন্ডের মতো শক্তিশালী হাতিয়ারের অনুপস্থিতি বাজারকে পঙ্গু করে রেখেছে।
একই সাথে বিশ্বব্যাপী প্রচলন হলো দীর্ঘমেয়াদি ঋণের জন্য সবাই পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। আর বাংলাদেশে ব্যাংক ঋণের সহজলভ্যতা ও অসম প্রতিযোগিতার কারণে উদ্যোক্তারা পুঁজিবাজারে এসে জবাবদিহিতা করার চেয়ে ব্যাংক থেকে যোগসাজশের মাধ্যমে হাজার কোটি টাকা ঋণ নেওয়া অনেক সহজ। এই ঋণের বড় অংশই পরে আর ব্যাংকে ফেরত যায় না। ব্যাংক খাতের এই “সহজ কিন্তু অনিরাপদ” অর্থায়ন নীতি পুঁজিবাজারের বিকাশকে শ্বাসরোধ করে মেরেছে।
অন্যদিকে এজিএম পার্টি নামে একটি কুচক্রীমহল আছে। যারা বিভিন্নভাবে উদ্যোক্তাদের অপমান করে। ফলে অনেক ভালো কোম্পানি বাজারবিমুখ হয়ে পড়েছে।
সংকট থেকে উত্তরণের উপায় কী হতে পারে?
বাজার ও খাত সংশ্লিষ্টরা মনে করেন এই অবস্থা থেকে উত্তরণ কোনো সাময়িক সংস্কার বা তাৎক্ষণিক মলম দিয়ে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত কাঠামোগত সংস্কার। এর জন্য প্রথম কাজ হতে পারে ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে ঋণের সীমা নির্ধারণ করে দেওয়া। বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে যৌথভাবে একটি নীতিমালা করতে হবে। বড় শিল্প বা অবকাঠামো প্রকল্পের জন্য ব্যাংকগুলো সর্বোচ্চ কত শতাংশ অর্থায়ন করতে পারবে, তার একটি সীমা টেনে দিতে হবে। (যেমন: সর্বোচ্চ ৪০ শতাংশ ব্যাংক এবং ৬০ শতাংশ) মূলধন পুঁজিবাজার (শেয়ার বা বন্ড ইস্যু) থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক করতে হবে। এতে ব্যাংকের ওপর থেকে ঝুঁকি কমবে এবং পুঁজিবাজারে ভালো মানের সিকিউরিটিজ আসবে।
দ্বিতীয় হতে পারে বন্ড মার্কেট চালুর জন্য আমূল সংস্কার ও কর অবকাশ দীর্ঘমেয়াদী করপোরেট বন্ড এবং ইনফ্রাস্ট্রাকচার বন্ডকে জনপ্রিয় করতে হবে। বন্ড ইস্যুর স্ট্যাম্প ডিউটি ও ট্রাস্টি ফি আমূল হ্রাস করতে হবে। নীতিনির্ধারকদের উচিত বন্ড থেকে অর্জিত সুদের ওপর কর সম্পূর্ণ মওকুফ করা, যাতে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ব্যাংকে এফডিআর না করে বন্ডে বিনিয়োগে আগ্রহী হন।
তৃতীয়ত হতে পারে কর হারের যৌক্তিক ব্যবধান। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম ১০% থেকে ১৫%-এ উন্নীত করতে হবে। যদি কোনো বড় করপোরেট গ্রুপ পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়, তবে তাদের ওপর অতিরিক্ত ‘নন-কমপ্লায়েন্স ট্যাক্স’ আরোপ করার মতো সাহসী সিদ্ধান্ত সরকারকে নিতে হবে।
চতুর্থত জবাবদিহিতা নিশ্চিতকরণ ও আইপিও প্রক্রিয়ার অডিট সংস্কার করতে হবে। যাতে দুর্বল ও ভুয়া কোম্পানি যাতে বাজারে আসতে না পারে, সেজন্য বিএসইসি এবং আইসিএবিকে যৌথভাবে কাজ করতে হবে। আইপিও-পূর্ববর্তী নিরীক্ষা বা অডিট রিপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য থার্ড-পার্টি স্বাধীন অডিট প্যানেল নিয়োগ করতে হবে। যদি কোনো অডিটর ভুল বা মিথ্যা আর্থিক প্রতিবেদন সার্টিফাই করে, তবে সেই নিরীক্ষক প্রতিষ্ঠান ও কোম্পানির উদ্যোক্তাদের ফৌজদারি আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরি ও মিউচুয়াল ফান্ডের বিকাশের বিকল্প নেই। আমাদের পুঁজিবাজারের ৮০ শতাংশের বেশি লেনদেন করেন সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা, যারা মূলত গুজবের ওপর নির্ভর করেন। রাষ্ট্রকে নীতি সহায়তার মাধ্যমে পেশাদার মিউচুয়াল ফান্ড এবং পেনশন ফান্ডগুলোকে বাজারে আনতে হবে। বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে অস্থিরতা কমবে এবং বাজার স্থিতিশীল হবে।
খাতসংশ্লিষ্ট, বিশেষজ্ঞ ও নিয়ন্ত্রক সংস্থার মতামত
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের শিল্পায়নের অন্যতম প্রধান অর্থায়নের উৎস হতে পারে পুঁজিবাজার। তবে নীতিগত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে অনেক ভালো কোম্পানি এখনও শেয়ারবাজারে আসতে আগ্রহী নয়। তিনি বলেন, নতুন বিএসইসি কমিশন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এসব জটিলতা দূর হলে আরও বেশি মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি বাজারে আসবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ সহজ হবে।
অর্থনীতিবিদ ড. মাশরুর রিয়াজ বাণিজ্য প্রতিদিনকে বলেন, কার্যকর ও বিশ্বাসযোগ্য পুঁজিবাজার ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়। আস্থা ফিরিয়ে আনতে বাজারে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, করপোরেট গভর্ন্যান্স উন্নয়ন, মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি, বন্ড বাজারের সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের শিল্পায়নকে গতিশীল করতে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে হবে। তালিকাভুক্তি প্রক্রিয়ার জটিলতা ও নীতিগত অনিশ্চয়তা দূর করা গেলে উৎপাদন, প্রযুক্তি, ওষুধ, অবকাঠামো ও সেবাসহ বিভিন্ন খাতের আরও ভালো কোম্পানি বাজারে আসবে। এতে বাজারের গভীরতা, তারল্য ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের শিল্পায়নের জন্য পুঁজিবাজারের বিকল্প নেই। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাজারে স্বচ্ছতা, করপোরেট সুশাসন, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে পুঁজিবাজার শিল্পায়নের প্রধান অর্থায়নের উৎসে পরিণত হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের শিল্পায়নের টেকসই অর্থায়নের অন্যতম প্রধান মাধ্যম হতে পারে পুঁজিবাজার। সে লক্ষ্যেই আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে দ্রুত যোগ্য কোম্পানির আইপিও অনুমোদন, তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর এবং বাজারকে ব্যবসাবান্ধব করতে স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা, করপোরেট গভর্ন্যান্স ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে আরও বেশি মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারমুখী করাই কমিশনের লক্ষ্য।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ
- ১০এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত





পাঠকের মতামত