

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর) চালুর প্রস্তাব রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমানে প্রচলিত ‘একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রথম আসন লাভকারী’ (ফার্স্ট পোস্ট দ্যা পোস্ট) পদ্ধতিতে ভোটের প্রকৃত প্রতিফলন হয় না—এমন দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি তুলেছে। অন্যদিকে, বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোসহ একাধিক দল প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এমন অবস্থানে রাজনৈতিক সমঝোতা অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
বিএনপি বলছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও নির্বাচনী সংস্কৃতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির উপযোগী নয়। দলটির দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যদি ঝুলন্ত পার্লামেন্ট হয়, তাহলে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। এই পদ্ধতি চালু হলে জনগণ তাদের সরাসরি প্রতিনিধিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ভোটার উপস্থিতি কমে যেতে পারে এবং অস্থিতিশীল সংসদ গঠনের ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। বাংলাদেশের ভোটাররা এমন প্রার্থীকেই ভোট দিতে পছন্দ করেন যাকে তারা নিজ এলাকায় চেনেন ও জানেন, শুধুমাত্র রাজনৈতিক দলকে নয়। কিন্তু পিআর পদ্ধতিতে দেখা যেতে পারে, একটি দল যদি কোনো অঞ্চলে বেশি ভোটও পায়, তবুও ওই এলাকার বাইরের কেউ নির্বাচিত হতে পারে। এটি জনগণের পছন্দের প্রতিফলন না। ফলে ভোটারদের উৎসাহ কমে যেতে পারে এবং গণতন্ত্র দুর্বল হয়ে পড়তে পারে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি ইসলামি দল সংসদে ভোটের অনুপাতে আসনের দাবিতে বেশ সরব রয়েছে। বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশে এসব দলের শীর্ষ নেতারা নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে জোরালো বক্তব্য রাখছেন।
তাদের দাবি, পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদ বন্ধ হবে, কালো টাকার প্রভাব এবং মাসল পাওয়ার-নির্ভর রাজনীতি বন্ধ হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি গুণগত মানসম্পন্ন সংসদ উপহার দেওয়া সম্ভব।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাণিজ্য প্রতিদিনকে বলেন, পিআরটা একটা নির্বাচনের পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে সেটা আছে কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের উপমহাদেশের যে রাজনীতি বা গণতন্ত্রের যে চর্চা, ভোটের যে চর্চা সেটার সাথে এই উপমহাদেশের জনগণ পিআর পদ্ধতির সাথে সম্পর্কিত না বা পরিচিত না। আমাদের বাংলাদেশের জনগণ তো আরো বেশি পরিচিত না। বাংলাদেশের জনগণ সরাসরি প্রার্থী দেখে, মার্কা দেখে তারা ভোট দিতে চায়। শুধু মার্কা দেখে ভোট দেওয়ার সিস্টেম বাংলাদেশে চালু হলে সেখানে জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে। এখানে দলের প্রার্থীকে কেন্দ্র করেই বেসিক্যালি ভোটের একটা আবহ, আবেগ, উৎচ্ছ্বাসের তৈরি হয়। তো শুধু মার্কাকে কেন্দ্র করে সেটা হয় না। মার্কার সাথে প্রার্থীদেরও পরিচিতি এবং তাদের গ্রহণযোগ্যতার ব্যাপারও থাকে। কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে উনি কাকে ভোট দিচ্ছেন কাকে তিনি নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পছন্দ করেন সেটা তাকে জানতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের সেই জনপ্রতিনিধি নির্বাচনের যে স্বাধীনতা বা তার যে অধিকার সেটাকে খর্ব করা হয় এবং একই সাথে সেখানে দলীয় কর্তৃত্ববাদ এবং এখান থেকেই ফ্যাসিবাদ বা সৈরাচারের জন্ম নেয়। কারণ সেখানে আপনার জনগণের সাথে কোন তার প্রতিনিধি নির্বাচনে জনগণের কোন ভূমিকা থাকে না। ছোট ছোট রাজনৈতিক কয়েকটি রাজনৈতিক দল যাদের সে ধরনের প্রার্থী নাই কিংবা প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থায় তারা বিজয়ী হতে পারবে না। সেই কারণে তারা পিআরের ধোয়া তুলে বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট তৈরি করে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে একেবারেই একটা অসম্ভব ব্যাপার।
শেষ পর্যন্ত জামায়াত পিআর ইস্যু জামায়াতে ইসলামী অবস্থান পরিবর্তন করবে কি না জানতে চাইলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী বাণিজ্য প্রতিদিনকে বলেন, না আমরা তো পিআরের পক্ষে, শেষ পর্যন্ত এটার পক্ষেই থাকবো। তিনি বলেন, আমরা চেষ্টা করব সবাই এটা যেন গ্রহণ করে। এ জন্য সবাইকে বুঝানোর চেষ্টা করছি। আমরা সবাইকে বুঝলে বুঝার পরে সবাই একমত হতেও পারে, না হলে আমাদের দাবির উপরে আমরা থাকবো।
সংস্কার ইস্যুতে বিভিন্ন দাবিকে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে আপনারা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না ওটা তাদের ব্যাপার। কেন তারা ষড়যন্ত্র বিচার হয়েছে সেটা তারা বলতে পারে। কিন্তু আমাদের কথা হল যে আমরা সংস্কার চাই। দিনের ভোট রাইতে হয় এমন তো চলতে পারে না। আন্দোলন করে এত জীবন দিয়ে তাহলে কী লাভ হল। কাজেই এগুলো যে সিস্টেমের কারণে এগুলো হইছে অতীতে নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ হয়েছে সেগুলো সংস্কার না করে আবার নির্বাচন আমরা চাই না।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা নীতিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে কিন্তু জাতীয় ঐকমত্যের স্বার্থে নমনীয়তা প্রদর্শন করতে আমাদের কোন আপত্তি নেই। যদি দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় তাহলে অন্তত উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতি অনুসরণ করা হয় আমরা মেনে নেব। বর্তমান প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে নির্বাচন হচ্ছে তাতে সকল ভোটারের মতামত প্রতিফলিত হচ্ছে না। এই পদ্ধতিতে নির্বাচন করতে গিয়ে ৫৪ বছরে খুব অল্প সময় পার্লামেন্ট কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে পার্লামেন্ট ছিল একতরফা, ফলে স্বৈরশাসন অনিবার্য হয়ে পড়ে। পিআর পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকা সত্বেও এটা একটা প্রতিনিধিত্বশীল ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠনের সহায়ক বলে আমরা মনেকরি।
তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় এ পদ্ধতি চালু করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে। যদি ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয় তাহলে এর সুফল ও কুফল গণমাধ্যমে প্রচার ও বিতর্কের পর রেফারেন্ডমের আয়োজন করা যেতে পারে। এ পদ্ধতি হঠাৎ চালু না করে উপায়ও নেই। যে কোন পদ্ধতি চালু করেই তারপর তার সীমাবদ্ধতাগুলো ক্রমান্বয়ে দুর করতে হবে।
এদিকে সংসদে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি নিম্ন কক্ষের এমপির আনুপাতিকহারে উচ্চ কক্ষ গঠন করা হলে উচ্চ কক্ষ গঠন করে লাভ নেই। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা আমাদের দাবিগুলো বলছি। এই দাবি যদি বাস্তবায়ন বা না হয় তাহলে আপনাদের কি কোনো অন্য চিন্তাভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আসলে বিষয়টা তো এরকম না এটা আমরা আগেই বলেছি যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বোর্ডের সমাপ্তি ভিত্তিতে এবং বিচারের দৃশ্যমান পদক্ষেপএই এগুলোর মাধ্যমে মূলত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। যদি এই ধরনের পরিবর্তনগুলো না হয় তাহলে আল্টিমেটলি সেই নির্বাচনের মাধ্যমে যেটা হবে যে গণঅভ্যুত্থাননে যে আকাঙ্খা রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন সেগুলো সাধিত হবে না। আমরা আমাদের যে দাবিগুলো সরকারকে জানাবো সরকার মানতে না চাইলে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ মেজবাহ-উল-আলম সওদাগর বাণিজ্য প্রতিদিনকে বলান, বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঐক্য দরকার। ঐক্যমত্য কমিশনে নতুন নতুন বিষয় নিয়ে এসে ঐক্য বিনষ্ট করার পরিবেশ তৈরি করা উচিত নয়। পিআর পদ্ধতি গণতান্ত্রিক বিশ্বে কোন দেশেই জনপ্রিয় এবং নয়। বাংলাদেশে কনস্টিটিউন্সি বা নির্বাচনী এলাকা এবং এর সাথে সম্পর্কিত একজন এমপির কার্যক্রম এবং জনগণের সাথে তার সম্পর্ক দীর্ঘ দিনে যেভাবে গড়ে উঠেছে পিআর পদ্ধতি তা সম্পূর্ণ ডেস্ট্রয় করে দেবে। ফলে আপাতত সেদিকে না যাওয়াই ভালো হবে। আর এখানে কে লাভবান হবে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয় ভাবা যেতে পারে যদি ঐক্যমত হয়। ৫ আগস্ট এর পরে অনেক ভুল হয়েছে। আর ভুল করা ঠিক হবে না। এখন জাতীয় ঐক্যকেই গুরুত্ব দিতে হবে।
এএ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত