জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৮:৩০ পিএম

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ (পিপিআইএমএসসি) সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন উত্তীর্ণ হয়েছে। ফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮০ শতাংশ। তিন বিভাগ মিলিয়ে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য এসেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগ থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন জিপিএ-৫, ৬৪ জন ‘এ’, ১৪ জন ‘এ-মাইনাস’ এবং ৭ জন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য। এ বিভাগে ৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একজন জিপিএ-৫, ৩৩ জন ‘এ’, ২১ জন ‘এ-মাইনাস’, ৭ জন ‘বি’ এবং ২ জন ‘সি’ গ্রেড পেয়েছে। বিভাগটির পাসের হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ।

মানবিক বিভাগে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে একজন জিপিএ-৫, ২৯ জন ‘এ’, ১৯ জন ‘এ-মাইনাস’, ৬ জন ‘বি’ এবং ৩ জন ‘সি’ গ্রেড অর্জন করেছে। এ বিভাগে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, অকৃতকার্য তিন শিক্ষার্থীই পুরোনো (অনিয়মিত) পরীক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল প্রতিষ্ঠানের ধারাবাহিক একাডেমিক সাফল্যের চিত্রকে আরও উজ্জ্বল করেছে।

সাফল্যে আনন্দের জোয়ার

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে আনন্দের আবহ তৈরি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ।

শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশই এ সাফল্যের মূল চাবিকাঠি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। মুন্সীগঞ্জ জেলার মধ্যে প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফলের প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত একাডেমিক মনিটরিং, নিবিড় পরিচর্যা, পরীক্ষামুখী প্রস্তুতি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির এবারের ফলাফলও মুন্সীগঞ্জের শিক্ষা অঙ্গনে পিপিআইএমএসসির ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী

চাঁদপুর জেলায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী-রূপকথা সাহা জয়া, নাফিমুল হাসান নিহাল ...

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের সেমিনার দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের তাগিদ

নদী-নালা, খাল-বিল আর দুর্গম চরাঞ্চল পেরিয়ে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কুড়িগ্রামে এখনো বড় ...