

- বাংলাদেশে মোট উদ্যোক্তার কমবেশি এক-তৃতীয়াংশ নারী
- নারীদের উদ্ভাবনে দেশের জিডিপিতে প্রায় ২৫% অবদান রাখা সম্ভব
- নারী উদ্যোক্তারা বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করে মাসে আয় করছেন লাখ লাখ টাকা
>> সামাজিক সাপোর্ট, নীতিগত সহায়তা, কর ছাড় ও ভর্তুকি এবং মেন্টরশিপ নেটওয়ার্কে সহযোগিতা পেলে আমরা এগিয়ে যেতে পারবো: নারী উদ্যোক্তা তানজিলা আক্তার
>> নারীদেরকে এসএমই খাতে আগ্রহী করে তোলার জন্য সব ধরণের সহযোগিতা করেত প্রস্তুত এসএমই ফাউন্ডেশন: মুসফিকুর রহমান- চেয়ারপার্সন এসএমই ফাউন্ডেশন
একটি দেশের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষ—বিশেষ করে নারীরা—সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাই কবি নজরুল ইসলামের ভাষায় “বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”। নারীরা জনসংখ্যার অর্ধেক হলেও সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে যথাযথভাবে যুক্ত হতে পারেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই চিত্র বদলাতে শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, বা এসএমই খাত, নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই খাত শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ক্ষমতায়নেরও একটি কার্যকর হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। নারী যখন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে, তখন তা তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নারীদেরকে আত্মনির্ভরশীল করার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান বাড়াতে যথাযথ সহযোগিতার বিকল্প নেই। এসএমই খাত নারী উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি লিঙ্গ সমতা ও সমাজের টেকসই পরিবর্তন নিশ্চিত করে। সরকার, বেসরকারি খাত ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত প্রচেষ্টা এ খাতের সম্ভাবনাকে পূর্ণতা দিতে পারে। বাংলাদেশে মোট উদ্যোক্তার কমবেশি এক-তৃতীয়াংশ নারী। নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ।
নারী উদ্যোক্তারা বলছেন, পরিবার, আর্থসামাজিক অবস্থান, ধর্মীয় দৃষ্টিকোণ, পারস্পরিক সহযোগিতা, আর্থিক সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশের দিক থেকে অবস্থা অনূকুলে না থাকলেও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের নারী উদ্যোক্তারা দৃঢ়তার সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে আশার দিক হলো নারীদেরকে স্বাবলম্বী করতে দেশব্যাপী মহিলা বিষয়ক ট্রেডবডিজ, এসোসিয়েশন, চেম্বার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, এনজিও, বাংলাদেশ ব্যাংক, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনসহ বিভিন্ন বৈদেশিক সংস্থা কাজ করে যাচ্ছে।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বর্তমানে দেশের ১১.৮৮ মিলিয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে ৬.৪৭ শতাংশ (০.৭৭ মিলিয়ন) নারী। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে এসএমই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অর্থনৈতিক ক্ষমতায়ন
স্বনির্ভরতা: এসএমই নারীদের স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার সুযোগ দেয়, যা আয় বৃদ্ধি ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে। স্বল্প আয়ের অর্থনীতির দেশগুলোয় নারীরা ব্যবসার সুযোগ পেয়ে নয়, মূলত প্রয়োজনের তাগিদেই উদ্যোক্তা হন। তাই ব্যবসার যেকোনো ধরনের সুযোগ পেলেই এসব নারী সেটি কাজে লাগান। নারী উদ্যোক্তার এই বিপুল সম্ভাবনা শুধু শহরকেন্দ্রিক নয়। প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে হাজার হাজার নারী উদ্যোক্তার যারা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে।
চাকরির সুযোগ: নারী-নেতৃত্বাধীন এসএমই কর্মসংস্থান সৃষ্টি করে। এর মাধ্যমে গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে দারিদ্র্য বিমচনে বড় ভূমিকা রাখতে পারে নারীরা। অন্যদিকে নারীদের উদ্ভাবনের কারণে দেশের জিডিপিতে প্রায় ২৫ শতাংশ অবদান রাখা সম্ভব।
অর্থায়নে প্রবেশাধিকার: মাইক্রোফাইন্যান্স, সরকারি সুবিধা, বা এনজিও-মাধ্যমে ঋণ নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং উদ্যোগ সম্প্রসারণে সাহায্য করে। বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের বর্তমান অর্থনৈতিক ইউনিটসমূহে মোট ৩০.৭৬ মিলিয়ন জনবল কর্মরত। এর মধ্যে ১৬.৬৭ শতাংশ নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর একটি হচ্ছে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ। একই সাথে গ্রামীণ নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার শহরের নারীর তুলনায় বেশি।
সামাজিক মর্যাদা ও নেতৃত্ব
লিঙ্গ সমতা: পুরুষতান্ত্রিক কাঠামোকে চ্যালেঞ্জ করে নারীরা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সামাজিকভাবে স্বীকৃতি পান। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং উৎপাদনশীল সম্পদের উপর তাঁদের মালিকানা এবং নিয়ন্ত্রণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে, দারিদ্র্য কাটিয়ে উঠতে সাহায্য করে এবং বৈষম্য দূর করে।
শিক্ষা ও স্বাস্থ্যে প্রভাব: পুরুষদের তুলনায় নারীরা তাঁদের উপার্জনের বেশি অংশ তাঁদের পরিবার এবং সম্প্রদায়ের জন্য উৎসর্গ করে। নারীদের আয় পরিবারের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যব্যয়ে বিনিয়োগ হয়। এতে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে।
সিদ্ধান্ত গ্রহণের অধিকার: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জনের সাথে সাথেই নারীরা সামাজিক ও পারিবারিক পরিমন্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের অধিকার লাভ করে। এর ফলশ্রুতিতে সামাজিক ও পারিবারিক কাঠামো ব্যবস্থায় নারীর মর্যাদা সমুন্নত হয়। নারীরা তাঁদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মানুষকে অনুপ্রাণিত করার পজিটিভ দৃষ্টিভঙ্গি ব্যবহার করে।
প্রযুক্তি ও উদ্ভাবন
ডিজিটাল প্ল্যাটফর্ম: ই-কমার্স নারীদের বাড়ি থেকে ব্যবসা পরিচালনা এবং বিশ্বব্যাপী বাজারজাত করার সুযোগ দিচ্ছে। বর্তমানে দেশে যত মানুষ অনলাইনে ব্যবসা পরিচালনা করছে এর অর্ধেকই নারী উদ্যোক্তা। এই উদ্যোক্তারা নিজের পণ্য বিক্রির মাধ্যমে মাসে সর্বনিম্ন ১০ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা আয় করছেন।
এদিকে এতো সম্ভাবনা থাকলেও প্রতিবন্ধকতা কম না। তারা প্রতি পদে পদে হয়রানির স্বীকার হন। তার মধ্যে অন্যতম হলো-সামাজিক প্রতিবন্ধকতা,শিশুযত্ন সুবিধা,বাজার সংযোগ।
সার্বিক বিষয়ে নারী উদ্যোক্তা তানজিলা আক্তার বাণিজ্য প্রতিদিনকে বলেন, সামাজিক সাপোর্ট, নীতিগত সহায়তা, কর ছাড় ও ভর্তুকি এবং মেন্টরশিপ নেটওয়ার্কে সহযোগিতা পেলে আমরা এগিয়ে যেতে পারবো। একই সাথে দেশের অর্থ সামাজিক উন্নয়নে পুরুষদের মতো আমরা ভূমিকা রাখতে পারবো।
এদিকে, নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। ২০১৩ সালের অর্থনৈতিক আদমশুমারি অনুসারে, নারী-প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা ৭.২১ শতাংশ। যেখানে ২০০১ এবং ২০০৩ সালে এটি ছিল ২.৮০ শতাংশ। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে নারীর সংখ্যা হিসেবে ৫৪টি স্বল্প আয়ের দেশের মধ্যে ৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
‘মাস্টারকার্ড ইনডেক্স অব উইমেন এন্টারপ্রেনিউর’ (এমআইডব্লিউই) জরিপে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে উদ্যোক্তার ৩১ দশমিক ৬ শতাংশই নারী। প্রতিকূল পরিবেশের মধ্যেই কাজ করে এ দেশের নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে, উগান্ডায় নারী উদ্যোক্তা ৩৪ দশমিক ৮ শতাংশ, বাংলাদেশে ৩১ দশমিক ৬ শতাংশ এবং ভিয়েতনামে ৩১ দশমিক ৪ শতাংশ।
অর্থনৈতিক উন্নয়নে নারীদের বিষয়ে পোশাক শিল্পের উদ্যোক্তা মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির রানা বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকে নারী কর্মীর অবদান পুরুষের তুলনায় অনেক বেশি। বৈদেশিক মুদ্রা আয়েও বাড়ছে নারীদের অবদান। পোশাক খাতের পরই প্রবাসে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, পোশাক খাত ছাড়াও এখন চামড়াজাত শিল্প, গৃহসজ্জা, হ্যান্ডিক্রাফটস, হোটেল, রেস্টুরেন্ট, যোগাযোগ খাত, রিয়েল স্টেট সেবা, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সৌন্দর্যশিল্প খাতের ৯০% এর অধিক নারী উদ্যোক্তা এবং এসব প্রতিষ্ঠানে নারী কর্মীই প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্রঋণের মতো দেশের অর্থনীতির প্রধান খাত আবর্তিত হচ্ছে প্রান্তিক নারীদের কেন্দ্র করে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ সালে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৬৮ লাখ ৭ হাজার ৫২২টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ১৫৯৫ দশমিক ১০ বিলিয়ন টাকা। এর নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৬১০ দশমিক ৩২ বিলিয়ন টাকার ৯৯ দশমিক ১ শতাংশ। আর এ ঋণের অধিকাংশই হচ্ছেন নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া সহজ করতে জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, উদ্যোক্তা তৈরি এবং এসএমই খাতে কাজ করবে এমন শ্রমিক শ্রেণি তৈরি করার জন্য ব্যাংকগুলোর সহায়তায় প্রশিক্ষণ কর্মশালা করা হয়। সেখানে নারীদেরকে প্রাধান্য দেয়া হয়। এবং এর অধীনে অনেক নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। আর সিএসএমই ঋণের ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বাণিজ্য প্রতিদিনকে বলেন, একটি দেশের অর্থনীতি শুধু পুরুষ নির্ভর হলে হবে না। উন্নত বিশ্বে অর্থনীতিতে অনেক অবদান রাখে নারীরা। বাংলাদেশও এটি হচ্ছে। তবে কিছু সমস্যাও আছে। এই সমস্যা সমাধান করতে পরিবার,সমাজ, রাষ্ট্র সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, তারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে। ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব, ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সব জায়গায় সমস্যায় পড়তে হয়। এতে করে তারা আগ্রহ হারিয়ে ফেলে। ফলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না। তাদেরকে সহযোগিতা করলে তারা দেশের জন্য অনেক বড় ভুমিকা রাখতে পারবে।
বিশ্বব্যাংক প্রাইভেট সেক্টর সিনিয়র স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি বলেন, নারী উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বব্যাংকের অনেক প্রকল্প আছে। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় পর্যন্ত নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের নানা উদ্যোগ আছে। বিশ্বের ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির প্রথম সারির প্রতিষ্ঠানগুলো বছরে এক ট্রিলিয়ন ডলারের পণ্য ও সেবা ক্রয় করে। তার মাত্র ১ শতাংশ নারী উদ্যোক্তাদের কাছ থেকে ক্রয় করে। তখন থেকে চিন্তা ছিল কীভাবে এসব বড় প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা পৌঁছানো যায়। এ ক্ষেত্রে অনেক দেশে কাজ শুরু হয়েছে।
এসএমই খাতে নারীদের অবদান বাড়াতে এসএমই ফাউন্ডেশন কাজ করছে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন,বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিরও প্রাণশক্তি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাত। বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ। শিল্প খাতের কর্মসংস্থানের প্রায় ৮৫% সিএমএসএমই খাতে। এই খাতের বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি নীতিমালা, কৌশলপত্র ও নির্দেশনা বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করছে এসএমই ফাউন্ডেশন। এসব কর্মসূচির অংশ হিসেবে এসএমই উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ যাবত ১১টি জাতীয় এসএমই পণ্য মেলা, ৯১টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই পণ্য মেলা, ৪টি হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
তিনি বলেন, বিশেষ করে নারীদেরকে এই খাতে আগ্রহী করে তোলার জন্য সব ধরণের সহযোগিতা করেত প্রস্তুত এসএমই ফাউন্ডেশন।
এ বিষয়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বাণিজ্য প্রতিদিনকে বলেন, এসএমই ফাউন্ডেশন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান নারী উদ্যোক্তাদের সার্বিক ব্যবসায়িক সহায়তা প্রদানের মাধ্যমে তাঁদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে নিরন্তর কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে, এসএমই ফাউন্ডেশনে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ নামে একটি বিশেষায়িত বিভাগ তৈরি করা হয়।
তিনি বলেন, এই বিভাগটির প্রধান উদ্দেশ্য হলো মূলধারার অর্থনৈতিক কার্যক্রমে নারীদের সম্পৃক্তকরণের মাধ্যমে তাঁদের আর্থসামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ। এসএমই নীতিমালা এবং জাতীয় শিল্প নীতি বাস্তবায়নে প্রধান বাস্তবায়নকারী সহযোগী বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে। এছাড়াও এসডিজি, শিল্পনীতি এবং এসএমই নীতিমালার লক্ষ্য-উদ্দেশ্যের সাথে সংগতি রেখে নারী উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নেও বিভাগটি কাজ করে।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত