
ভোলা জেলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ডজনখানেক নেতাকে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে তথা ধানের শীষের প্রচারণা করতে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন জেগেছে যে, তারা কি ভয়ে বিএনপির প্রচারণায় নেমেছে নাকি লোভে?
তাদেরই একজন টবগী ইউনিয়নের বিএনপির পরিচিত মুখ সরোয়ার হাওলাদার। তিনি ২০১৭ সালের এক দুপুরে আওয়ামী লীগের মঞ্চে উঠে দলটিতে যোগদান করেন। সেদিন তিনি শুধু যোগদানই করেননি বরং রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে উদ্দেশ্য করে খুবই বাজে মন্তব্য করেন। সেই মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়েও রুচিহীন মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় পুরো টবগী ইউনিয়ন বিএনপির মধ্যে হতাশার ছাপ পড়ে। যারা তখনও ত্যাগী বিএনপি কর্মী ছিলেন, তাদের নানা সময়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতেন সরোয়ার হাওলাদার। সেই সরোয়ার হাওলাদারই ২০২৪ সালের পরিবর্তনের পর বিএনপির সঙ্গে ঘেঁষতে শুরু করেন। হঠাৎ করে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাফিজ ইব্রাহিমের উঠান বৈঠকেও উপস্থিত হয়ে ভোট চাওয়া শুরু করেন।
গত সপ্তাহে বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের এক উঠান বৈঠকে সরোয়ার হাওলাদার বলেন, আমি নিজের স্বার্থেই আওয়ামী লীগে যোগদান করেছি। আমি আওয়ামী লীগে যোগদান না করলে হাইস্কুলের প্রধান শিক্ষক হতে পারতাম না। যোগদানের আগে হাফিজ ইব্রাহিমের সঙ্গে আলাপ করেই করেছি—নেতা আমাকে বলেছেন, তোর যেটা ভালো সেটা কর।
তিনি ওই উঠান বৈঠকে উপস্থিত বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমাকে কিছু দিতে পারলে পারবে হাফিজ ইব্রাহিম। সেজন্য আমি রফেজ হাওলাদার ও খোকন হাওলাদারের মাধ্যমে না গিয়ে এমপির সঙ্গে সরাসরি যোগাযোগ করছি।
এ সময় তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজির কারণে দলটির পতন হয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের এমন পরিস্থিতি কেউ জানত? আওয়ামী লীগের ওপর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব পড়েছে।
সরোয়ার হাওলাদারের এমন বক্তব্যের পর একদিকে যেমন বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, অপরদিকে আওয়ামী লীগের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন—আবার সুযোগ পেলে বোরহানউদ্দিনে আওয়ামী লীগ নেতা মুকুলের বাসায় কিভাবে উপস্থিত হন, সেটাও সবাই দেখবে বলে এমন কিছু ছাত্রলীগ নেতা ক্ষোভ প্রকাশ করেছে।
শুধু সরোয়ার হাওলাদার নন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিতে ঘেঁষেছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ডজনখানেক নেতাকর্মী। তারা কাগজে-কলমে বিএনপিতে যোগদান না করলেও বিএনপির বিভিন্ন উঠান বৈঠকে উপস্থিত হয়ে সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এতে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে—নতুন করে বিএনপিতে আওয়ামী লীগের নেতাদের যাওয়া কি ভয়, নাকি লোভ থেকে?
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাদা মিয়া তালুকদার দেউলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তাকেও দেখা গেছে বিএনপির ধানের শীষের উঠান বৈঠকে উপস্থিত হয়ে ভোট চাইতে।এ সময় তিনি সূরা বাকারা থেকে একটি আয়াত তিলাওয়াত করে তার বাংলা অনুবাদও করেন।
তার এমন বক্তব্যের পর পুরো উপজেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে উদ্দেশ করে দালাল, দুই মুখো, পল্টিবাজসহ নানা ধরনের মন্তব্য করেন।
এছাড়া বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জসিম হাওলাদার ছোটবেলা থেকেই ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের সমর্থনেই টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাকেও গতকাল বৃহস্পতিবার বিএনপির এক উঠান বৈঠকে দেখা যায়।
বিএনপির আয়োজিত ওই উঠান বৈঠকে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে উপস্থিত হবেন এবং আলহাজ হাফিজ ইব্রাহিমকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বিএনপির বৈঠকে উপস্থিত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বাধ্য হয়ে এই বৈঠকে উপস্থিত হয়েছি। জানিনা আগামীতে কোন দল ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপির সভায় না গেলে সামনে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে আমাদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হবে। সেই বিবেচনায় উপস্থিত হতে হয়েছে।
সর্বশেষ বিএনপির সভায় গিয়ে যুক্ত হয়েছেন কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রব কাজী। কুঞ্জিরহাট বাজারে তার ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। তিনিও বিএনপির উঠান বৈঠকে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।
ছাত্রদলের নেতা আসিফ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, যার বিএনপিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালিতে এক নারী ধর্ষণের শিকার হয়েছিল, সেই আওয়ামী লীগ যদি বিএনপির মিছিল বা মিটিংয়ে যায়—তাহলে সেই আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেবে, এটা বিশ্বাস হয় না।
অন্যদিকে ছাত্রলীগের নেতা আল-আমিন মির্ধা বলেন, আপনাদের এত জনপ্রিয়তা, এত ভোট থাকলে আওয়ামী লীগের কাছে ভোট চাইতে হয় কেন? কেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে ভোট চাইতে হয়?
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের এক সহ-সভাপতি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমাদের আওয়ামী লীগের কোনো নেতা এলাকায় নেই। এরপর থেকে আমাদের অনেক কর্মীর মোটরসাইকেল বিএনপির কর্মীরা নিয়ে নিয়েছে। তাদের ব্যবসা-বাণিজ্য নামমাত্র চলছে। অনেককে বৈঠকে উপস্থিত হতে বাধ্য করা হয়েছে। যারা আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং কর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে, তাদের কোনোভাবেই আওয়ামী লীগের ভোট পাওয়ার সুযোগ নেই।
বিএইচ
- ১পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ জুলাই
- ২পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ৩আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা
- ৫মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় আহত ২
- ৬ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭ইউনিলিভার কনজুমারের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ১০যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ১নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ২১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৩বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৪জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৫চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৬রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৭মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত