বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ৯:০৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের উপস্থিতি শুধু একাডেমিক পরিমণ্ডলেই নয়, বরং তাদের ভাষা, পোশাক, ধর্মীয় অনুশীলন, ঐতিহ্যবাহী উৎসব ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে ক্যাম্পাসকে করে তুলেছে আরও বৈচিত্র্যময় ও বর্ণিল। বছরজুড়ে বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে তারা নিজেদের ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছেন।

প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব

আদিবাসী শিক্ষার্থীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’। এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তারা জড়ো হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফানুস উড়ান। আনন্দঘন এই মুহূর্তে একে অপরের সঙ্গে স্মৃতি ভাগাভাগি করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে ফোনের ফটো গ্যালারিতে জমা রাখেন স্মরণীয় মুহূর্তগুলো।

বিজু উৎসবে ফুল ভাসানোর আনন্দ

ক্যাম্পাসে ‘বিজু’ উৎসবও বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। বিজুর আগের রাতে আদিবাসী শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত থেকে ফোটা ফুল সংগ্রহ করেন। পরদিন সকালে ঐতিহ্যবাহী পোশাক পরে হল থেকে শোভাযাত্রার মতো বের হয়ে খুবি ক্যাফেটেরিয়া-সংলগ্ন লেকপাড়ে ফুল ভাসিয়ে উৎসব পালন করেন।

পানি খেলায় মাতোয়ারা আবাসিক হল

আদিবাসী সংস্কৃতির অন্যতম আকর্ষণ ‘পানি খেলা’। সাধারণত আবাসিক ছাত্রী হলেই এ আয়োজন হয়। দুই দলে বিভক্ত হয়ে বড় পাত্রে রাখা পানি একে অপরের দিকে ছিটিয়ে পানি শেষ করার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। আবাসিক ভবনের বারান্দায় দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীরাও উপভোগ করেন এই ব্যতিক্রমী আয়োজন।

সম্প্রীতির সুরে সংস্কৃতির মেলবন্ধন

প্রতি বছর ‘সম্প্রীতির সুর’ নামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটে। আদিবাসী শিক্ষার্থীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান পরিবেশন করেন। পাশাপাশি বাঙালি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ঐতিহ্যবাহী খাবারে ছড়ায় পাহাড়ের সুবাস

উৎসবের দিনগুলোতে আবাসিক ছাত্রী হলগুলোতে ছড়িয়ে পড়ে পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের সুবাস। নাপ্পি, লাক্স, বাঁশকোঁড়লসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রান্না করেন শিক্ষার্থীরা। পরে সেসব খাবার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খান। অনেক সাধারণ শিক্ষার্থী এসব খাবারের স্বাদ ও ঘ্রাণের প্রশংসা করে বলেন, “তোদের এই খাবার স্বাদে ও গন্ধে এক কথায় অসাধারণ।”

গ্রাম ও ক্যাম্পাসে নববর্ষ উদযাপনের ভিন্নতা

গ্রামে নববর্ষ উপলক্ষে আদিবাসীরা নিজস্ব মন্দিরে গিয়ে বয়োজ্যেষ্ঠদের পায়ে ধরে প্রণাম করেন, তাদের গোসল করানোসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। তবে ক্যাম্পাসে নববর্ষের চিত্র ভিন্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মাঠে বৈশাখী মেলা বসে এবং সকালে বের হয় নববর্ষের শোভাযাত্রা। এদিন আদিবাসী শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক-অলংকারে সজ্জিত হয়ে অংশ নেন। কেউ কেউ হলে ঐতিহ্যবাহী খাবার রান্না করেন। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি গানের পাশাপাশি নিজস্ব ভাষায় গান পরিবেশন করে উৎসবকে অনন্য মাত্রা দেন।

ধর্মীয় চর্চায় বৈচিত্র্য

অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ধর্মীয় চর্চায়ও রয়েছে বৈচিত্র্য। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিজস্ব মন্দির রয়েছে। তবে বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য বিহার না থাকায় তারা খুলনার বটিয়াঘাটা ও রূপসা এলাকার বৌদ্ধবিহারে গিয়ে ধর্মীয় আচার পালন করেন। আবার কেউ কেউ বাসা থেকে বুদ্ধমূর্তি এনে আবাসিক হলেই পূজা করেন।

ভাষা ও পোশাকে নিজস্ব পরিচয়

আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগের সময় নিজস্ব মাতৃভাষা ব্যবহার করেন। ক্লাসের ফাঁকে কিংবা আড্ডায় প্রায়ই শোনা যায়, “দোস্ত, এই বাক্যটা তোদের ভাষায় ট্রান্সলেট করে দে।” গ্রাম থেকে আসা অনেক শিক্ষার্থী শুরুতে বাংলা ভাষার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা অসুবিধায় পড়লেও ধীরে ধীরে তা কাটিয়ে ওঠেন।

তাদের সাংস্কৃতিক পরিচয় শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়; একাডেমিক কার্যক্রমেও তার প্রতিফলন দেখা যায়। অনেক শিক্ষার্থী প্রেজেন্টেশনের দিন ঐতিহ্যবাহী পিনন-হাদি পোশাক পরে অংশ নেন, যা ক্যাম্পাসে ভিন্নমাত্রা যোগ করে।

সংস্কৃতি সংরক্ষণে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সমিতি

ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সমিতি’। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় নানা আয়োজনের পাশাপাশি প্রদর্শন করা হয় পাহাড়ি জীবনধারা ও সংগ্রামের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র।

এ বিষয়ে আদিবাসী শিক্ষার্থীরা বলেন, “প্রকৃতপক্ষে এই ক্লাবের মাধ্যমে প্রতিবছর আমাদের সংস্কৃতিচর্চা হচ্ছে। না হলে হয়তো এত দিনে আমাদের অনেক সংস্কৃতিই হারিয়ে যেত।”

ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কা

আদিবাসী শিক্ষার্থী সমুদ্রা চাকমা বলেন, “সবাই পার্বত্য চট্টগ্রামে যেতে চায়, কারণ জায়গাটি যেমন রঙিন, তেমনি ঐতিহ্যেও সমৃদ্ধ। কিন্তু আমার আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় সেখানকার ঐতিহ্যবাহী উৎসবগুলো আর আগের মতো থাকবে না। কারণ আমরা এখন আর আগের মতো সেসব উৎসব ও সংস্কৃতির চর্চা করছি না। অনেক ক্ষেত্রে মূল বিজুর এক বা দুই দিন আগেই ‘ফুল বিজু’ উদযাপন করা হয়, কারণ সবাই সরকারি ছুটি পায় না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মূল ধারা ও উদযাপনের ধরনও ধীরে ধীরে বদলে যাচ্ছে।”

এভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জীবনের পাশাপাশি ভাষা, পোশাক, উৎসব, ধর্মীয় অনুশীলন ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের স্বকীয় পরিচয় ধরে রাখার চেষ্টা করছেন খুবির আদিবাসী শিক্ষার্থীরা। তাদের এই বহুমাত্রিক সংস্কৃতি ক্যাম্পাসকে যেমন বৈচিত্র্যময় করেছে, তেমনি পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানেরও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...