জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৩১ এএম

সাতক্ষীরার কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বড় ভাই রুহুল আমিন (৩৪)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত ইব্রাহিম ও আহত রুহুল আমিন ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

​স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ইব্রাহিমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো ছুরি দিয়ে দুই ভাইকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তাঁদের একটি সন্তান রয়েছে এবং তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। সামান্য এক বিবাদকে কেন্দ্র করে তাঁর স্বামীকে এভাবে প্রাণ দিতে হবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

​কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা রহমান বলেন, “ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে গভীর ক্ষত ছিল।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—মূল অভিযুক্ত আরিফুল ইসলাম (২৮), তাঁর স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মাতা শাহানারা খাতুন (৫৫)।

​ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...