নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৬ ৮:৪৫ পিএম , আপডেট: জুন ৮, ২০২৬ ৮:৪৬ পিএম

২০২৪ সালের জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক দুর্ভোগের মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি তিনি। আর সে কারণেই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য নতুন কমিটি নিয়ে আলোচনায় তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সুজন মোল্লার রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৩০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হয়।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিও ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হতে পারে। সেই তালিকায় আলোচিত নামগুলোর অন্যতম সুজন মোল্লা।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, অবরোধ, হরতাল ও কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে পুরান ঢাকা ও ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় সংগঠনকে সক্রিয় রাখতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জুলাই আন্দোলনের সময়ও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত রাখতে কাজ করেন সুজন মোল্লা। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আহত কর্মীদের চিকিৎসা সহায়তা, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন সহকর্মীরা।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। চোখে গুরুতর আঘাত পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার চোখে একাধিক অস্ত্রোপচার করতে হয় এবং বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চোখে একাধিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসা এখনও চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও কয়েকটি ধাপ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সুজন মোল্লার নামও রয়েছে বলে জানিয়েছেন একাধিক নেতাকর্মী। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং ব্যক্তিগত ত্যাগ তাকে নেতৃত্বের জন্য শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে নতুন কমিটিতে কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাদের ওপর আস্থা রাখে, সেটিই এখন দেখার বিষয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...