জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬ ৯:৩০ পিএম

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য মনোনয়ন ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয়ের ৫৭ জন অভিভাবকের স্বাক্ষর সংবলিত একটি আবেদন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

আবেদনে অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পকেট কমিটি করার জন্য তার পছন্দের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসারকে প্রতিনিধি হিসেবে মনোনয়নের সুপারিশ করেছেন। যিনি অবসরগ্রহণের পর থেকে পরিবারসহ খুলনা শহরে বসবাস করছেন। অথচ বিদ্যালয়ের সন্নিকটে নিয়মিত বসবাসকারী অন্য অবসরপ্রাপ্ত শিক্ষক আগ্রহী থাকলেও তাকে সুকৌশলে বাদ দেয়া হচ্ছে।

আবেদনকারীদের দাবি, বিদ্যালয়ের সার্বক্ষণিক তদারকি, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের স্বার্থে বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করেন তারা।

এ বিষয়ে তারা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আবেদনপত্রের অনুলিপি খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ জুলাই অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মাদ আবুল বাসারও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তার দাবি, তিনি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং ২০২৩ সালে জাকারিয়া শিক্ষা নিকেতন থেকে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) পদ থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু তাকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের পছন্দের আরেক অবসরপ্রাপ্ত শিক্ষককে গোপনে সদস্য করেন। পরবর্তীতে একপর্যায়ে তাকে নিয়ে সমঝোতার জন্য সভা করা হয়। তবে সেই সভায় সমঝোতার মাধ্যমে একক প্রার্থী মনোনীত না হলেও প্রধান শিক্ষক খামখেয়ালী করে আগের শিক্ষকের নাম বহাল রাখেন।

অভিযোগকারী মুহাম্মাদ আবুল বাসার বলেছেন, প্রধান শিক্ষক শুরু থেকেই অনিয়ম করে চলেছেন। তিনি অভিভাবকদের দাবির বিষয় এমনকি নীতিমালার নির্দেশনার তোয়াক্কা না করে খামখেয়ালিভাবে কাজ করছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমি সমঝোতা সভায় অন্য প্রার্থীকে সমর্থন না দিলেও তিনি একক নাম পাঠিয়ে সুপারিশ করেছেন। অভিভাবকদের সমর্থনের বিষয়টি আমলে নিয়ে তাকে চূড়ান্ত করার দাবি জানান মুহাম্মদ আবুল বাসার।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ কামাল তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ক্যাচমেন্ট এলাকার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক থাকলে তাকে নেওয়ার বিষয়ে এটিও স্যার নির্দেশনা দেন। এটিও স্যার আমাদের রিটার্নিং অফিসার, তার নির্দেশনায় প্রথমে ওই শিক্ষককে চূড়ান্ত করা হয়। তবে পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারের নির্দেশনায় আরও দুইজনের আবেদন গ্রহণ করা হয়। তিনজন প্রার্থীকে একত্রে ডেকে সমঝোতার চেষ্টা করা হয়েছিল। আব্দুল ওহাব নামে একজন প্রার্থী আবুল বাসারকে সমর্থন করেন। তবে মুহাম্মাদ আবুল বাসার কাউকে সমর্থন করেন নি। সে হিসেবে পুনরায় প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসারের নাম তালিকাভূক্ত করে রিটার্নিং অফিসারের কাছে সকল ডকুমেন্টস জমা দিয়েছি।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডল বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার জানান, নির্দেশনায় অস্পষ্টতা থাকায় এলাকা থেকে সবাইকে ডেকে মিলেমিশে সুন্দরভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, “নীতিমালা অনুযায়ী ক্যাচমেন্ট এলাকার ভেতর থেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা সরকারি কর্মকর্তা/কর্মচারী নেওয়ার নির্দেশনা রয়েছে। তবে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে কীভাবে চূড়ান্ত করা হবে, সে বিষয়ে নীতিমালায় স্পষ্ট নির্দেশনা নেই। তাই সমঝোতার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ সম্ভব না হলে বিষয়টি লিখিতভাবে পাঠাতে বলা হয়েছে। পরে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...