জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৪:১৪ পিএম , আপডেট: আগস্ট ১৪, ২০২৬ ৪:১৬ পিএম

দালালের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের কালকিনির মো. রাব্বি বেপারী (১৭) নিখোঁজ হয়েছেন। কয়েক দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ রাব্বির সন্ধান ও ঘটনায় জড়িত দালালের বিচার দাবি করেছেন তার স্বজনেরা।

নিখোঁজ রাব্বি বেপারী কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামের সোবাহান বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাব্বীসহ গোপালপুর গ্রামের আরও কয়েকজন যুবক অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য কয়েক মাস আগে বাড়ি ছাড়েন। এ জন্য প্রত্যেকে স্থানীয় জাহাঙ্গীর হোসেন ওরফে ‘ফুডা জাহাঙ্গীর’ নামের এক দালালকে ২০ থেকে ২৫ লাখ টাকা করে দেন বলে অভিযোগ পরিবারের।

সম্প্রতি ইতালির উদ্দেশে যাত্রার সময় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা সাগরে ডুবে যায়। এতে রাব্বীসহ বেশ কয়েকজন নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর থেকেই রাব্বীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তারা।

রাব্বীর নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। তবে দালাল জাহাঙ্গীর প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা কিংবা প্রকাশ্যে অভিযোগ তুলতে ভয় পাচ্ছে পরিবারটি।

রাব্বীর বাবা সোবাহান বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে ইতালি পাঠানোর জন্য জাহাঙ্গীরকে প্রায় ২৫ লাখ টাকা দিয়েছি। হঠাৎ জানতে পারি, নৌকাডুবির পর রাব্বী নিখোঁজ। এখন ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। জাহাঙ্গীর প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করতেও ভয় লাগছে। আমি ছেলের সন্ধান চাই, একই সঙ্গে এই ঘটনার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে দালাল জাহাঙ্গীর বলেন, রাব্বীসহ কয়েকজন যুবকের কাছ থেকে নেওয়া টাকা তিনি মাদারীপুরের রাজৈর এলাকার ইলিয়াস ও আলী নামের দুই দালালের কাছে জমা দিয়েছেন। তবে ওই টাকার জিম্মাদার তিনি নিজেই বলে দাবি করেন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “রাব্বী নিখোঁজের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবারের সদস্যদের দাবি, দ্রুত রাব্বীর অবস্থান শনাক্ত করে তাকে জীবিত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিক। পাশাপাশি অবৈধ পথে বিদেশ পাঠানোর সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ

মাদারীপুরের নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। জেলার পাঁচ উপজেলার ...

অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ ...