জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ ২:৫৭ পিএম

নড়াইল জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী শরিফুল ইসলামের ছত্রছায়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক শ্রমিক লীগ নেতা ইব্রাহিম হোসেন লালকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে ছাত্রজনতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল বেকারির গলিতে তাকে হাতেনাতে আটক করে চড়-থাপ্পড় মারে ছাত্রজনতা ও ভুক্তভোগীরা। এরপর ঘটনাস্থল থেকে অভিযুক্ত লালকে আটক করে পুলিশ।

পরে ভুক্তভোগীদের টাকা পরিশোধের জন্য ১০ দিন সময় নির্ধারণ করে স্থানীয় নাজমুস সাকিব আব্বাসের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। অভিযুক্ত লাল নড়াইল জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী শরিফুল ইসলামের ঘনিষ্ঠ অনুসারী।

জানা গেছে, বিভিন্ন সময়ে এনসিপি নেতা পরিচয়ে বিভিন্ন অফিসে ও ঠিকাদারদের নিকট চাঁদা দাবির অভিযোগ রয়েছে লালের বিরুদ্ধে। জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী শরিফুল ইসলামের ছত্রছায়ায় তিনি এসব অপকর্ম করছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। এ বিষয়ে নড়াইল সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল কাদের বলেন, শরিফুল ইসলাম বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনসিপিতে ঢুকিয়ে অপকর্ম করছে। বিভিন্ন জায়গায় প্রতারণা ও চাঁদাবাজি করে অর্থ আত্মসাৎ করছে। বারবার কেন্দ্রে অভিযোগ দেওয়ার পরও এনসিপির কেন্দ্রীয় সংগঠন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শরিফুল কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে চলে।

শহরের পুরাতন বাস টার্মিনাল কাঁচাবাজারের তরকারি ব্যবসায়ী আবু মুসা বলেন, এনসিপি নেতা পরিচয়ে ইব্রাহিম হোসেন লাল আমার দোকান থেকে একটি মাদরাসার কথা বলে বাকিতে বিভিন্ন সময় ১৬ হাজার ৮৫৫ টাকার তরকারি ও বিভিন্ন জিনিস ক্রয় করে। পরে আমাকে দীর্ঘদিন টাকা না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আজ ছাত্রজনতার সহায়তায় আমরা তাকে হাতেনাতে আটক করি।

আরেক ভুক্তভোগী আতাউর রহমান রিপন বলেন, আমার দোকান থেকে এনসিপি নেতা পরিচয়ে ইব্রাহিম হোসেন লাল বিভিন্ন সময়ে ৪ হাজার ১৩০ টাকার মালামাল নেয়। টাকা চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। আজ আমরা তাকে আটক করি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামায়াত নেতা মুফতি মাওলানা আইয়ুব আলী খান বলেন, আমাদের একটা ছেলের দোকান থেকে এই লাল বাকিতে তরকারি নিয়ে টাকা শোধ করে না। আমরা টাকা দিতে বললে সে বলে যে, থানার ছয়জন দারোগা আমার পকেটে থাকে। এজন্য আজ জনগণ তাকে আটক করেছে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাফায়াত উল্লাহ বলেন, চিহ্নিত চোর ও চাঁদাবাজদের দিয়ে এনসিপি নড়াইল জেলা কমিটি করেছে। কেন্দ্রীয় নেতাদের বারবার সতর্ক করা হলেও তারা অগ্রাহ্য করেছে। এজন্য আজ আমরা এনসিপি পরিচয়ে অর্থ আত্মসাতকারী ও চাঁদাবাজদের ধরতে বের হই।

এ বিষয়ে অন্যতম অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, “লালের কাছে টাকা পাবে কিছু। ও পরে দিয়ে দেবে। তবে লালকে এনসিপির কেউ আটক করেনি।” এ সময় চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিছু পাওনাদার আজ লালকে আটক করে পুলিশে দেয়। পরে থানায় মীমাংসা হয়। আগামী ১০ দিনের মধ্যে সে ভুক্তভোগীদের টাকা শোধ করার জন্য সময় নিয়েছে।

এ প্রসঙ্গে এনসিপির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক ফরিদুল হক বলেন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখানে প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তার সাথে আছি। এনসিপিতে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...