জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৬:২২ পিএম

কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে মানিকগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রিজার্ভ ট্যাংকের পুকুরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের গাইড ওয়ালের একটি বড় অংশ। প্রায় এক কোটি টাকার প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্রায় ১২ লাখ টাকা ব্যয়ের গাইড ওয়ালের প্রায় অর্ধেক অংশ সাম্প্রতিক টানা বর্ষণে পুকুরে ধসে পড়েছে। এতে পুকুরপাড়ের সড়কের একাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং পৌরবাসীর জন্য নির্মিত একটি বসার বেঞ্চও ধসে গেছে।

জানা গেছে, গত এক বছর ধরে আইইউজিআইপি, এলজিইডি এবং মানিকগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে রিজার্ভ ট্যাংকের পুকুরপাড় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। প্রকল্পের আওতায় নগর ভবন সড়ক থেকে সিআরপির দক্ষিণাংশ, ব্র্যাক অফিস সংলগ্ন সড়ক এবং রিজার্ভ ট্যাংকের পুকুরপাড়ের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পুকুরপাড়ের রাস্তা সংরক্ষণের জন্য নির্মাণ করা হয় গাইড ওয়াল। কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাইড ওয়ালের বড় একটি অংশ ভেঙে পুকুরে ধসে পড়ে। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডির প্রধান কার্যালয়ের কনসালট্যান্ট বিভাগের নকশায় এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এএফডি’র অর্থায়নে বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের আওতায় এই গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। গাইড ওয়াল নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। আর পুরো প্রকল্পের ব্যয় ৯৮ লাখ ৩৪ হাজার ৯৫৮ টাকা। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ারিং–মুস্তাফিজুর রহমান জেভি। প্রকল্পের কাজ গত ২০২৫-এর অক্টোবরের ২৭ তারিখ শুরু হলেও শেষ করার কথা রয়েছে আগামী ২০২৭-এর জানুয়ারির ২০ তারিখ।

গাইড ওয়াল ধসে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা প্রকল্পের নকশাগত ত্রুটিতে।

এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, মানিকগঞ্জের মাটির স্তর অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন। শুরুতেই কাজটি দেখে আমার মনে হয়েছে নকশায় ত্রুটি রয়েছে। এই প্রকল্পের নকশা এলজিইডির প্রধান কার্যালয়ের কনসালট্যান্ট বিভাগ করেছে। ঠিকাদার নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন করেছে। তাই এ ক্ষেত্রে ঠিকাদারের বড় ধরনের কোনো দোষ নেই। মূল সমস্যা নকশাগত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই গাইড ওয়াল ধসে পড়ায় প্রকল্পের গুণগত মান ও পরিকল্পনা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত ভুল চিহ্নিত করাসহ স্থায়ী ও টেকসইভাবে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...