
শেখ আবু তালেব, বাগেরহাট:
বাগেরহাটের ঐতিহ্যবাহী শিল্প খাতগুলোর মধ্যে নারিকেল তেল শিল্প একসময় জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। জেলার বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নারিকেলভিত্তিক অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো এখানকার উৎপাদিত তেল। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্ভাবনাময় শিল্প আজ অস্তিত্ব সংকটে।
সম্প্রতি সরেজমিনে বাগেরহাট বিসিক শিল্পনগরী ঘুরে দেখা যায়, অধিকাংশ নারিকেল তেল মিলের প্রধান ফটক বন্ধ। অনেক কারখানার ভেতরে পড়ে থাকা ভারী যন্ত্রপাতিতে মরিচা ধরেছে। কোথাও কোথাও ভাঙাচোরা ভবন আর আগাছায় ঢেকে যাওয়া আঙিনা জানান দিচ্ছে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার গল্প। হাতে গোনা কয়েকটি মিলে সীমিত পরিসরে কাজ চললেও অধিকাংশই লোকসানের কারণে বন্ধ অথবা বন্ধ হওয়ার পথে।
বিসিক ও শিল্প মালিকদের তথ্যমতে, একসময় এই শিল্পনগরীর ৪০টিরও বেশি নারিকেল তেল মিল সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল। সেখানে দুই হাজারেরও বেশি নারী-পুরুষ শ্রমিক কাজ করতেন। প্রতিদিন ২৫ থেকে ৩০ মেট্রিক টন নারিকেল তেল উৎপাদিত হতো। বাগেরহাটের চাহিদা মিটিয়ে এসব তেল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেট, কুমিল্লা ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।
সংশ্লিষ্টরা বলছেন, ২০০৬ সালের পর বাজারে বিভিন্ন কোম্পানির মোড়কজাত ভোজ্যতেলের ব্যাপক প্রসার ঘটে। একই সময়ে ডাবের চাহিদা বাড়তে থাকায় অনেক কৃষক নারিকেল পরিপক্ক হওয়ার আগেই বিক্রি শুরু করেন। ফলে তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় শুকনো নারিকেলের সংকট তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং নারিকেল গাছের সংখ্যা কমে যাওয়াও উৎপাদন হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
কোকোনাট অয়েল মিল মালিক চয়ন কুন্ডু বলেন, ৫ থেকে ৭ বছর ধরে পর্যাপ্ত নারিকেল পাওয়া যাচ্ছে না। আগে স্থানীয়ভাবে যে পরিমাণ নারিকেল পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাওয়া যায় না। মিল চালু রাখতে অনেক সময় কেরালা ও শ্রীলঙ্কা থেকে নারিকেল আমদানি করতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। বর্তমানে আমাদের মিল আড়াই-তিন মাস পরপর অল্প সময়ের জন্য চালু করা হয়।
শ্রমিক দেলোয়ার শেখ বলেন, আগে এই মিলে ৩০ জন শ্রমিক একসঙ্গে কাজ করত। এখন তিন-চার মাস পর নারিকেল এলে কয়েকদিন কাজ হয়। বাকি সময় অন্যের দিনমজুরি করে সংসার চালাতে হয়। সবসময় কাজও পাওয়া যায় না। অনেক শ্রমিক বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছে।
আরেক মিল মালিক রানা হাওলাদার বলেন, শুধু কাঁচামালের সংকট নয়, শিল্পনগরীতে গত চার বছর ধরে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির তীব্র সংকট চলছে। পানির লাইন নষ্ট হয়ে যাওয়ার পরও কার্যকর সমাধান হয়নি। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ী অরণ্য সাহা বলেন, কিছু রাস্তার উন্নয়ন হলেও এখনো অনেক রাস্তা চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে হাঁটু সমান পানি জমে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। অবকাঠামোগত সমস্যার কারণে নতুন বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছেন।
এদিকে শিল্পনগরীতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ রয়েছে। প্রায় ১৯ দশমিক ৩০ একর জমির ওপর গড়ে ওঠা শিল্পনগরীতে কোনো বাউন্ডারি ওয়াল নেই। ফলে রাতে চুরি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকছে সবসময়।
জানা যায়, ১৯৯৬ সালে ভৈরব নদের তীরে প্রতিষ্ঠিত বাগেরহাট বিসিক শিল্পনগরীতে বর্তমানে ১১৯টি প্লট রয়েছে। এসব প্লটে ৫২টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে নারিকেল তেল শিল্প একসময় সবচেয়ে বড় খাতগুলোর একটি ছিল। তবে বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান নানা সংকটে টিকে থাকার লড়াই করছে।
বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. শরীফ সরদার বলেন, নারিকেলের সংকটের কারণে তেল শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোগত কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। সুপেয় পানির সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, নারিকেল চাষ সম্প্রসারণ, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি সংযোজন, অবকাঠামো উন্নয়ন এবং কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সরকারি উদ্যোগ না নিলে একসময় দক্ষিণাঞ্চলের গর্ব হিসেবে পরিচিত বাগেরহাটের নারিকেল তেল শিল্প পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে। তখন শুধু বন্ধ হবে না শত কোটি টাকার সম্ভাবনাময় একটি শিল্প, হারিয়ে যাবে হাজারো মানুষের জীবিকা ও দীর্ঘদিনের একটি শিল্প ঐতিহ্যও।
টিআর
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত