

বেসরকারি খাতের শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটি শিকদার পরিবারের কাছে জিম্মি হয়ে পড়ে। বোর্ডে হস্তক্ষেপ করে কথিত ঋণের নামে বের করে নেয় সাধারণ মানুষের রাখা আমানতের টাকা। অনিয়ম-লুটপাটের কারণে এক সময়ের শক্তিশালী ন্যাশনাল ব্যাংকের নাম চলে আসে দুর্বল ব্যাংকের তালিকায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংক খাতেও পরিবর্তন শুরু হয়। ভেঙে দেয়া হয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের ২০ আগস্ট দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুকে চেয়ারম্যান করে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক।
চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর আব্দুল আউয়াল মিন্টু বলেছিলেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদেরকে সময় ও সাপোর্ট দিতে হবে। সাপোর্ট পেলে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে।
পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংককে জামানত ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ছয় হাজার কোটি টাকা ধার দেওয়া হয়। আবার অন্য ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি দিয়ে আরো ৯৮৫ কোটি টাকা ধার নিয়ে দেওয়া হয়। এসব টাকা ধার দেওয়ার মেয়াদ কয়েকবার শেষ হলেও পরিশোধ করতে ব্যর্থ হয়। তারপর কেন্দ্রীয় ব্যাংক কয়েক ধাপে সময় বাড়িয়ে দেয়। এ ছাড়া চলতি হিসাবে ঘাটতি রেখে লেনদেন করার সুযোগ দেওয়া হয়, যার পরিমাণ দুই হাজার ৩৭০ কোটি টাকা। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯ হাজার ৩৫৫ কোটি টাকা ধার নেয় ব্যাংকটি।
এভাবে ১৫ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি ন্যাশনাল ব্যাংকের। বরং দিন দিন আরও অবনতি হচ্ছে। ধারাবাহিকভাবে কমছে আমানত। বেড়েছে খেলাপি ঋণ। এর বিপরীতে প্রভিশন এবং মূলধন ঘাটতিও বেড়েছে।
ন্যাশনাল ব্যাংকের এসব বিষয় জানতে ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।
ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আদিল চৌধুরীর কাছে এ বিষয়ে জানার জন্য তার মোবাইল নম্বরে ফোন দিলেও রিসিভ হয়নি। এমনিক তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেন নি।
ন্যাশনাল ব্যাংকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বাণিজ্য প্রতিদিনকে বলেন, ন্যাশনাল ব্যাংকের বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের নজরে আছে। কেন্দ্রীয় ব্যাংক খোঁজ খবর রাখছে।
তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর শেষে ন্যাশনাল ব্যাংকের আমানতের স্থিতি ছিল ৩৮ হাজার কোটি টাকা। আর চলতি বছরের অক্টোবর শেষে ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আমানত কমেছে ৫ হাজার কোটি টাকা।
এসময় তারা খেলাপি ঋণও নিয়ন্ত্রণে আনতে পারেনি। যেখানে খেলাপি ঋণ কমার কথা ছিল সেখানে উল্টো বেড়ছে।
তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের ঋণ স্থিতি ছিল ৪২ হাজার ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ২৩ হাজার ৭২২ কোটি টাকা, যা মোট ঋণের ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
চলতি বছরের জুন শেষে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ২৮ হাজার ৫৮৯ কোটি টাকা, যা মোট ঋণের ৬৬ দশমিক ২৪ শতাংশ। এই ৯ মাসে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে চার হাজার ৮৬৭ কোটি টাকা। ২০০৯ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র ৩৮৮ কোটি টাকা। ব্যাংকের খেলাপি ঋণ থেকে নগদ আদায়ের অবস্থাও নাজুক। গত ৯ মাসে মাত্র ২৪১ কোটি টাকা নগদ আদায় করতে পেরেছে ব্যাংকটি।
খেলাপি ঋণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বড় ধরনের প্রভিশন ঘাটতিতে রয়েছে ন্যাশনাল ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি ছিল ১৬ হাজার ৮৫৫ কোটি টাকা। ২০২৫ সালের জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬৩১ কোটি টাকা। এ ৯ মাসে ব্যাংকের প্রভিশন ঘাটতি বেড়েছে পাঁচ হাজার ৭৭৬ কোটি টাকা।
তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের মূলধন ঘাটতি ছিল পাঁচ হাজার ৬৪৫ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা বেড়ে হয়েছে আট হাজার ৪৬০ কোটি টাকা। গত ৯ মাসে ব্যাংকটির মূলধন ঘাটতি বেড়েছে দুই হাজার ৮১৫ কোটি টাকা।
বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের (বেশিরভাগই আমানত) চার শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) রাখতে হয়। আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ রাখতে হয় ১৩ শতাংশ। ব্যাংকগুলো এসএলআরের উদ্বৃত্ত সিকিউরিটিজ বন্ধক রেখে ধার নেয়। তবে ন্যাশনাল ব্যাংকের উদ্বৃত্ত সিকিউরিটিজ বেশ আগেই শেষ হয়ে গেছে। পরে এসএলআর সংরক্ষণের সিকিউরিটিজ বন্ধক রেখেও ধার করা হয়েছে।
ব্যাংকটি গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এসএলআর ঘাটতিতে রয়েছে। ওই সময় ঘাটতির পরিমাণ ছিল মাত্র ৪৮ কোটি টাকা। চলতি বছরের ২৫ জুন পর্যন্ত এসএলআর ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১০ কোটি টাকা। অন্যদিকে সিআরআর ঘাটতি বেড়ে হয়েছে এক হাজার ২৫২ কোটি টাকা।
এএ
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত