

কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক বিকাশে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) অত্যন্ত গুরুপূর্ণ অবদান রাখে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও এই এসএমই খাত।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এসএমই খাত বিশ্বজুড়ে ৫০ শতাংশ মানুষের কর্মের জোগান দেয়। আবার প্রতিটি দেশের ব্যবসা-বাণিজ্যের সিংহভাগ অংশীদার অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। বিশ্বের প্রায় ৯০ শতাংশ ব্যবসা-বাণিজ্য এ খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। এ দেশে শিল্প খাতে শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশই এসএমই খাতের। যার অর্থ, দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে আসছে এ খাত।
দুর্ভাগ্যজনকভাবে সম্ভাবনাময় এ খাত প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশে এসএমই কোম্পানির সংখ্যা ১ কোটি ১৮ লাখ। এ খাতে কর্মসংস্থান হয়েছে ৩ কোটি ৬০ লাখ মানুষের। অর্থাৎ শিল্প খাতে কর্মসংস্থানের ৮৭ শতাংশই এ খাতে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রতিনিয়ত বেকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। এর বড় অংশই শিক্ষিত বেকার। শিক্ষাজীবন শেষ করে শ্রমবাজারে আসার পর তাদের কাক্ষিত কর্মসংস্থান মিলছে না। বর্তমানে দেশে স্নাতক ডিগ্রিধারী ১০০ জনের মধ্যে ৪৭ জনই বেকার। ফলে বেকারত্ব নিরসনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রয়োজনের তুলনায় এ খাতকে ঘিরে সরকারের উদ্যোগ কম। বক্তৃতা-বিবৃতিতে এ খাত নিয়ে অনেক কথা বলা হলেও কার্যকর উদ্যোগ একেবারেই সীমিত।
বিশ্বব্যপী এসএমই খাত
এসএমই খাতে বিশ্বজুড়ে ৫০ শতাংশ মানুষের সরাসরি কর্মের জোগান দেয়। তবে বিশ্বের প্রায় ৯০ শতাংশ ব্যবসা-বাণিজ্য এ খাতের অন্তর্ভুক্ত। এ কারণে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এসএমইকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এসএমই নিয়ে তাদের আলাদা নীতিমালা রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ব্যবসার ৯৯ শতাংশ এবং অস্ট্রেলিয়ার ৯৮ শতাংশ এসএমই। তবে এ খাতে রয়েছে তহবিল সংকট।
বিশ্বব্যাংক গ্রুপের ২০২১ সালের গ্লোবাল ফিনডেক্স ডাটাবেজ অনুসারে, আনুষ্ঠানিক, নারী-মালিকানাধীন এসএমইর জন্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের তহবিল ঘাটতি রয়েছে। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশে এ শিল্পের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আর এ খাতে কর্মসংস্থান হয়েছে ৩ কোটি ৬০ লাখ মানুষের। অর্থাৎ শিল্প খাতে দেশে কর্মসংস্থানের ৮৭ শতাংশই এ খাতের।
বংলাদেশের এসএমই খাত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০১৩ সালের পরিসংখ্যান অনুসারে এসএমই প্রতিষ্ঠান ৭৮ লাখ। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে এই সংখ্যা বেড়ে বর্তমানে ১ কোটি ১৮ লাখ হয়েছে। ২০২১-২২-এ জিডিপিতে এসএমই শিল্পের অবদান ৭.৩৫ শতাংশ। তবে এসএমই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে কাঁচামালের প্রতিষ্ঠানেও কর্মসংস্থান বাড়ছে।
বাংলাদেশে বেকারত্বের অবস্থা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল শেষে দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ। ২০২৩ সালে এই সংখ্যা সাড়ে ২৫ লাখ। গত বছর বেকারের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।
সম্প্রতি শ্রমশক্তি জরিপের ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস।
বিবিএসের সর্বশেষ ত্রৈমাসিক জরিপ অনুযায়ী, গত ডিসেম্বর মাস শেষে দেশের শ্রমশক্তি ছিল ৫ কোটি ৮৯ লাখ নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার এবং নারী ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার।
এবার দেখা যাক, কতজন কর্মে নিয়োজিত আছেন। জরিপের সময় দেশে ৫ কোটি ৬২ লাখ নারী-পুরুষ আগের সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। অর্থাৎ তাঁরা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার এবং নারী ১ কোটি ৬ লাখ ৩০ হাজার।
যাঁরা কর্মে নিয়োজিত নন কিন্তু বেকার হিসেবেও বিবেচিত নন, তাঁরাই মূলত শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীতে আছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক, কাজ করতে অক্ষম, অবসরপ্রাপ্ত এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক এমন গৃহিণীরা। গত ডিসেম্বর মাস শেষে দেশে এমন ৬ কোটি ২৮ লাখ ১০ হাজার নারী-পুরুষ ছিলেন।
বিবিএস এর তথ্য অনুযায়ী, বছরে ১৩ থেকে ১৪ লাখের বিভিন্ন খাতে দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয়। কর্মসংস্থানের জন্য অল্প কিছু বিদেশেও যায়। বিদেশে পাঠিয়ে, সরকারি-বেসরকারি চাকরি এবং নানা অপ্রাতিষ্ঠানিক কাজে সম্পৃক্ত হওয়ার পরও প্রতিবছর প্রায় ১০ লাখ ছেলে–মেয়ে নিজেদের জন্য একটি শোভনীয় কাজের ব্যবস্থা করতে পারেন না।
কর্মসংস্থান তৈরি ও বেকারত্ব দূরীকরণে এসএমই
বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে, বছরে চাকরিপ্রত্যাশী প্রায় ২০ লাখ। এর মধ্যে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। বিবিএস-এর সমীক্ষা অনুসারে এই ২২ লাখ হতে ১০ শতাংশকেও যদি উদ্যোক্তাতে পরিণত করা যায় তাহলে দেশের আগামী অর্থনৈতিক জটিলতা কাটিয়ে উঠা যাবে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জীবনের মূল্যবান প্রায় ছয় বছর চাকরি খোঁজার জন্যই ব্যয় করছেন। এই সময়টা হতেই তাঁদের উদ্যোক্তা তৈরিতে মেন্টরিং এবং প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
অর্থনীতিবিদদের বক্তব্য
অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ব্যাংকের সুদের হার হ্রাসের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সুদের হার বাড়ানোর যে আর্থিক নীতি, এতে বিনিয়োগ অনুৎসাহিত হবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি খাত বা এসএমই খাতও। কারণ এতো সুদে তো কেউ বিনিয়োগ করবে না।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকারকে সুদের হার কমাতে হবে। এমনকি উন্নত দেশগুলোও এখন সুদের হার কমানোর পথে হাঁটতে শুরু করেছে।
আবু আহমেদ বলেন, এনবিআর এর ওপর রাজস্ব আয় বাড়ানোর চাপ থাকে। তবে আগামী এসএমই খাতে কর্মসংস্থান বাড়াতে বাজেটে এনবিআর এর প্রতি এসএমই উদ্যোক্তাদের জন্য ট্যাক্স হলিডে দেয়ার পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্টদের বক্তব্য
কেপিসি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাজেদুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, বেকারত্ব দূর করতে এসমই খাত অনেক বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কর্মসংস্থানমুখী শিক্ষা, ব্যাংক ঋণ, ভ্যাট এবং ট্যাক্স সুবিধা দিতে হবে।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কায়সার হামিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, বেসরকারি খাতের প্রতি ৩ জনের ১ জন এসএমই খাতে চাকরি করে। অন্যদিকে ৯৮ শতাংশ কোম্পানিতে ১০ জনের কম লোক কাজ করে। এগুলো সবই এসএমই খাত। একই সাথে শিল্প খাতের ৮০ শতাংশ জনবল এসএমই খাতের। সব মিলিয়ে ম্যানুফ্যাকচারিং, ট্রেড এবং সার্ভিস খাত মিলিয়ে প্রায় ২ কোটি ৮০লাখ মানুষ এসএমই খাতে কাজ করছে। এই খাত প্রসার করতে পারলে বেকারত্ব দূর করতে অনেক বড় অবদান রাখতে পারবে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন চৌধুরী বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশের জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান উন্নত দেশগুলো এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও অনেক কম। পাকিস্তানে এই হার ৪০ শতাংশ, শ্রীলংকায় ৫২শতাংশ, চীনে ৬০ শতাংশ এবং ভারতে ৩৭ শতাংশ। বাংলাদেশে এই হার দেশের প্রত্যাশার তুলনায় খুবই কম। ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তা ৭৮ লাখ ১৩ হাজারের বেশি।
জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে এসএমই নীতিমালা ২০২৫-কে ঘিরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, এই নীতিমালা শতভাগ বাস্তবায়নে সরকার এসএমই ফাউন্ডেশনসহ বাস্তবায়ন সহযোগী মন্ত্রণালয় ও দপ্তরসমূহের অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করবে, যা শতভাগ শ্রমঘন এই খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিরও প্রাণশক্তি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাত। বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ। শিল্প খাতের কর্মসংস্থানের প্রায় ৮৫% সিএমএসএমই খাতে। এই খাতের বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি নীতিমালা, কৌশলপত্র ও নির্দেশনা বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করছে এসএমই ফাউন্ডেশন। এসব কর্মসূচির অংশ হিসেবে এসএমই উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ যাবত ১১টি জাতীয় এসএমই পণ্য মেলা, ৯১টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই পণ্য মেলা, ৪টি হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
মো. মুসফিকুর রহমান আরও বলেন, এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বাড়ানোর লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় এসএমই নীতিমালা ২০২৫ তৈরির উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। আমাদের আশা, ২০৩০ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে এবং এই নীতিমালা শতভাগ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনসহ বাস্তবায়ন সহযোগী মন্ত্রণালয় ও দপ্তরের অনুকূলে নিয়মিত অর্থ প্রয়োজন।
এসএমই খাতের বিকাশের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, ব্যাংকগুলোর পোর্টফোলিও ম্যানেজমেন্টে বৈচিত্র আনার লক্ষ্যে এবং লার্জ লোনে যে ঝুঁকি থাকে- সেটার নিরসনে সিএসএমই খাতে ব্যাংকগুলো যাতে মোট ঋণের ২৫ শতাংশ প্রদান করে সেটার নির্দেশ প্রদান করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোকে এ টার্গেট দেয়া হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো তা ফুলফিল (সম্পূর্ণ) করতে পারেনি। তারা আনুমানিক ২০ শতাংশ অর্জন করতে পেরেছে। এজন্য বিষয়টিতে জোর দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএসএমই খাতে দেয়া লোনগুলো আসলে প্রকৃত গ্রাহকরা পাচ্ছে কিনা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে তদন্ত করা হয়। এসব তদন্তে কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে। যিনি করপোরেট বা বড় গ্রাহক তাদেরকে সিএসএমই গ্রাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি বড় গ্রাহকদের যাতে সিএসএমই খাতের গ্রাহক হিসেবে দেখানো না হয়। এ খাতের যারা প্রকৃত উদ্যোক্তা শুধু তারাই যেন এখাতের সুবিধার মধ্যে আসে সেটা দেখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
সুপারিশ
বর্তমানে বাংলাদেশ যে অর্থনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কর্মসংস্থান বাড়ানো অতীব জরুরি হয়ে পড়েছে। কারণ কর্মসংস্থান বৃদ্ধিহীন জিডিপি প্রবৃদ্ধি দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে পারে না। স্থবির কর্মসংস্থান সৃষ্টিতে গতি ফেরাতে হলে এসএমই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও বিনিয়োগের বিকল্প নেই।
এডিবির ২০১৫ সালের পরিসংখ্যান অনুসারে, দেশে কুটির শিল্পে প্রায় ৭৮ লাখ অতি ক্ষুদ্র (মাইক্রো), ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। গত চার দশকে দেশের এসএমই খাতের উৎপাদন ক্রমে বাড়ছে। আর গত দুই দশক দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান বাড়ছে ধারাবাহিকভাবে।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা এ খাতের উন্নয়নে বেশ কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে-সহজ শর্তে জামানতবিহীন ঋণ প্রদান ও সরকারের ভর্তুকি বাড়ানো। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা, ই-কমার্স ও ডিজিটাল মার্কেটপ্লেসে এসএমইকে সংযুক্ত করা, কর কাঠামো ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তায় প্রদর্শনীর আয়োজন করা।
এম জি
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত