নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৫:২৭ পিএম

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্যবিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতকে টেকসই ও অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করতে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে প্রণীত এ মহাপরিকল্পনার ভিত্তিতে পর্যটন খাতে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় পর্যটন নীতিমালা হালনাগাদের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, দেশের পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং নতুন নতুন পর্যটন গন্তব্য চিহ্নিত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম অব্যাহত রয়েছে।

তারেক রহমান বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন ১৩২ দশমিক ৪৪ একর জমিতে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

পর্যটন ও হসপিটালিটি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে কক্সবাজারের মোটেল লাবনী কমপাউন্ডে আন্তর্জাতিক মানের একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও অন্যান্য পর্যটন সুবিধা নির্মাণের প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে। এসব প্রকল্পের ডিমান্ড অ্যাসেসমেন্ট ও মার্কেট স্টাডি মূল্যায়নের কাজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করেছে।

সরকারপ্রধান বলেন, দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত ও তথ্যপ্রাপ্তি সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আধুনিক ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। পর্যটন সংক্রান্ত তথ্য ও প্রচারের সুবিধার্থে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, স্থলবন্দর ও রেলওয়ে স্টেশনগুলোতে উন্নত প্রযুক্তির এলইডি বোর্ড স্থাপন করা হচ্ছে। পর্যটকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনবহুল স্পটগুলোতে বিশেষ ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে, এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে ব্যাপকভাবে সিসি ক্যামেরা সংযোজন করা হচ্ছে। এছাড়া, পর্যটন আকর্ষণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাকরণ এবং বিশ্ব দরবারে দেশের রূপ তুলে ধরতে ভার্চুয়াল ট্যুর প্রস্তুত ও প্রচারের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, পর্যটন খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আকৃষ্ট করার জন্য সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, যেখানে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি পিপিপি-র আওতায় বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইকো-ট্যুরিজম, কমিউনিটি-বেইজড ট্যুরিজম এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের টেকসই বিকাশের পাশাপাশি ডিজিটাল প্রচারণা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ব্র্যান্ডিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন পর্যটন মেলায় অংশগ্রহণ এবং পরিচিতিমূলক ভ্রমণ আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে বিপন্ন করা হচ্ছে।

সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ট্যুর অপারেটর, পর্যটন উদ্যোক্তা, বিনোদন পার্ক কর্মী, আবাসন কর্মী ও পরিবহন কর্মীদের জন্য নিয়মিত বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কমিউনিটি ট্যুরিজম, এথনিক ও ওয়াটার ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, প্রফেশনাল শেফ কোর্স, ফ্রন্ট অফিস, হাউস কিপিং এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের মতো পেশাদার কোর্স নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ট্যুর গাইডকে একটি মর্যাদাপূর্ণ পেশায় রূপান্তরের লক্ষ্যে প্রত্নতাত্ত্বিক, এথনিক ও ইকো-ট্যুরিজম সাইটসমূহের জন্য দক্ষ গাইড তৈরির বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার আওতায় ২০২৬ সালের মে মাসে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক ১০১ জনকে সফলভাবে পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পর্যটন খাতকে আধুনিক, সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি শক্তিশালী শিল্পে পরিণত করতে সরকার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও ...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন ...

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার; কোনো ধরনের গাফিলতির সুযোগ ...

প্রধানমন্ত্রী সারাদেশে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশীয় শ্রমবাজারকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক করতে সারাদেশে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। ...

সংসদ অধিবেশন দেখতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে যাওয়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ...