নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬ ৪:৪১ পিএম , আপডেট: জুন ২৮, ২০২৬ ৪:৪৪ পিএম

নন-লাইফ বীমা খাতের রিইন্স্যুরেন্স প্রিমিয়াম ও কমিশনের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আরোপ আন্তর্জাতিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। তিনি বলেন, হঠাৎ করেই এক প্রকার জোরপূর্বক এই ভ্যাট দাবি করা হচ্ছে, যা নিয়ে কোম্পানিগুলো এখন রিট করতে বাধ্য হয়েছে। দ্রুত এর যৌক্তিক সমাধান না হলে আল্টিমেটলি বীমা কোম্পানিগুলোই চরম ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের হোটেল একাত্তরে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বীমা খাতের একাধিক নীতিগত ও কাঠামোগত সংকট তুলে ধরেন। সাধারণ ও জীবন বীমা—উভয় খাতের সমস্যা সুনির্দিষ্ট করে বলেন, সাধারণ বীমা বা নন-লাইফের মূল সংকট এখন রিইন্স্যুরেন্স রিলেটেড। সাধারণ বীমা কর্পোরেশনের কাছে প্রিমিয়াম দিলে তার ওপর হঠাৎ ভ্যাট চার্জ করা হচ্ছে। অথচ আন্তর্জাতিক প্র্যাকটিস অনুযায়ী, প্রিমিয়ামের একটা অংশ যখন অন্য কোথাও সিড করা হয়, তার ওপর ভ্যাট আরোপের সুযোগ নেই। একইভাবে রিইন্স্যুরেন্স কমিশনের ওপরও ভ্যাট দাবি করা হচ্ছে, যা অবাস্তব।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে লাইফ ইন্স্যুরেন্সে পলিসি হোল্ডারদের বোনাসের ওপর অগ্রিম আয়কর (এআইটি) কাটার নিয়ম করা হয়েছে। অথচ এই গ্রাহকদের ৯০ শতাংশই সাধারণ কৃষক বা মধ্যবিত্ত, যারা কর সীমার মধ্যেই পড়েন না। ব্যাংকের সুদের সাথে বীমার বোনাসকে এক করে দেখা নৈতিকভাবে ঠিক নয়। এতে গ্রাহকরা বোনাস কম পাচ্ছেন, যা এই খাতের প্রতি আস্থা কমাচ্ছে।

এসময় তিনি বলেন, ২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় একসঙ্গে ১৩টি লাইফ বীমা কোম্পানিকে লাইসেন্স দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না। কোম্পানিগুলোর সক্ষমতা ও নিয়ন্ত্রণ-কাঠামো না দেখেই তখন ঢালাও অনুমোদন দেওয়া হয়। এই লাইসেন্সগুলো ধাপে ধাপে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে দেওয়া উচিত ছিল।

আইডিআরএ-এর ভূমিকা ও ব্যাংক জট

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর বিগত ১৪-১৫ বছরের ভূমিকার সমালোচনা ও প্রশংসা করে তিনি বলেন, আইডিআরএ গঠনের পর কিছু উপকার হলেও অনেক অপকারও হয়েছে। তবে বর্তমান চেয়ারম্যানের প্রশংসা করে তিনি বলেন, “চেয়ারম্যান সাহেব বলেছেন তিনি ৬০% অপারেট এবং ৪০% রেগুলেট করবেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে ওনাকে ৭০% সাপোর্ট বা কো-অপারেশন নিয়ে এগিয়ে আসতে হবে।”

পাশাপাশি, বেশ কয়েকটি ইসলামী ব্যাংকে বীমা কোম্পানিগুলোর বিশাল অংকের ফান্ড বা ক্লেইমের টাকা আটকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গ্রাহকদের ক্লেইম পরিশোধের স্বার্থে সরাসরি ওইসব ব্যাংক থেকে যেন পলিসি হোল্ডারদের ক্লেইমের চেক অনার করা হয়, সে ব্যাপারে আইডিআরএ-এর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের রিপোর্টার মনির হোসেন। অনুষ্ঠানে দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও আইআরএফ’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী ইন্স্যুরেন্সের এমডি এসএম নুরুজ্জামান।

এএ

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...

সন্দেহজনক লেনদেন ৭৪ শতাংশ বেড়েছে, ৯৫ শতাংশ‌ই ব্যাংকের মাধ্যমে

দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ...