
দেশের নদী ও মোহনায় একসময় এমন এক কচ্ছপ সাঁতার কাটত, যা দেখতে পেলেই বিস্ময়ে চোখ বড় হয়ে যেত। প্রায় ২৫ থেকে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির কচ্ছপটির নাম বাটাগুর বাসকা। স্থানীয়ভাবে একে “নদীর কাইট্টা কচ্ছপ” নামেও ডাকা হতো। পৃথিবীর সবচেয়ে বিপন্ন কচ্ছপের তালিকায় শীর্ষে থাকা এই প্রজাতি একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।
একসময় সুন্দরবন থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার মোহনা ও নদীগুলোতে এদের বিচরণ ছিল। কিন্তু আজ তাদের অস্তিত্ব নির্ভর করছে হাতে গোনা কয়েক ডজন প্রজননক্ষম প্রাপ্তবয়স্ক কচ্ছপের ওপর। দীর্ঘদিন পর বন বিভাগ ও আন্তর্জাতিক গবেষকদের প্রচেষ্টায় আবারও জীবনের আলো দেখতে শুরু করেছে একসময়কার নদীর এই দৈত্যকচ্ছপটি।
বাটাগুর বাসকা পরিবারভুক্ত বড় আকৃতির এক প্রজাতির কচ্ছপ। পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপের খোলস অপেক্ষাকৃত গাঢ়, আর প্রজনন ঋতুতে মাথা ও গলায় উজ্জ্বল হলুদ, লাল ও কালো রঙের দাগ দেখা যায়, যা স্ত্রী কচ্ছপের ক্ষেত্রে অনুপস্থিত। এছাড়া একটি প্রাপ্তবয়স্ক পুরুষ কচ্ছপের ওজন হয় ১২ থেকে ১৪ কেজি পর্যন্ত, আর স্ত্রী কচ্ছপের ওজন হয় ২৫ থেকে ২৭ কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা সাধারণত নদীর মোহনা, মিঠাপানি, লোনাপানির খাল ও জোয়ারভাটার অঞ্চলে বসবাস করে। স্ত্রী কচ্ছপ বালুময় নদীতটে গর্ত খুঁড়ে ডিম পাড়ে এবং প্রতি প্রজনন মৌসুমে ২০ থেকে ৩৪টি পর্যন্ত ডিম দিতে পারে।
বাটাগুর বাসকা সর্বভুক প্রকৃতির। এরা জলজ উদ্ভিদ, শৈবাল, ফল, শামুক ও ছোট ক্রাস্টাশিয়ান খেয়ে থাকে। নদী ও মোহনার জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় এই প্রজাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের খাদ্যাভ্যাস জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি নিয়ন্ত্রণ করে পানির মান উন্নত রাখে। তাই এদেরকে নদী ও উপকূলীয় বাস্তুতন্ত্রের ‘প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী’ বলা হয়।
একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার–থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই কচ্ছপের বসতি ছিল। তবে নির্বিচারে শিকার, নদীতটে মানুষের দখল, বাসস্থান ধ্বংস, মাছ ধরার জাল ও দূষণের কারণে বাটাগুর বাসকার সংখ্যা ভয়াবহভাবে কমে যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা এই প্রজাতিকে ‘মহাবিপন্ন’ তালিকাভুক্ত করেছে। একসময় পদ্মা, মেঘনা, পায়রা ও সুন্দরবনের নদীগুলোতে নিয়মিত দেখা যেত এই কচ্ছপ। কিন্তু ২০০০ সালের দিকে গবেষকেরা ধারণা করেন, পৃথিবীতে আর বাটাগুর বাসকার কোনো অস্তিত্ব নেই।
২০০৮ সালে কিছু প্রাণীবিজ্ঞানী এই প্রজাতির খোঁজে নেমে পড়েন। সেই অভিযানে নোয়াখালী ও বরিশালের জলাশয়ে আটটি বাটাগুর বাসকা পাওয়া যায়—যার চারটি পুরুষ ও চারটি স্ত্রী। বন বিভাগ তখন সেগুলোকে উদ্ধার করে প্রজননের উদ্দেশ্যে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে যায়। সেখানকার কর্মকর্তারা কচ্ছপগুলোকে নিবিড়ভাবে লালন-পালন ও প্রজননের চেষ্টা শুরু করেন। শুরুতে সাফল্য সীমিত হলেও ২০১৪ সালের মধ্যে গাজীপুর কেন্দ্রে প্রায় ৯৪টি ছানা জন্ম নেয়। এরপর প্রজনন কার্যক্রম আরও জোরদার করার জন্য আটটি কচ্ছপ ও তাদের জন্ম দেওয়া ছানাগুলোকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে স্থানান্তর করা হয়।
করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, এখন পর্যন্ত করমজলে ৫১৯টি ডিম থেকে ৪৩৩টি বাচ্চা ফুটেছে। এছাড়া বর্তমানে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে ৪৫৭টি কচ্ছপ রয়েছে। এ বছর তিনটি বাটাগুর বাসকা মোট ৮২টি ডিম দিয়েছে, তা থেকে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। তিনি আরও জানান, বিশেষ ইনকিউবেশন বালুর নিচে রেখে ডিমগুলো ফোটানো হয়। বাচ্চা কচ্ছপগুলোকে প্রথমে পানির ট্যাংকে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হয়, পরে ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নিতে প্রশিক্ষণ দেওয়া হয়।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের তথ্য অনুযায়ী—২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা হয়। এরপর ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬টি ডিম থেকে ২১টি বাচ্চা, ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা, ২০২০ সালে দুটি কচ্ছপের ৫৬টি ডিম থেকে ৫২টি বাচ্চা, ২০২১ সালে চারটি কচ্ছপের ৯৬টি ডিম থেকে ৭৯টি বাচ্চা, ২০২২ সালে একটি কচ্ছপের ৩৪টি ডিম থেকে ৩৩টি বাচ্চা, ২০২৩ সালে দুটি কচ্ছপের ৫২টি ডিম থেকে ৫২টি বাচ্চা, ২০২৪ সালে তিনটি কচ্ছপের ৫৮টি ডিম থেকে ৪২টি বাচ্চা এবং সর্বশেষ ২০২৫ সালে তিনটি কচ্ছপের ৮২টি ডিম থেকে ৬৫টি বাচ্চা ফোটে।
এছাড়া ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে এই বাচ্চাগুলো থেকে ১০৬টি কচ্ছপ সুন্দরবনের ভেতরের বিভিন্ন পুকুরসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবমুক্ত করা হয়েছে। আরও জানা গেছে, সুন্দরবনের নদী–খালসহ আশপাশের এলাকাগুলোতে বাটাগুর বাসকার কোনো স্ত্রী কচ্ছপ রয়েছে কি না এবং কচ্ছপটির জীবনাচরণ জানতে বিভিন্ন সময় পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ২১টি পুরুষ কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবমুক্ত করা হয়েছে। তবে এতে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি।
বাটাগুর বাসকা কচ্ছপের গড় আয়ু প্রায় ৪০ বছর। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো—এর লিঙ্গ নির্ধারণ করতে দীর্ঘ সময় লাগে। আজাদ কবির জানান, এই প্রজাতির কচ্ছপের লিঙ্গ নিশ্চিতভাবে নির্ধারণ করতে প্রায় ১৮ থেকে ২০ বছর সময় লাগে। বর্তমানে করমজলে ১১টি পুরুষ ও ৪টি স্ত্রী কচ্ছপ শনাক্ত করা গেছে।
বাটাগুর বাসকার সংরক্ষণে এখন কাজ করছে বাংলাদেশ বন বিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং অস্ট্রিয়ার জু ভিয়েনা। এছাড়া যুক্তরাষ্ট্রের টার্টল সারভাইভাল অ্যালায়েন্সও একসময় এই প্রকল্পে যুক্ত ছিল। তবে গত বছর ওই চুক্তি শেষ হওয়ার কারণে তারা বর্তমানে এ কাজে যুক্ত নেই। ২০১৭ সাল থেকে যৌথভাবে এই প্রজাতির কচ্ছপের প্রজনন ও সংরক্ষণ গবেষণা শুরু হয়। বিদেশি বিশেষজ্ঞরা ইনকিউবেশন পদ্ধতি, খাদ্যতালিকা এবং ডিমের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন বলে জানান বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাটাগুর বাসকার পুনর্জীবন বাংলাদেশের সংরক্ষণ ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই সফলতা প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া প্রজাতিকেও ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, কচ্ছপের বাসস্থান পুনরুদ্ধার, শিকার রোধ ও জনসচেতনতা বাড়ানো গেলে একদিন সুন্দরবনের নদীগুলোতে আবারও এই কচ্ছপের অবাধ বিচরণ দেখা যাবে। এছাড়া করমজল প্রজননকেন্দ্রে বর্তমানে ৪৫৭টি কচ্ছপ রয়েছে। তাদের মধ্যে থেকে বাছাইকৃত কচ্ছপগুলোকে ধীরে ধীরে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রজননকেন্দ্রের চারপাশে বালুময় ঘের তৈরি করা হয়েছে, যাতে প্রাপ্তবয়স্ক কচ্ছপগুলো ডিম পাড়ার জন্য নিরাপদ জায়গা পায়।
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, একসময় মনে হয়েছিল এই কচ্ছপ চিরতরে হারিয়ে গেছে। কিন্তু এখন আমরা দেখছি, প্রজনন সম্ভব এবং বাচ্চাগুলো টিকে থাকছে। এটা বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের ইতিহাসে এক নতুন অধ্যায়।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত