নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫ ৪:১৭ পিএম

# পিআর পদ্ধতিতে দলীয় নেতৃত্বের হাতে প্রার্থী মনোনয়নের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে দাবি বিএনপির
# উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই পিআর ব্যবস্থা চালুর দাবিতে অনড় জামায়াত
# ভোটাররা পরিচিত নয় এরকম কোন বিষয় নিয়ে রাজনৈতিক বাড়াবাড়ির সীমারেখা অতিক্রম করা উচিত না: আলাল
# পিআর দাবিতে জনগণের রাস্তায় নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ: অধ্যাপক মেজবাহ-উল-আজম

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। নির্ধারিত সময়ে নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ নির্বাচন কমিশনকেও সকল ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা ক্রমেই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই মেরুতে বিভক্তি স্পষ্ট করে তুলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বেশ কয়েকটি ইসলামি দল সংসদের দুই কক্ষে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উচ্চ কক্ষে পিআর পদ্ধতি দাবি করে আসছে। তাদের যুক্তি—এই ব্যবস্থায় প্রতিটি ভোটের মূল্য সমানভাবে প্রতিফলিত হয়, ফলে ভোট চুরি, একক দলীয় আধিপত্য ও কর্তৃত্ববাদী শাসনের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

অন্যদিকে, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সমমনা বেশ কয়েকটি প্রভাবশালী দল প্রকাশ্যে এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। দলটির মতে, এ পদ্ধতি বাংলাদেশে কার্যকর নয় এবং এতে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে যাবে।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনী আসন বণ্টন হলে ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণ কমে যাবে এবং সংসদ সদস্যদের সাথে এলাকার জনগণের সরাসরি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি করছেন, এ পদ্ধতিতে দলীয় নেতৃত্বের হাতে প্রার্থী মনোনয়নের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে, যা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে।

দলটির নেতারা আরও যুক্তি দেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গ্রামীণ-শহুরে ভোট কাঠামো এখনো এমন পর্যায়ে পৌঁছেনি, যেখানে পিআর ব্যবস্থা সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব। তাদের আশঙ্কা, এ প্রক্রিয়ায় আঞ্চলিক প্রতিনিধি ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হতে পারে। বিএনপি বলছে, দেশের জন্য সবচেয়ে উপযোগী ব্যবস্থা হলো পুরনো একক আসনভিত্তিক সরাসরি ভোট পদ্ধতি (ফার্স্ট পাস্ট দ্য পোস্ট), যেখানে জনগণ সরাসরি তাদের এমপি নির্বাচন করে এবং জবাবদিহি নিশ্চিত হয়।

অন্যদিকে জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ঘোষণা দেন। তিনি বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু করতে হবে। ৫৪ বছরের নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি। এ কারণেই আমরা আন্দোলনে নামব।

পরে রাজধানীর বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং সেই আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশপূর্ব বক্তব্যে তিনি বলেন, অধিকাংশ জনগণের মতামত মেনে নেওয়ার নামই ডেমোক্রেসি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক পরিচালিত জরিপে উঠে এসেছে দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। যেই রাজনৈতিক দলের নেতারা পিআর বুঝে না দাবি করে তিনি ঐ নেতাদের দেশের রিকশা চালক, ভ্যান চালক, চা-পান বিক্রেতার কাছ থেকে পিআর বুঝে নিতে অনুরোধ করেন। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ পিআর পদ্ধতি বুঝলেও একটি মাত্র দল দাবি করে তারা পিআর বুঝে না। আসলে তারাও পিআর বুঝে! কিন্তু মেনে নিতে চায় না। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি করতে পারবে না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে জনগণকে শোষণ করতে পারবে না। এজন্যই তারা পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে।

তবে নির্বাচনের সময় ঘোষণার পর এসব দাবি দাওয়াকে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং ভোটকে বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি (প্রত্যক্ষ) অর ইনডাইরেক্টলি (পরোক্ষ) তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।

সালাহউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে, যে এসব দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না। এগুলো মাঠের বক্তব্য। এখন প্রশ্ন আসলো কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সে পরিবেশ সৃষ্টি করতে চায়। সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এটা বলা যায়। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না।

জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাণিজ্য প্রতিদিনকে বলেন, পিআর একটা সম্পূর্ণ নতুন জিনিস। মানুষের চিন্তা-ভাবনা মগজে মস্তিষ্কে বিবেচনায় আগে তো এটাকে নিতে হবে, তারপরে না এটা নিয়ে গ্রহণ করা বা বর্জন করার বিষয় আসে। সুতরাং এটা নিয়ে কোন রাজনৈতিক দলেরই খুব বেশি পিড়াপিড়ি করা উচিত না। দেশ কিভাবে চলবে সাধারণ মানুষকে বোঝার জন্য একটা পর্যাপ্ত সময় দেওয়া উচিত। জামায়াতে ইসলামসহ যারা এটা চাচ্ছেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ থাকলো।

দাবি আদায়ে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলন তারা করতেই পারে, গণতান্ত্রিক দেশে রাষ্ট্রে কারো দাবির জন্যে কিছুর জন্য আন্দোলন করাটা অস্বাভাবিক কিছু না। যদি নির্বাচন কমিশন মনে করে এটা করবে তখন হয়তো আমাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলাপ করবে। তখন আমরা আমাদের মতামত দেব। তবে কোন একটা নতুন জিনিস একদম সম্পূর্ণ নতুন যার সঙ্গে এদেশের ভোটাররা অপরিচিত সেরকম কোন জিনিস নিয়ে মানে রাজনৈতিক বাড়াবাড়ির সীমারেখা অতিক্রম করা উচিত না। যেহেতু সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করছি নির্ধারিত সময়েই নির্বাচন হবে।

রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি অবনতি হওয়ার কোন আশঙ্কা করি না। যেহেতু আমাদের সবার সমর্থনে গঠিত এই সরকার। এখানে এই দাবি আজকে যারা করছেন তাদেরও সমর্থন আছে। সুতরাং এরকম কোনো আশঙ্কাজনক পরিস্থিতি হবে এটা আমরা মনে করি না।

জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে সুতরাং সরকার যথাসময়ে নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন পেছানের কোন সুযোগ নাই। দাবি দাওয়া একটা দলের থাকতেই পারে, গণতন্ত্রের কাছে দাবি দাওয়া কিছু না।

তিনি বলেন, এক বছরে তো আমরা দেখলাম যে সরকারের পক্ষে আসলে তারা কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারতেছে না। তারা কোনভাবে আসলে দৃশ্যমান কোন সংস্কার জাতিকে উপহার দিতে পারেনি। একই সাথে গণহত্যার বিচার করতে গেলে তো আওয়ামী লীগের ডামি এমপিদের গ্রেপ্তার করা লাগবে। আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টাই ডামি এমপিদের প্রটেকশন দিচ্ছে এবং যথেষ্ট তথ্য উপাত্তও রয়েছে এ ব্যাপারে।

তিনি বলেন, উপদেষ্টার বিষয়ে পত্রিকায় নিউজ হয়েছে যে, তার উপদেষ্টা আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রটেকশন নিচ্ছে। এইভাবে সরকার একদিকে বলছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার অন্যদিকে আওয়ামী লীগকে প্রটেকশন এটা তো সরকারের দ্বিচারিতা। সেই জায়গা থেকে জনগণ আগে যেভাবে জনগণের আস্থার জায়গাটা ছিল সেই আস্থার জায়গাটায় ভাটা পড়েছে। এখন মানুষ যত দ্রুত সম্ভব সংস্কার এবং একই সাথে গণহত্যার বিচার একটা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়। এর পরে মানুষ একটা নির্বাচনের চিন্তা করছে।

তিনি আরো বলেন, নির্বাচন চাওয়া কোন অপরাধ না। চাইলে অপরাধী হিসেবে গণ্য হবে এ ধরনের প্রবণতা ভালো না।

রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর বাণিজ্য প্রতিদিনকে বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াত এই দাবি জানাইতেই পারে কিন্তু সাধারণ জনগণের নিকট পিআর পদ্ধতি, বাই- ক্যামেরাল কিংবা ইউনিক্যামেরাল লেজিসলেচারের ধারণা একেবারেই অপরিচিত হওয়ায় এগুলো নিয়ে দ্রুত জনমত গঠনের সম্ভাবনা কিংবা এই দাবিতে জনগণের রাস্তায় নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সুতরাং এ নিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কোন সম্ভাবনা আমি দেখছি না।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই : নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় ...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা ...

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ...