সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

- সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর
- অকার্যকর ৪৫% সোলার ও ডিজিটাল ব্যবস্থার তাগিদ সিপিডির
- একক অনুমোদন কেন্দ্র ও কর ছাড়ের দাবি বিএসআরইএ’র
- ১০% পরিবার উদ্যোগ নিলেই বিদ্যুৎ সমস্যার সমাধান: ক্লিন
- বাধাহীন বিনিয়োগে দরকার ফাইন্যান্স গেটওয়ে: অ্যাকশন এইড
দেশে চলমান তীব্র জ্বালানি সংকট, গ্যাসের আশঙ্কাজনক ঘাটতি এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয় ও চাপ মোকাবিলায় অবিলম্বে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি (ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি) দ্রুত সম্প্রসারণের জোর দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা স্পষ্ট জানিয়েছেন, কেবল আমদানিনির্ভর বা একক কাঠামোর ওপর নির্ভর না করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার), সোলার হোম সিস্টেম, কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং ব্যাটারি সংরক্ষণ (স্টোরেজ) ব্যবস্থার ব্যাপক বিস্তার ঘটানো এখন সময়ের বড় দাবি।
রোববার (২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানি: বাংলাদেশের ভবিষ্যৎ সৌরবিদ্যুৎ সমাধান’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সেমিনারে বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্ম (ডিআরইপি)।
অনুষ্ঠানে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় খাতভিত্তিক বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের উপস্থিতিতে জ্বালানি খাতের বিদ্যমান জটিলতা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুক্ত আলোচনা সঞ্চালনা করেন ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্মের (ডিআরইপি) সমন্বয়ক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
মুক্ত আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর রিসার্চ অ্যাসোসিয়েট মেহদী হাসান শামীম, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের (ক্লিন) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হাসান মেহেদী, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) কোম্পানি সেক্রেটারি এ এস এম মুনির, সোলশেয়ারের ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশন ইশতিয়াক আহমেদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার (জাস্ট এনার্জি ট্রানজিশন) আবুল আজাদ তাদের বক্তব্য তুলে ধরেন।
সেমিনারে বক্তারা একমত পোষণ করেন যে, বর্তমানে দেশে যে গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে, তার কারণে বাসাবাড়িতে এক খাবার রান্না করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যাচ্ছে, আবার গ্যাস ফিলিং স্টেশনগুলোতে গাড়িগুলোকে গ্যাস নেওয়ার জন্য দিন পার করতে হচ্ছে। এই ধরনের স্থবির অবস্থা থেকে মুক্তি পেতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে নীতিগত সংস্কার, একক অনুমোদন ব্যবস্থা, কর ও শুল্ক ছাড়, সহজ শর্তে অর্থায়ন এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির এই রূপান্তর ও প্রসারকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনে পরিণত করার জোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির হালনাগাদ তথ্য ও গবেষণার সুবিধার্থে সিপিডি উদ্ভাবিত ‘রিনেউয়েবলস ইন বাংলাদেশ’ শীর্ষক নতুন একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিডির প্রোগ্রাম অ্যাসোসিয়েট মারিয়াম আকতার মৌ। প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ পাঁচটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে চাই সামাজিক আন্দোলন: রাশেদ আল মাহমুদ তিতুমীর
সেমিনারে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর নবায়নযোগ্য জ্বালানি খাতের সামগ্রিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আমাদের সর্বপ্রথমে যা প্রয়োজন, তা হলো একটি ব্যাপক সামাজিক আন্দোলন। আমরা সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করতেই হবে, আর এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
উপদেষ্টা আরও বলেন, সমাজের ভেতর থেকে যদি এই জ্বালানির চাহিদা তৈরি না হয়, তবে সাধারণ মানুষ এটাকে সহজে গ্রহণ করবে না। তাই সুশীল সমাজ (সিভিল সোসাইটি) এবং এনজিওসহ সংশ্লিষ্ট সকলের উচিত কীভাবে এই পৃথিবীকে বাসযোগ্য করা যায় এবং কীভাবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা ও কাজ করা। দেশের বর্তমান গ্যাস
সংকটের কথা উল্লেখ করে প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, দারিদ্র্য আমরা যেভাবে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, ঠিক তেমনি খাতা-কলমে নবায়নযোগ্য জ্বালানির কথা শুনে আসছি। আজ দেশে যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, তার একটা সহজ ও কার্যকর সমাধান হতে পারতো যদি আমরা অনেক আগেই বাসা-বাড়ির রান্নাঘরে কার্যকর সোলার সিস্টেম ডেভেলপ করতে পারতাম।”তিনি আশ্বস্ত করে বলেন যে, সরকার বর্তমানে স্থানীয় পর্যায়ে সোলার সরঞ্জাম উৎপাদনের ওপর বিশেষ জোর দিচ্ছে, যার ফলে আমাদের অগ্রগতি অনেক দ্রুত ও বেশি হবে। সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়। কোন কোন নির্দিষ্ট জায়গায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ালে জ্বালানি আমদানি কম করা লাগবে, তা দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। উপদেষ্টা স্পষ্ট জানান, এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই এই খাতের কর কাঠামোতে ব্যাপক পরিবর্তন ও সংস্কার এনেছে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভবিষ্যতে যা যা করা দরকার, সরকার তার সবকিছুই করবে।
অকার্যকর ৪৫% সোলার ও ডিজিটাল ব্যবস্থার তাগিদ: সিপিডি
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে তাদের মাঠপর্যায়ের গবেষণার তথ্য তুলে ধরেন সংস্থাটির রিসার্চ অ্যাসোসিয়েট মো. মেহেদী হাসান শামীম। তিনি জানান, সিপিডির পক্ষ থেকে ২০২৫ সালে একটি বিশেষ জরিপ চালানো হয়েছিল। সেই জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের মোট স্থাপিত সোলারের প্রায় ৪৫ শতাংশই বর্তমানে ‘নন-ফাংশনাল’ বা অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। একটি বিশাল পরিমাণ বিনিয়োগ এভাবে অকার্যকর হয়ে থাকাকে দুঃখজনক বলে উল্লেখ করে তিনি রুফটপ সোলারকে পুরোপুরি কার্যকর ও গতিশীল করার তাগিদ দেন। এজন্য তিনি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে তার মাধ্যমে সহজ ও আধুনিক পদ্ধতিতে নেটিং বা নেট মিটারিংয়ের আবেদন নিশ্চিত করার ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একক অনুমোদন কেন্দ্র ও কর ছাড়ের দাবি: বিএসআরইএ
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) কোম্পানি সেক্রেটারি এ এস এম মুনির সৌরবিদ্যুৎ খাতের প্রাতিষ্ঠানিক ও আমলাতান্ত্রিক বাধার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “সৌরবিদ্যুৎ প্ল্যাটফর্মের পেছনে একটি বিশাল ইকোসিস্টেম জড়িত রয়েছে, যার সাথে আমদানিকারক, প্রস্তুতকারক এবং বিতরণকারীসহ নানা পক্ষ অন্তর্ভুক্ত।” প্রকল্প দ্রুত বাস্তবায়নের স্বার্থে তিনি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উদ্যোক্তা বা বাস্তবায়নকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে অনুমোদন না নিয়ে, যেকোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে অর্থাৎ ‘একক অনুমোদন ব্যবস্থা’ বা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সব ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, বিতরণ (ডিস্ট্রিবিউশন) পর্যায়ে সোলার প্যানেল ও ইনভার্টারসহ যেসকল যন্ত্রপাতি বা সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলোতে এখনও ট্যাক্স মওকুফ সুবিধা দেওয়া হয়নি। এছাড়া অর্থায়নের বিষয়ে তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে প্রাথমিক ফাইন্যান্স বা মূলধনের গুরুত্ব অপরিসীম। স্থানীয় পর্যায়ে যেসব ক্ষুদ্র উদ্যোক্তা ৫ থেকে ১০ লাখ টাকার ছোট ছোট প্রজেক্ট বাস্তবায়ন করতে চান, তারা স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কোনো ধরনের ঋণ বা আর্থিক সহায়তা পান না। তাই জাতীয় বাজেটে সরকার যেসকল ইনসেনটিভ (প্রণোদনা) বা কাস্টমস সুবিধা দিয়েছে, সেগুলো যেন কোনো বৈষম্য ছাড়া এই সেক্টরের প্রতিটি স্তরের সবাই সমানভাবে পায়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
১০% পরিবার উদ্যোগ নিলেই বিদ্যুৎ সমস্যার সমাধান: ক্লিন
কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের (ক্লিন) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হাসান মেহেদী বিদ্যমান সংকটের গভীরতা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের এই বিদ্যুৎ ও জ্বালানি সংকট একদিনে তৈরি হয়নি, এটি আমরা দীর্ঘদিন ধরে ধাপে ধাপে তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমরা অনেকগুলো দামি গাড়ি কিনে ঘরে সাজিয়ে রেখেছি, কিন্তু গাড়ি চালানোর মতো কোনো তেল আমাদের কাছে নেই।” তবে এই সংকট থেকে উত্তরণের সহজ পথ হিসেবে তিনি গ্রাম ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি হিসাব দিয়ে বলেন, দেশে বর্তমানে যতগুলো পরিবার বাস করে, তার মধ্যে মাত্র ১০ শতাংশ পরিবারও যদি নিজ উদ্যোগ ও বাসাবাড়িতে মাত্র এক কিলোওয়াট করে সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে পারে, তবে জাতীয় বিদ্যুৎ সংকটের একটি বড় অংশের তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে।
রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে তিনি প্রচার কৌশলে উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, নব্বইয়ের দশকে যেভাবে একটি কালজয়ী প্রচারণা বা বিজ্ঞাপন তৈরি হয়েছিল—’রাত ১২টা বাজে, এখন পাম্প চালাও সেচ দাও’—ঠিক তেমনি ধরনের একটি আকর্ষণীয় ও প্রভাববিস্তারী বিজ্ঞাপন বা প্রচার মাধ্যম তৈরি করতে হবে, যার মাধ্যমে রুফটপ সোলারকে সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলা সম্ভব হবে।
বাধাহীন বিনিয়োগে দরকার ফাইন্যান্স গেটওয়ে: অ্যাকশন-এইড
অ্যাকশন-এইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন ম্যানেজার আবুল আজাদ নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামোগত ও অর্থায়ন কাঠামোর সীমাবদ্ধতা আলোচনা করেন। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য যে সামগ্রিক ও কার্যকর ইকোসিস্টেমের প্রয়োজন, তা আজও পুরোপুরি গড়ে ওঠেনি।
তিনি জানান, দেশজুড়ে বর্তমানে প্রায় ৬৫ লাখ সোলার হোম সিস্টেম রয়েছে, যা এক বিশাল সাফল্য হতে পারতো। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ, তদারকি ও কাঠামোর অভাবে এখন সব মিলিয়ে মাত্র ২০ শতাংশের মতো সোলার সিস্টেম চালু বা সচল রয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক এবং এই গত ছয় মাসে সরকার বেশ কিছু ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তবে এই খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি সহজ ও সমন্বিত ‘ফাইন্যান্স গেটওয়ে’ বা নতুন অর্থায়ন মডেল তৈরি করা জরুরি, যাতে করে বিনিয়োগকারী ও সাধারণ উদ্যোক্তাদের এই খাতে অর্থ বিনিয়োগে কোনো ধরনের বাধা বা সমস্যার সম্মুখীন হতে না হয়।
স্মার্ট ব্যাটারি স্টোরেজ ও টেকসই বিদ্যুৎ সমাধান: সোলশেয়ার
ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্মের সম্মেলনে সোলশেয়ারের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশন বিভাগের পরিচালক ইশতিয়াক আহমেদ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের একটি মৌলিক বৈপরীত্য ও তার আধুনিক প্রযুক্তিভিত্তিক সমাধানের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশে বিদ্যুতের সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয় সন্ধ্যা থেকে রাতের সময়টায়, অথচ সৌরবিদ্যুতের মূল উৎপাদন ঘটে কেবল দিনের আলোতে। উৎপাদনের সময় ও ব্যবহারের চাহিদার এই বৈষম্য বা সময়ের পার্থক্য দূর করতে না পারলে কেবল সোলার প্যানেল বসিয়ে জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই সংকট কাটানোর জন্য তিনি বিদ্যুৎ ব্যবস্থার পরিকল্পনার একদম শুরু থেকেই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং আইওটি প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। এই সমস্যার সমাধান হিসেবে তিনি একটি অত্যন্ত কার্যকরী ও উদ্ভাবনী ধারণার প্রস্তাব করেন। দেশে বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত লাখ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচল করছে, যেগুলোর ব্যাটারি একটি বিরাট শক্তি সম্পদ। এই থ্রি-হুইলারের ব্যাটারিগুলোকে সুসংগঠিত করে এবং আধুনিক প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করে একটি ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’ তৈরি করা সম্ভব, যা রাতের বেলায় জাতীয় গ্রিডের ওপর তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুতের চাপ অনেকাংশেই কমিয়ে আনবে।
তিনি আরও মত দেন যে, কেবল বিচ্ছিন্নভাবে প্রযুক্তি আনলেই হবে না; এর জন্য অনুকূল নীতিগত সহায়তাও অত্যন্ত প্রয়োজন। স্থানীয় পর্যায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট গ্রিড সংযোগের প্রক্রিয়া সহজীকরণ এবং এসব উন্নত প্রযুক্তিসংশ্লিষ্ট প্রয়োজনীয় ইলেকট্রনিক সরঞ্জাম আমদানিতে শুল্ক ছাড় প্রদান করা জরুরি। সার্বিকভাবে, প্রচলিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে স্মার্ট ব্যাটারি স্টোরেজের বহুমুখী ব্যবহারের মাধ্যমে একটি ভবিষ্যৎবান্ধব ও টেকসই জাতীয় শক্তি অবকাঠামো গড়ে তোলাই তাঁর মূল বক্তব্য।
এএ
- ১বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী
- ২এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা
- ৩কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৪কারিগরি শিক্ষা ও বৃত্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭
- ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই
- ৮গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৯প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে চালু করেছি ‘বীর’ প্ল্যাটফর্ম
- ১০মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৩বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৪জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৫চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৬ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৭ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৮আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৯নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত