পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশনের নোট ভারবাল

ভারতীয় কোম্পানির ৫৪ লাখ টাকার বিমা দাবি দিচ্ছে না বিজিআইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫ ৭:৪০ পিএম , আপডেট: আগস্ট ৮, ২০২৫ ৭:৪১ পিএম

ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজের বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির নিকট বকেয়া ৫৪ লাখ টাকা বিমা দাবি নিষ্পত্তির বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে। ভিআইপি ইন্ডাস্ট্রিজ মোংলা বন্দরে অবস্থিত শতভাগ রপ্তানিকারক ভারতীয় বিনিয়োগকারী ভোগ্যপণ্যের একটি প্রতিষ্ঠান।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে টাকা পরিশোধে বিমা খাত নিয়ন্ত্রক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি বছরের গত ৪ জুলাই ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে বিমা দাবি জরুরীভিত্তিতে পরিশোধের অনুরোধ জানায় ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। কিন্তু গত ১০ জুলাই এ বিষয়ে বিমা কোম্পানিটি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিমা দাবি নিষ্পত্তির জন্য নোট ভারবাল পাঠিয়ে সহযোগিতা চেয়ে চিঠি দেন।

পরবর্তীতে গত ২৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব মোঃ রহমত আলী স্বাক্ষরিত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে চিঠি প্রেরণ করে। একইসাথে গত ২৬ জুন মোংলা ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের বিমা দাবি নিষ্পত্তি ত্বরান্বিত করার লক্ষ্যে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পৃথক আরও একটি চিঠি পাঠায়।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চিঠি থেকে জানা যায় , ২০২৩ সালের ৩১ জানুয়ারী মোংলা ইপিজেডে অবস্থিত ভিআইপি প্রাইভেট কোম্পানিটির ফ্যাক্টরি ভবনে একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে শিল্প প্রতিষ্ঠানটির অবকাঠামো, যন্ত্রপাতি, কাঁচামাল এবং তৈরি পণ্যের ব্যাপক ক্ষতি হয়। অতঃপর সাধারণ বীমা কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নিকট বীমা দাবি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বিদেশী কোম্পানিটি। তবে অগ্নিকান্ডের দুই বছরের অধিক সময় পেরিয়ে গেলেও সম্পূর্ণ বিমা দাবি নিষ্পত্তিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি বেসরকারি নন-লাইফ বিমা প্রতিষ্ঠানটি।

উভয় কোম্পানির যৌথ জরিপ প্রতিবেদন অনুযায়ী, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মোট ক্ষতির পরিমাণ ৬৮ কোটি ৬১ লক্ষ ৮২ হাজার ৬৭৬ টাকা। তবে প্রতিষ্ঠানটির অনুকূলে বর্তমানে ১১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে অবশিষ্ট ৫৪ কোটি ২৯ লক্ষ ২৭ হাজার ২৮৩ কোটি বিমা দাবির টাকা বকেয়া রয়েছে।

বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন, যেকোনো বাণিজ্যিক সমস্যা প্রথমে আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে সমাধান করা উচিত। একটি বাণিজ্যিক বিবাদ যখন কূটনৈতিক পর্যায়ে পৌঁছায়, তখন তা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এতে মনে হতে পারে যে দেশীয় আইন ও বিচার ব্যবস্থা দুর্বল অথবা অকার্যকর। এক্ষেত্রে আইডিআরএ ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় ভিআইপি ইন্ডাস্ট্রিজের মতো বিদেশি প্রতিষ্ঠানের বিমা দাবি নিষ্পত্তিতে বিমা কোম্পানিগুলোকে দায়ীত্বশীলতার পরিচয় দিতে হবে। এমন ঘটনা যেন না ঘটে সেজন্য আর্থিক খাত সংশ্লিষ্ট অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে আরও শক্তিশালী করার তাগিদ দেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

এ বিষয়ে আইডিআরএ মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, আইডিআরএ এর পক্ষ থেকে বিদেশি কোম্পানি ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের বিমা দাবি পরিশোধ না করায় বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন বিমা প্রতিষ্ঠানটির দেওয়া ব্যাখ্যার ওপর আইডিআরএ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় মোংলা ইপিজেডে ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ভিআইপি- ১ ব্যাগ কারখানায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছিল। তৎকালীন সময়ে কারখানাটির ১৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে থানায় সাধারণ ডায়েরি করে কোম্পানি কর্তৃপক্ষ।

এএ

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...