জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৬ ৮:০৩ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মো. আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা এবং মৃত আমিন মো. আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে নিজ বাড়িতে মো. আয়াছের সঙ্গে তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জুবায়ের তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন মো. আয়াছ।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার দুপুরে তিনি মারা যান।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত জুবায়ের নিহতের বড় ছেলে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “একজন বাবার জীবন তার নিজের সন্তানের হাতে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা জরুরি।”

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...