ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ ৫:২১ পিএম

দিদারুল আলম, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি বছরই বাড়ছে ড্রাগনের আবাদ। গত পাঁচ বছরে এ উপজেলায় ড্রাগন ফলের আবাদ বেড়েছে প্রায় ১৫ গুণ। ড্রাগন আবাদে ঝুঁকছেন শিক্ষিত যুবকরাও। ফলে একদিকে যেমন বেকারত্ব কমছে, অন্যদিকে চাষীরা হচ্ছেন স্বাবলম্বী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালে মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ড্রাগন আবাদ হয় মাত্র ৫০ শতক জমিতে। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় এক একর ২০ শতকে। ২০২৩ সালে ড্রাগন আবাদ হয় এক হেক্টর জমিতে, ২০২৪ সালে এক দশমিক আট হেক্টর জমিতে ও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় তিন হেক্টরে। হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে ড্রাগন আবাদ বেড়েছে প্রায় ১৪ দশমিক ৮২ গুণ। কৃষি অফিস বলছে, মিরসরাইয়ের আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী। এছাড়া ড্রাগন চাষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকের পাশাপাশি বেকার যুবকরাও ড্রাগন চাষে ঝুঁকছে।

উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে তিন বন্ধু মিলে গড়ে তুলেছেন একটি এগ্রো ফার্ম। নজরুল ইসলাম নাসিদ, সৈয়দ আকরাম হোসেন মিশেল ও সাইদুল ইসলাম ইমন ২০২৪ সালে ১০ শতাংশ জমিতে ৯৫টি পিলার বসিয়ে এক হাজার ড্রাগনের চারা রোপণ করেন। বর্তমানে তাদের বাগানে সারি সারি গাছে ঝুলছে রঙিন ড্রাগন ফল। সম্প্রতি উঁচুনিচু পাহাড়বেষ্টিত ড্রাগন বাগানে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। সারি সারি দাঁড়িয়ে আছে হাজারো ড্রাগন ফলের গাছ। গাছে সবুজ পাতার মাঝে মাঝে উঁকি দিচ্ছে গোলাপি, লাল আর সবুজ ড্রাগন। চাকরির আশায় বসে না থেকে নিজেরাই গড়ে তুলেছেন আমিগো এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি। বর্তমানে প্রতি কেজি ড্রাগন আকারভেদে খুচরা বিক্রি হচ্ছে ১শ-২৫০ টাকায়।

উদ্যোক্তা নজরুল ইসলাম নাসিদ বলেন, ২০২৪ সালে বাগান শুরুর এক বছরের মধ্যে আমরা ফলন পেয়েছি। এবার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ফল বিক্রির আশা করছি। উঁচু জমি থাকলে যে কেউ সহজেই ড্রাগন আবাদ করতে পারবে। পরীক্ষামূলক চাষে ভালো ফলন দেখে এবার আমরা ১৩৬ শতক জমিতে ১০ হাজার চারা লাগাচ্ছি।

স্থানীয়রা জানান, সমুদ্র, নদী ও পাহাড়বেষ্টিত মিরসরাই উপজেলায় ড্রাগন চাষের উপযোগী পরিবেশ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পাহাড়বেষ্টিত এলাকায় এখন অনেক শিল্পগ্রুপও উঁচু জমিতে ড্রাগনের আবাদ করছে।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এবার উপজেলায় তিন হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। অথচ ২০২১ সালে ছিল মাত্র ৫০ শতক জমি। ড্রাগন একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল, যা থেকে বছরে তিন-চারবার ফলন পাওয়া যায়। কৃষি অফিস থেকে চাষীদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও চারা দেয়া হচ্ছে। এলাকার আবহাওয়া ভালো ও রোগবালাই কম হওয়ায় কৃষকের পাশাপাশি শিক্ষিত যুবকরাও ড্রাগন চাষে এগিয়ে আসছে। ফলে প্রতি বছরই এ আবাদ বাড়ছে।

প্রতাপ চন্দ্র আরো বলেন, অন্য ফসলের তুলনায় ড্রাগন ফল চাষ লাভজনক হওয়ায় অনেক শিক্ষিত ও বেকার যুবক এগিয়ে আসছেন। মিরসরাইয়ের প্রতিটি কৃষককে হরমোন ব্যবহার ছাড়াই ফল উৎপাদন করতে আমরা উদ্ধুদ্ধ করি এবং হরমোন ছাড়াই ফল উৎপাদন করছেন কৃষকরা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...