নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ ১১:২১ এএম , আপডেট: এপ্রিল ২৯, ২০২৬ ৮:২২ পিএম

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে পরিবহণসহ অন্যান্য খরচ বাড়ায় এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। গতকাল (মঙ্গলবার) দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বাজার মনিটরিং সেলের প্রকাশিত তুলনামূলক প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের ২৮ শে এপ্রিলের (অন্তর্বর্তীকালীন সরকারের আমল) তুলনায় গতাকালের বাজারে চাল, ডাল, ভোজ্যতেল ও সোনালী মুরগীর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে আশার কথা হচ্ছে, নতুন বোরো চাল ও স্থিতিশীল পেঁয়াজ-রসুনের সরবরাহ বাজারে কিছুটা ভারসাম্য ধরে রেখেছে।

এফবিসিসিআই বাজার মনিটরিং সেলের রিপোর্ট সূত্রে, গতকাল ঢাকা মহানগরের কমলাপুর, মৌলভীবাজার, চকবাজার, বাদামতলী, বাবুবাজার, শ্যামবাজার, কাওরান বাজারে মনিটরিং করেছে এফবিসিসিআই বাজার মনিটরিং সেল। এই টিম গতবছরের ২৮ এপ্রিলে বাজারের বিভিন্ন জিনিসের দাম এবং গতকালের (২৮ এপ্রিল, ২০২৬) বাজারের বিভিন্ন জিনিসের দামের তুলনামূলক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে দেখা যাচ্ছে যে, বাজারে বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঘাটতি রয়েছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম খুচরা বাজারে কিছুটা বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত পামঅয়েল তেলের আর্ন্তজাতিক বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। লেবু ও কাচাঁমরিচের দাম কিছুটা কমলেও শসা ও বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে অন্যান্য সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগীর দাম কিছুটা কমলেও সোনালী মুরগীর দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বোরো নতুন চাল বাজারে সরবরাহ থাকায় দাম বৃদ্ধির সম্ভাবনা নাই। আলু, পেয়াঁজ, আদা ও রসুন এর মূল্য স্থিতিশীল রয়েছে। বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। গরম মসলার বাজার স্থিতিশীল রয়েছে তবে এলাচ, আলু বোখরা ও পেস্তাবাদামের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এবছর কোন জিনিসের দাম কত বাড়ল

গতবছরের ২৮ এপ্রিলের (অন্তর্বর্তীকালীন সরকারের আমল) তুলনায় এবছরের ২৮ এপ্রিল যেসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে: সয়াবিন তেল প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা, পাম তেল (খোলা) কেজিতে ৫ টাকা, সয়াবিন তেল (বোতল) প্রতি লিটারে ৬টাকা থেকে ১৬ টাকা, সয়াবিন তেলের বোতলে (৫ লিটার) ৩৩ টাকা থেকে ৫৮ টাকা, আদা প্রতি কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা, মোটা চাল কেজিতে ৫ টাকা, আটাশ চাল কেজিতে ৭ টাকা থেকে ১০ টাকা, পাইজাম চাল কেজিতে ৫ টাকা থেকে ৮ টাকা, মসুর ডাল ছোট দানা কেজিতে ২০ থেকে ২৫ টাকা, প্যাকেট আটা কেজিতে ৫ টাকা, এলাচ কেজিতে ৩০০ টাকা, দারুচিনি কেজিতে ৫০ টাকা, সোনালী মুরগী কেজিতে ৬০ থেকে ৮০ টাকা, বেগুন কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজারে যেসব জিনিসের দাম স্থিতিশীল

ঢাকার বাজারে মিনিকেট চাল, খোলা আটা, লবণ, আলু, ব্রয়লার মুরগী, ডিম ও কাঁচা মরিচের দাম স্থিতিশীল রয়েছে। এফবিসিসিআই রিপোর্ট অনুযায়ী বাজারে এসব জিনিসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

দাম কমেছে যেসব জিনিসের

রিপোর্ট অনুযায়ী গতবছরের ২৮ এপ্রিলের তুলনায় গতকাল দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা, দেশি রসুন কেজিতে ৪০ টাকা থেকে ৬০ টাকা, চায়না রসুন কেজিতে ২০ টাকা থেকে ৪০ টাকা, খোলা চিনি কেজিতে ১৪ টাকা থেকে ১৫ টাকা কমেছে।

ঢাকার বিভিন্ন বাজারে বিভিন্ন জিনিসের পাইকারি দাম

এছাড়াও বাজার মনিটরিং সেলের প্রতিবেদন অনুযায়ী গতকাল ঢাকার শ্যামবাজারে (পাইকারি দর) প্রতিকেজি দেশি পেঁয়াজ ২৫-২৭ টাকা, দেশি রসুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, চায়না রসুন ১১০-১২০ টাকা, আদা প্রতি কেজি ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে। একইদিনে ঢাকার বাবুবাজারের বাদামতলীতে পাইকারি দরে মোটা চাল ৪৫ টাকা, স্বর্না চাল ৪৮ টাকা, মিনিকেট চাল নতুন ৬২-৬৫ টাকা এবং পুরাতন ৬৮-৭০ টাকা, কাটারি নাজিরশাহ চাল ৭০-৭৪ টাকা, পাইজাম ও আটাশ চাল ৪৮ টাকা কেজিদরে বিক্রি হয়েছে। এদিকে চকবাজারে মসুর ডাল ছোট দানা ১৩৫ টাকা (দেশি) এবং ভারতেরটা ১৪৪-১৪৫ টাকা, মসুর ডাল বড় দানা ৮০-৮১ টাকা, খেসারি ডাল ৬৩-৬৫ টাকা, ছোলা ৭৩-৭৫ টাকা এ্যাংকার ৪৭-৪৮ টাকা কেজিতে (পাইকারি দর) বিক্রি হয়েছে। ঢাকার মৌলভীবাজারে পাইকারি দরে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৯ টাকা, খোলা পাম সুপার ১৬৪ টাকা লিটার, খোলা পাম অয়েল ১৫৮ টাকা লিটার এবং চিনি ৯৭ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে।

যা বলছেন ক্রেতারা

রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা গৃহিণী তামান্না আক্তার তানহা বলেন, গত এক বছরে বাজার খরচ অনেক বেড়ে গেছে। আগে যেখানে ৫–৬ হাজার টাকায় মাসের বাজার করা যেত, এখন একই বাজার করতে ৮–৯ হাজার টাকা লাগছে। বিশেষ করে তেল, ডাল আর চালের দাম বাড়ায় পুরো বাজেটটাই এলোমেলো হয়ে গেছে। আগে একবারে বেশি করে কিনে রাখা যেত, এখন সেটা সম্ভব হয় না—অল্প অল্প করে কিনতে হচ্ছে। পরিবারের খাবারের তালিকাতেও পরিবর্তন আনতে হয়েছে, কিছু কিছু পণ্য কম কিনতে হচ্ছে বা বাদ দিতে হচ্ছে। আয় না বাড়লেও খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী জাকির হোসাইন বলেন, চাল-ডালের দাম একটু একটু করে বাড়ছে, কিন্তু মোট খরচে এর প্রভাব অনেক বড়। আয় তো বাড়েনি, তাই হিসাব করে চলতে হচ্ছে।

গৃহিণী মুনিরা শারমীন বলেন, আগে সপ্তাহে দুই-তিন দিন সোনালী মুরগি কিনতাম, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ায় সেটা কমিয়ে সপ্তাহে এক দিন বা কখনও দুই সপ্তাহে এক দিন কিনতে হচ্ছে। শুধু মুরগি নয়, বাজারের প্রায় সব পণ্যের দামই বেড়েছে তেল, ডাল, সবজি সবকিছুর খরচই আগের চেয়ে বেশি। ফলে পরিবারের প্রোটিনের চাহিদা মেটানোও এখন হিসাব করে করতে হয়। আগে যেভাবে খোলা হাতে বাজার করা যেত, এখন প্রতিটি জিনিসের দাম দেখে কিনতে হচ্ছে। মাস শেষে বাজেট ঠিক রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে, অনেক সময় অন্য খরচ কাটছাঁট করে বাজার সামলাতে হচ্ছে।

ব্যবসায়ী-বাজার সংশ্লিষ্টরা যা বলছেন

রাজধানীর শ্যামবাজারের একজন পাইকারি ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম প্রতিদিনই একটু একটু করে পরিবর্তন হচ্ছে। বিশেষ করে তেল, ডাল ও মসলাজাতীয় পণ্যে খরচ বেশি পড়ছে। পরিবহন খরচও আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব খুচরা দামে যাচ্ছে।

কাওরান বাজারের একজন খুচরা ব্যবসায়ী বলেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক ক্ষেত্রে ঠিক থাকলেও আন্তর্জাতিক দামের প্রভাব এড়ানো যাচ্ছে না। আমরা খুচরা পর্যায়ে খুব বেশি মুনাফা রাখছি না, কিন্তু কেনা দামের চাপের কারণে বিক্রিও কঠিন হয়ে যাচ্ছে।

বাজার বিশ্লেষক তৌফিকুর রহমান বলেন, নতুন বোরো চাল বাজারে আসায় চালের বাজার কিছুটা স্থিতিশীল আছে, তবে তেল ও ডালের বাজার এখনও চাপের মধ্যে রয়েছে। আমদানি খরচ কমলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

অর্থনীতিবিদদের মতে, নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো জরুরি। বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে শুল্ক, পরিবহন ব্যয় এবং ডলারের দামের প্রভাব কমাতে নীতিগত সমন্বয় প্রয়োজন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বিএফআইইউ প্রধান শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ...

পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই ...

পোশাক খাতে নগদ সহায়তা ৩.৫০ শতাংশ বাড়াল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতের জন্য নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ১ ...

সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের সর্বশেষ হিসাব ও তা পুনরুদ্ধারে সরকারের নেওয়া নানা পদক্ষেপের তথ্য জাতীয় ...

পাটমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্পসম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বন্ধ শিল্পকারখানায় ...