নিরীক্ষা প্রতিবেদনে আর্থিক সংকট ও অনিয়মের চিত্র
ঝুঁকিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক


চরম সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিককাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বিশাল অঙ্কের প্রভিশন ঘাটতি, দায় ও অনিয়মের ফলে দুর্বল হয়ে পড়েছে ব্যাংকটির আর্থিক কাঠামো। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে ব্যাংকটির। একদিকে যেমন বিভিন্ন সূচকে পিছিয়ে পড়ছে ব্যাংকটি, পাশাপাশি বিশাল অঙ্কের প্রভিশন ও মূলধন ঘাটতি দুর্বল করে দিয়েছে ব্যাংকের আর্থিক কাঠামো। সেইসাথে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে নাজুক অবস্থায় পৌঁছেছে ব্যাংকটি।
ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে নিরীক্ষকের শঙ্কা
নিরীক্ষকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্যক্রম চলমান রাখার সক্ষমতা নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেট রেশিও (সিআরএআর) মাত্র ৪ দশমিক ৯২ শতাংশ, যেখানে নিয়ম অনুযায়ী সর্বনিম্ন প্রয়োজন ছিল ১২ দশমিক ৫০ শতাংশ। নিরীক্ষকদের হিসেবে প্রায় ৫০ হাজার ৯৯৪ কোটি টাকার প্রভিশন রাখলে এ অনুপাত আরও অবনতি হয়ে ব্যাংকের মূলধন আরও অপ্রতুল হবে এবং ঋণাত্মক ৮০ শতাংশে নেমে যাবে।
একই সঙ্গে ব্যাংক তীব্র তারল্য সংকটে রয়েছে। লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর) ২২ দশমিক ৭৫ শতাংশ, যেখানে প্রয়োজন ছিল অন্তত ১০০ শতাংশ। নেট স্টেবল ফান্ডিং রেশিও (এনএসএফআর) ৭১ দশমিক ৮০ শতাংশ এবং ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও (আইডিআর) ১২২ দশমিক ২৫ শতাংশ, যা নির্ধারিত সীমার ৯২ শতাংশের চেয়ে বেশি।
নিরীক্ষক আরও উল্লেখ করেছেন, ব্যাংকের মোট ৬০ হাজার ৯১৫ কোটি টাকার বিনিয়োগের মধ্যে প্রায় ৪৯ হাজার ৪৩৯ কোটি টাকা বা ৮১ শতাংশ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত (Impaired) হিসেবে চিহ্নিত হয়েছে, যা সম্পদের মানের গুরুতর অবনতি নির্দেশ করে। এই পরিস্থিতিতে ব্যাংকটি মূলত বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভর করছে। সব বিষয় মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বেড়েছে এবং ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতায় গুরুতর অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করে নিরীক্ষক।
প্রভিশন ঘাটতি
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ৫০হাজার ৯৯৪ কোটি ৫ লাখ টাকা প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংকটি মাত্র ১ হাজার ৮৯৫ কোটি ৩৪ লাখ টাকার প্রভিশন সংরক্ষণ করেছে। ফলে ব্যাংকটির প্রভিশন ঘাটতি হয়েছে ৪৯ হাজার ৯৮ কোটি ৭১ লাখ টাকা।
এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক একটি চিঠির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে অতিরিক্ত বিধান ছাড়াই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার অনুমতি দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে সঞ্চিতি ঘাটতি (প্রভিশন সংরক্ষণ ঘাটতি এবং মূলধন ঘাটতি) কাটিয়ে ওঠার জন্য সময়সীমাসহ এ বিষয়ে বাস্তব পরিকল্পনা পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে অনুমোদন নিয়ে জমা দিতে বলেছে।
অধীনস্ত দুটি প্রতিষ্ঠানে নিরীক্ষার অভাব, আর্থিক বিবরণী প্রশ্নবিদ্ধ
নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আর্থিক বিবরণী এখনও নিরীক্ষিত হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ পূর্বের পরিচালককে অপসারণ করতে ব্যর্থ হওয়ায় বোর্ড পুনর্গঠন সম্ভব হয়নি। ফলে, নিরীক্ষিত আর্থিক তথ্যের অভাবে এবং সংশ্লিষ্ট অনিশ্চয়তার কারণে, ওই প্রতিষ্ঠানে ব্যাংকের বিনিয়োগের বিপরীতে পূর্ণ প্রভিশন রাখা জরুরি বলে মনে করছেন নিরীক্ষক।
এর পাশাপাশি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল-এর আর্থিক বিবরণীও নিরীক্ষিত হয়নি। প্রতিষ্ঠানটির হিসাব বছরের সময়সীমা জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হলেও, আর্থিক তথ্য অনুবাদের জন্য ডিসেম্বর ২০২৪-এর ডলার থেকে টাকা বিনিময় হার ব্যবহার করা হয়েছে। এই হিসাব বছরের সময়সীমা ও বিনিময় হার প্রয়োগে অসঙ্গতি সমন্বিত আর্থিক বিবরণীর যথার্থতা ও নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও আইটি ব্যবস্থায় দুর্বলতা
বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অন কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) ফিচারস অ্যান্ড কন্ট্রোলস, আইসিটি সিকিউরিটি এবং ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রতিটি ব্যাংকের নিরাপদ আইটি সিস্টেম, স্বয়ংক্রিয় কার্যক্রম এবং নির্ভুল আর্থিক প্রতিবেদন তৈরি ও বিধিবিধান প্রতিপালনে শক্তিশালী আইটি গভর্নেন্স বজায় রাখা বাধ্যতামূলক। তবে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত নিরীক্ষায় গুরুতর ত্রুটি পেয়েছে নিরীক্ষক।
নিরীক্ষায় দেখা যায়, ব্যাংকের (সিআইপিপিএস) সিস্টেমকে প্রভাবিত করে অনুমোদন ছাড়া বিনিয়োগ সীমা বাড়ানো হয়েছে। এতে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল গাইডলাইনস, ২০১০ এর লঙ্ঘন হয়েছে। এর মূল কারণ হিসেবে দুর্বল এক্সেস কন্ট্রোল এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের অভাবকে দায়ী করেছে নিরীক্ষক।
এছাড়া, সিস্টেম-জেনারেটেড এবং শাখা পর্যায়ের ক্লাসিফায়েড লোনের (সিএল) তথ্যের মধ্যে অমিল পাওয়া গেছে। এতে বোঝা যায়, ব্যাংকে অপর্যাপ্ত অটোমেশনের অভাবে ম্যানুয়াল ডেটা ওভাররাইড করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের এমআইএস গাইডলাইনস, ২০১১ এর লঙ্ঘন হয়েছে এবং তথ্যের নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
নিরীক্ষায় আরও উল্লেখ করা হয়, আইটি ও এমআইএস বিভাগের মধ্যে পৃথক দায়িত্ব বন্টন যথাযথভাবে করা হয়নি। পাশাপাশি, অটোমেটেড মনিটরিং ব্যবস্থার ঘাটতি ও সিবিএস তদারকির দুর্বলতা ব্যাংকের কার্যক্রমকে উচ্চ ঝুঁকিতে ফেলছে। এর ফলে আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা ও নিয়ম মেনে চলার (compliance) সক্ষমতা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম
আর্থিক বিবরণীর নোট–৯ অনুযায়ী, ব্যাংকটি তাদের স্থায়ী সম্পদ ব্যবস্থাপনার জন্য একটি ফিক্সড অ্যাসেট রেজিস্টার সংরক্ষণ করছে। তবে এটিকে আরও সঠিকভাবে হালনাগাদ ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করা প্রয়োজন।
অডিট পর্যবেক্ষণে দেখা যায়, ব্যাংকের স্থায়ী সম্পদের বুক ভ্যালু প্রদত্ত মূলধনের ৫৯ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নির্ধারিত সীমার চেয়ে বেশি। যেখানে ২০১৩ সালের ১২ আগস্ট জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং–১৪ তে সর্বোচ্চ ৩০ শতাংশ সীমার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে।
অনিয়মিত বিনিয়োগ, আর্থিক স্থিতি নিয়ে উদ্বেগ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অনিয়মিত বিনিয়োগ (ইরেগুলার ইনভেস্টমেন্ট) বিতরণেও অনিয়ম পেয়েছে নিরীক্ষক। এতে এমন ঋণগ্রহীতাদের পরিচয় ব্যবহার হয়েছে যা বাস্তব গ্রাহকের সঙ্গে মেলেনি। অডিট প্রক্রিয়া ও নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, বিতরণকৃত তহবিলের একটি অংশ অনিয়মের মাধ্যমে ব্যবহৃত হতে পারে বলে মনে করে নিরীক্ষক।
এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিছু ব্যাংক কর্মকর্তার এবং সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে সম্পদ ফ্রিজ করা এবং তদন্ত পরিচালনার মতো আইনানুগ পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক অডিটরদের সহায়তায় একটি ফরেনসিক অডিট এবং বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এর মাধ্যমে তহবিলের গতিপ্রকৃতি অনুসন্ধান ও ব্যাংকটির সম্পদের প্রকৃত মান নির্ণয়ের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এই ঘটনার ফলে ব্যাংকের সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং আর্থিক বিবরণীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, যা সামগ্রিক আর্থিক বিবরণীর নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
আড়াল করা হয়েছে দায় ও ঝুঁকি
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক তার চলমান তদন্ত, আইনি দাবি, নিয়ন্ত্রক সংস্থার জরিমানা এবং সম্ভাব্য খেলাপি সংক্রান্ত সম্ভাব্য দায় (Contingent Liabilities) যথাযথভাবে প্রকাশ করেনি।
বর্তমানে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন এফোর্সমেন্ট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনি কার্যক্রমের অধীনে আছে। এসব প্রক্রিয়া ভবিষ্যতে ব্যাংকটির উপর আর্থিক প্রভাব ফেলতে পারে বলে মনে করে নিরীক্ষক।
এর পাশাপাশি, উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতাদের জন্য প্রদত্ত গ্যারান্টি, লেটার অব ক্রেডিট এবং অন্যান্য ব্যালান্সশিট বহির্ভূত দায় যথাযথভাবে প্রকাশ করা হয়নি। বিশেষ করে, সাধারণ নিয়ন্ত্রণের অধীনে থাকা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে এ ধরনের তথ্য আংশিক বা সম্পূর্ণভাবে লুকানো রয়েছে।
অডিট প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঝুঁকি ও দায়ের পূর্ণাঙ্গ মূল্যায়ন ও স্বচ্ছভাবে প্রকাশ না করা আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান আইএএস ৩৭ এর প্রভিশনস, কন্টিজেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিজেন্ট অ্যাসেটস এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সময়মতো এবং সঠিকভাবে আর্থিক অবস্থা প্রকাশ হলে ব্যাংকের আর্থিক অবস্থা, কার্যক্রম এবং ঝুঁকি প্রকৃতপক্ষে আরও পরিষ্কারভাবে বোঝা যেত।
নিরীক্ষায় দেখা গেছে, ব্যাংক জামানত হিসেবে যেসব সম্পদ প্রদান করেছে, বিশেষ করে জমি তার ঘোষিত মূল্য প্রকৃত ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি। সেইসাথে অনেক ক্ষেত্রে যোগ্য জামানত শুধুমাত্র ঋণের ছোট অংশই পূর্ণ করে। এই ধরনের চর্চা ব্যাংকের জামানত কভারেজকে ভুলভাবে উপস্থাপন করে এবং বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনায় গুরতর দুর্বলতা প্রকাশ করে।
ঋণ বিতরণে সীমা অতিক্রম ও নিয়ন্ত্রণের দুর্বলতা
একাধিক ক্ষেত্রে ব্যাংকটি বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে অনুমোদিত সীমা অতিক্রম করেছে। হেড অফিসের অভ্যন্তরীণ কমিটমেন্ট আইডি (Commitment IDs) ব্যবহার করে অতিরিক্ত অর্থ অনুমোদন করা হয়েছে, অথচ অনুমোদিত ঋণ সুবিধার জন্য কোনো আনুষ্ঠানিক সংশোধনীও করা হয়নি।
নিরীক্ষক জানিয়েছে, আদেশপত্র ছাড়াই বিনিয়োগ বিতরণ সম্পন্ন হয়েছে। এর ফলে ব্যাংকের ঋণ অনুমোদন ও পরিচালন কাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে।
এই ধরনের প্রক্রিয়া ঋণ অনুমোদন ও বিতরণের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এটি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক সংস্থার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিশ্লেষকরা যা বলছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বাণিজ্য প্রতিদিনকে বলেন, অর্থ উপদেষ্টা ব্যাংক খাতের ৮০ শতাংশ মূলধন নিয়ে চলে যাওয়ার কথা বলেছিলেন। এই অবস্থায় শুধুমাত্র নিরীক্ষকের প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংকগুলোর আসল চিত্র বুঝা যাবে না। অনুসন্ধানী নিরীক্ষা বা ফরেনসিক নিরীক্ষা হলে ব্যাংকগুলোর আসল চিত্র বের হয়ে আসবে বলে জানান তিনি।
ব্যাংক কর্তৃপক্ষের ব্যক্তব্য
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমন প্রেক্ষাপটে রূপান্তরযোগ্য সম্পদ ধরে রাখা, বিনিয়োগ পোর্টফোলিও পুনর্গঠন, আমানত সংগ্রহ জোরদার করা এবং স্থিতিশীল তহবিলের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্রভিশন ঘাটতি পূরণের লক্ষ্যে সময়সীসহ একটি কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। এ জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা রোডম্যাপ বাস্তবায়নে কাজ করবে।
ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে মূলধন পুনরুদ্ধার ও প্রভিশন ঘাটতি কমাতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ডেফারেল সুবিধা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ধাপে ধাপে এ সংকট মোকাবিলা সম্ভব হবে বলে আশাবাদী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, অনিশ্চয়তা সত্ত্বেও ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে।
এম জি
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত