নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৫:৩৭ পিএম

বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে অবকাঠামো স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একইসঙ্গে দেশে স্থানীয় কার্যালয় স্থাপনের পাশাপাশি ব্যবহারকারীদের দ্রুত ও উন্নত সেবা দিতে কনটেন্ট সরবরাহ নেটওয়ার্ক (সিডিএন) ও এজ নোড স্থাপনের বিষয়েও কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে মেটার প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশে মেটার কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় কার্যালয় স্থাপনের বিষয়টি সামনে আনে বিটিআরসি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী মেটার বিভিন্ন সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। ফলে বাংলাদেশে মেটার ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় উপস্থিতি বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নত করতে স্থানীয়ভাবে সিডিএন ও এজ নোড স্থাপনের অনুরোধও জানায় বিটিআরসি। এসব অবকাঠামো দেশে স্থাপন করা হলে মেটার প্ল্যাটফর্ম ব্যবহারে গতি বাড়ার পাশাপাশি সেবার মান ও নিরবচ্ছিন্নতা আরও উন্নত হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মেটার প্রতিনিধি জানান, আগের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কয়েকটি বিধানের কারণে বাংলাদেশে স্থানীয়ভাবে সিডিএন ও এজ নোড স্থাপনে দাপ্তরিক ও আইনগত কিছু সীমাবদ্ধতা ছিল। তবে নতুন আইনে এ ধরনের প্রতিবন্ধকতা না থাকায় এখন বাংলাদেশে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়টিও তুলে ধরে বিটিআরসি। পাশাপাশি মেটার প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিশেষ করে মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা, বেটিং ও অনলাইন জুয়ার প্রচারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান। এসব কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে মেটার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানায় বিটিআরসি।

জবাবে মেটার প্রতিনিধি জানান, বিশ্বব্যাপী কর্মীসংখ্যা পুনর্গঠন ও জনবল কমানোর কারণে প্রতিষ্ঠানটির কিছু কার্যক্রমে সাময়িক ধীরগতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশ্বস্ত করেন।

মেটার বাংলাদেশ ও নেপালের জননীতি বিভাগের প্রধান রুজান সারওয়ার বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান।

বৈঠকে মেটার দক্ষিণ ও মধ্য এশিয়ার জননীতি বিভাগের পরিচালক ইউয়েন টিং চে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান এজ কৌশলবিদ ম্যাট জ্যানসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপপরিচালক এস এম তাইফুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...