আমানতকারীদের সুরক্ষায় বন্ধ হবে ৯ আর্থিক প্রতিষ্ঠান

বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে কে?

জাকির হোসাইন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫ ৩:৪৫ পিএম , আপডেট: ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৫ পিএম

* ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিপূর্ণ ২০ টি
* ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধে গভর্নরের অনুমোদন
* বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানের ৮ টিই পুঁজিবাজারে তালিকাভুক্ত

দেশের আর্থিক খাতের ৯ টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয় আমানতকারীদের সুরক্ষার জন্যই এসব আর্থিক প্রতিষ্ঠান লিকুইডেশন বা বন্ধের প্রক্রিয়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারও এতে সম্মতি দিয়েছেন বলেও জানা যায়। এমন অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশ্লেষকরা বলছেন আমানতকারীদের পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষারও ব্যবস্থা করতে হবে।

বন্ধের প্রেক্ষাপট

২০১৪ সালের পর থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে দুরবস্থার শুরু হয়। মূলত এক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারের হাত ধরে দুরবস্থার সূচনা হয়। এরপর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলতে থাকে লাগামহীন অনিয়ম। মালিকপক্ষ, শীর্ষ নির্বাহী, প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ক্ষমতাবানদের যোগসাজশে লুট করা হয় এসব প্রতিষ্ঠানের অর্থ। ফলে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত বছর শেষে এই খাতের সামগ্রিক লোকসান ছিল ৩ হাজার ৫৫৫ কোটি টাকা। ২০২৩ সালে সব আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৮০৩ কোটি টাকা। দেশে বর্তমান ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২২টি দেশীয় মালিকানাধীন ও ১৩টি দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২০টি প্রতিষ্ঠান কেন বন্ধ করা হবে না জানতে চেয়ে নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠান তাদের ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে। বাকি ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

গভর্নরের অনুমোদন, মিলেছে সরকারের সম্মতিও

সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকে গত ২১ আগস্ট জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া শুরুর বিষয়ে গভর্নর অনুমোদন দিয়েছেন। ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী লাইসেন্স বাতিল করে অবসায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সব তথ্য ব্যাংকের রেজ্যুলেশন বিভাগে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে ৯টি প্রতিষ্ঠান লিকুইডেট করতে সরকার নীতিগতভাবে মতামত দিয়েছে বলেও নিশ্চিত করেছেন।

তালিকায় আছে যেসব প্রতিষ্ঠান

যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার তালিকায় আছে সেগুলো হলো— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপল’স লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

বন্ধের তালিকায় থাকা পুঁজিবাজারের ৮ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা

বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮ টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব প্রতিষ্ঠানের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লোকসান করেছে শেয়ারপ্রতি ৬ টাকা ৬২ পয়সা করে মোট ১৮৮ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে। লোকসানের দিক থেকে ৯ প্রতিষ্ঠানের মধ্যে এটিই সর্বোচ্চ। এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষতি ১৪৫ কোটি ৭৯ লাখ টাকা। তালিকায় থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লোকসান করেছে ১৩৫ কোটি ৩০ লাখ টাকা। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৫৫ কোটি ৮৪ লাখ টাকা লোকসান করেছে। ফারইস্ট ফাইন্যান্সের লোকসান ৫০ কোটি ৮৪ লাখ। শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১০ পয়সা। আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের লোকসান ছিল ৩১ কোটি ৩৯ লাখ টাকা, শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ১২ পয়সা। জিএসপি ফাইন্যান্স লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দেখিয়েছে ৪ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৬ পয়সা।

শেয়ারদরে পতন

এদিকে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে এসব কোম্পানির শেয়ারদরে পতন হয়েছে। গত ১০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে পুঁজিবাজারের তালিকাভুক্ত আটটি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদরে বড় ধরনের পতন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, পতনের হার সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এফএএস ফাইন্যান্সের শেয়ারদর গত ১০ আগস্ট ছিল ২ টাকা ৮০ পয়সা। মঙ্গলবারের লেনদেনে তা কমে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা প্রায় ৪৩ শতাংশ। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির এক মাসে শেয়ারদর ৫ টাকা ৭০ পয়সা থেকে নেমে হয়েছে ৩ টাকা ৯০ পয়সা। দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩২ শতাংশ। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা থেকে নেমেছে ১ টাকা ৯০ পয়সায়। দর কমেছে ৯০ পয়সা বা প্রায় ৩২ শতাংশ। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা প্রায় ৫৩ শতাংশ। জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ। প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর ৪ টাকা ২০ পয়সা থেকে নেমে এসেছে ২ টাকা ৮০ পয়সায়। এতে দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ। পিপল’স লিজিংয়ের শেয়ারদর ২ টাকা থেকে ১ টাকা ৩০ পয়সা, অর্থাৎ দর কমেছে ৭০ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২ টাকা ৮০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সায় নেমেছে অর্থাৎ দর কমেছে ১ টাকা বা প্রায় ৩৬ শতাংশ।

বিনিয়োগকারীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ

৯ টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সংবাদে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ আছে এমন একাধিক বিনিয়োগকারীর সাথে কথা বলেন এই প্রতিবেদক। বিনিয়োগকারীরা জানান, এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কোন সুষ্ঠু সমাধান নয়। তাঁদের দাবি, বাংলাদেশ ব্যাংক পূর্বে বলেছিল যেসব প্রতিষ্ঠান দুর্বল তাদের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। তা না করে হঠাৎ করে বন্ধ করে দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা কোন সমাধান নয়। বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান তাঁরা।

বিশ্লেষকরা যা বলছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য আল-আমিন বলেন, আমানতকারী সুরক্ষা বাংলাদেশ ব্যাংক যদি দেয় সে ক্ষেত্রে বিনয়োগকারীদের সুরক্ষাও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে দিতে হবে। এখন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক লিকুইডেট করার বা ডিলিস্ট করার জন্য যেই তারিখ নির্ধারণ করবে সেই সময়ের রেট অনুযায়ী ক্ষতিপুরণের ব্যবস্থা করলে এটা উভয় দিকের জন্যই ভালো হবে। কারণ প্রতিষ্ঠানগুলাতে তো কোনো অ্যাসেট নাই বা লাইবিলিটির পরিমান অনেক বেশি।

তিনি বলেন, একদিকে যেমন এসব প্রতিষ্ঠান ক্যারি করার দরকার নাই। যেহেতু অ্যাসেট নাই ওই পরিমাণ, এই চিন্তাকে কেন্দ্র করে যেমন এটা করছে, পাশাপাশি বিনিয়োগকারীরা একটা সুরক্ষার দাবি রাখে। কারণ আমানতকারী টাকা দিচ্ছেন আমানতকারীর দোষ নাই, বিনিয়োগকারীরা কোন দোষ করে নাই। তাই সেখানে দুই দিক নিয়ে একসাথে সামানভাবে চিন্তা করতে হবে।

বিএসইসির ব্যক্তব্য

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বাংলাদেশ ব্যাংক যখন কাজগুলো অফিসিয়ালি আমাদেরকে জানাবে আইন অনুযায়ী বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য যত রকম বা যতটুকু করা যায় কমিশন সেই কাজ করবে। আইন অনুযায়ী বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় যতটুকুন করা যায় কমিশন ততদূর যাবে।

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে জানান, অবসায়ন প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। তিনি বলেন, ওখানে যার যা দায়, যার যা প্রাপ্তি ওটা আইন অনুযায়ী প্রদান করা হবে। যেমন যেকোন একটা প্রতিষ্ঠান যখন লিকুইডেশনে চলে যায়, তখন তার যে দায় সে দায়টা কিভাবে পরিশোধ করা হবে এবং কারা আগে পাবে এটা কিন্তু একাউন্টিং ফর্মুলা অনুযায়ী বলা আছে। কার প্রাপ্তি সবার আগে, কার পরে, তারপরে কার এরকম সিরিয়াল করা আছে। সে অনুযায়ী যার যা দায় তা নির্ধারিত হবে। যার যা প্রাপ্তি সেভাবেই পেয়ে যাবে।

বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের নিয়েও চিন্তাভাবনা আছে। টোটাল একটা লিকুইডেশন কর্মকাণ্ড যখন এক্সিকিউশন করা হবে, সেটার মধ্যে ওই লিকুইডেশন পলিসি মানে আইন এবং কোম্পানি আইন উভয় দ্বারা যেভাবে নির্ধারণ করা সেভাবেই বন্টিত হবে।

বিনিয়োগকারীদের বিষয়ে বিএসইসির সাথে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না লিকুইডেশন কাজটা যখন শুরু হবে তখন বিধি মোতাবেক যত স্টেক আছে প্রত্যেকের সাথে নিশ্চয়ই কথা বলা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...

ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে আর্থিক সেবা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা ...

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা ...