বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬ ১০:০৩ পিএম , আপডেট: এপ্রিল ৯, ২০২৬ ৬:০৫ পিএম

উচ্চ খেলাপি ঋণের সাথে ব্যাংক খাতে পাল্লা দিয়ে বাড়ছে মূলধন ঘাটতিও। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঋণের নামে ব্যাংক থেকে লুট করে নেয়া আর ফেরত না আসার কারণেই মূলত ব্যাংক খাতে এই মূলধন ঘাটতি বাড়ছে। মাত্র তিন মাসের ব্যবধানে (জুলাই-সেপ্টেম্বর-২০২৫) ২৩টি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ২৪টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা কমে ২৪ থেকে ২৩ হয়েছে। তবে মূলধন ঘাটতি বেড়ে দ্বিগুণ হয়েছে। সেপ্টেম্বর শেষে ২৩টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে মূলধন ঘাটতি বেড়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা।

তথ্য মতে, ব্যাংকিং খাতের আর্থিক সক্ষমতা মাপার প্রধান সূচক মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত (সিআরএআর) গত সেপ্টেম্বরের শেষে কমে ঋণাত্মক ২.৯০ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, ব্যাংকগুলোকে কমপক্ষে ১২.৫ শতাংশ সিআরএআর বজায় রাখতে হয়। এর বিপরীতে ২০২৫ সালের জুন শেষে এই খাতের সামগ্রিক সিআরএআর ছিল ৪.৪৭ শতাংশ।

সিআরএআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, গত সরকারের সময় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে বের করে নেওয়া হয়। এসব ঋণ তখন খেলাপি হলেও খেলাপি দেখানো হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লুকানো খেলাপি সামনে নিয়ে আসে। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে। বর্তমানে খেলাপি ঋণের অঙ্ক সাড়ে ৫ লাখ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বিপরীতে চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক, যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মূলধন সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঘাটতি দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৯৮ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, যার পরিমাণ ১৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপরে অগ্রণী ব্যাংকের ৮ হাজার ১২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৫ হাজার ৬৫৫ কোটি টাকা ও বেসিক ব্যাংকের ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।

এদিকে গত সেপ্টেম্বর পর্যন্ত নয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মোট মূলধন ঘাটতি রেকর্ড করা হয়েছে ৩৬ হাজার ৬০৭ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। এ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫১ কোটি টাকা। এছাড়া এবি ব্যাংকের ঘাটতি ৭ হাজার ২০৫ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ৫ হাজার ৮৩৭ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৪ হাজার ৭৩৩ কোটি টাকা ও আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি ৪ হাজার ৪৫৫ কোটি টাকা।

ব্যাংকিং খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ইসলামী ধারার ব্যাংকগুলোতে। গত সেপ্টম্বর শেষে এ খাতের ব্যাংকগুলোর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১.৭৫ লাখ কোটি টাকা।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। সেপ্টেম্বর শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইউনিয়ন ব্যাংকের—২৭ হাজার ১০৩ কোটি টাকা।
অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মূলধন ঘাটতি ২২ হাজার ৯৮২ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ২২ হাজার ৬২৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২২ হাজার ১১৪ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৩ হাজার ৭৫৮ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের ২ হাজার ১২ কোটি টাকা ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঘাটতি ১৩৮ কোটি টাকা।

দুই বিশেষায়িত ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩২ হাজার কোটি টাকা।

বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের। সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৩ কোটি টাকা।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ও শৃঙ্খলামূলক মামলা দুই মাসের মধ্যে ...

খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা

রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার অর্থায়ন আরও সুশৃঙ্খল করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ...

ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা ...