
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় বাজেটে এ খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত।
সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭ : কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড দেওয়ার লক্ষ্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ অর্থায়নের মাধ্যমে কৃষি উন্নয়নের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
নিজের কৃষি ব্যাংক ও রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গ্রামীণ কৃষিঋণ কর্মসূচি চালু হয়। সে সময় কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা গ্রামীণ অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একইসঙ্গে কৃষিতে যান্ত্রিকীকরণ, পাওয়ার টিলারের প্রসার, খাল খনন এবং চাল রপ্তানির মতো উদ্যোগ কৃষি খাতকে এগিয়ে নিতে সহায়তা করে।
রিজভী বলেন, চলতি বাজেটে কৃষি খাতে বরাদ্দ গত বছরের তুলনায় বাড়লেও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিলে এই বৃদ্ধি খুব বেশি নয়। তার মতে, অর্থনীতিতে কৃষির অবদান বর্তমানে পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকলেও এটি সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। তিনি বলেন, দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ কৃষিকে কেন্দ্র করে হওয়ায় এ খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় বাজেট ১৭ দশমিক ৭ শতাংশ বাড়লেও সেই তুলনায় কৃষি খাতের বরাদ্দের বৃদ্ধি খুব বেশি নয়। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে কৃষি খাতে আরও বরাদ্দ ও নজরদারি প্রয়োজন। অন্যথায় কৃষির কাঙ্ক্ষিত রূপান্তর ব্যাহত হতে পারে।
সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, দেশটি বাংলাদেশ থেকে এক লাখ টন আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে এবার ৩০ হাজার টন নেওয়া হচ্ছে। তিনি বলেন, আলুর মতো কৃষিপণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা গেলে কৃষকের উৎপাদিত পণ্যের বিপণন সহজ হবে এবং অতিরিক্ত উৎপাদন নষ্ট হবে না।
তিনি কৃষি গবেষণার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিপুলসংখ্যক কৃষিবিদ বের হচ্ছেন। তাদের মেধা ও গবেষণার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাতে বিদ্যমান সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।
রিজভী কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলু ছাড়াও অন্যান্য ফল ও সবজি দীর্ঘ সময় সংরক্ষণের প্রযুক্তি দেশে আনা সম্ভব হলে মৌসুমে অতিরিক্ত উৎপাদিত পণ্য নষ্ট হবে না। এ বিষয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর তিনি জোর দেন।
তিনি বলেন, পেঁয়াজ, আদা ও রসুনের মতো পণ্যের উৎপাদন আরও বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। এ জন্য গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাড়াতে হবে।
রিজভী বলেন, ভারী শিল্পের কাঁচামাল দেশে পর্যাপ্ত না থাকলেও কৃষিই বাংলাদেশের প্রধান শিল্পভিত্তি হতে পারে। নিউজিল্যান্ড ও ডেনমার্কের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে এসব দেশ উন্নত হয়েছে। বাংলাদেশেরও কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি বলেন, কৃষি দুর্বল হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি—সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কৃষি খাতে আরও বরাদ্দ, গবেষণা এবং বৈজ্ঞানিক জনবল তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে এবং সদস্যসচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আক্তারুজ্জামান খান, দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস. এম. আকাশ, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ প্রমুখ।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত