
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নযাত্রা গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বৃহৎ অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক মেগা প্রকল্প বাস্তবায়নে এখনো বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগিতার ওপর নির্ভরতা রয়ে গেছে। এসব ঋণের বিপরীতে উচ্চ সুদ পরিশোধ করার কারণে জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতি বছর ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়। ফলে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতা দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জের মুখে পড়ে। অনেক ক্ষেত্রে বৈদেশিক সহায়তার সঙ্গে এমন কিছু শর্তও যুক্ত থাকে, যা জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও নীতিনির্ধারণী স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এই বাস্তবতায় ‘সুকুক’ বা শরিয়াহভিত্তিক বন্ড বাংলাদেশের জন্য একটি সময়োপযোগী, টেকসই ও অংশগ্রহণমূলক বিকল্প অর্থায়ন ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি কেবল একটি আর্থিক উপকরণ নয়; বরং জনগণের ক্ষুদ্র সঞ্চয়কে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। সুকুকের মাধ্যমে সাধারণ মানুষ, ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ সরাসরি দেশের অবকাঠামো উন্নয়ন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। এর ফলে একদিকে যেমন বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমছে, অন্যদিকে শরিয়াহসম্মত ও হালাল বিনিয়োগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হচ্ছে।
‘সুকুক’ শব্দটির আক্ষরিক অর্থ হলো সার্টিফিকেট বা আইনি দলিল, যা কোনো নির্দিষ্ট সম্পদের মালিকানা বা অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে। এটি প্রচলিত সুদভিত্তিক বন্ডের শরিয়াহসম্মত বিকল্প। প্রচলিত বন্ডে বিনিয়োগকারী মূলত একজন পাওনাদার; কিন্তু সুকুকে বিনিয়োগকারী একজন অংশীদার বা সম্পদের মালিক। এখানে সুদের পরিবর্তে প্রকল্পের বাস্তব আয়, ভাড়া বা মুনাফার ভিত্তিতে বিনিয়োগকারীদের রিটার্ন প্রদান করা হয়। সাধারণত মুদারাবা, মুশারাকা ও ইজারা চুক্তির ভিত্তিতে সুকুক পরিচালিত হয়। ফলে এটি শুধু অর্থনৈতিকভাবেই নয়, নৈতিক ও শরিয়াহসম্মত দৃষ্টিকোণ থেকেও অধিক গ্রহণযোগ্য।
বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রায় এক-চতুর্থাংশ ইসলামী শরিয়াহভিত্তিক নীতিমালায় পরিচালিত হচ্ছে। এসব ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অতিরিক্ত তারল্য ব্যবস্থাপনার কার্যকর শরিয়াহসম্মত উপকরণের অভাবে ভুগছিল। সুকুক চালুর ফলে তারা অলস অর্থকে উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। এতে শুধু ব্যাংকিং খাতের তারল্য ব্যবস্থাপনাই শক্তিশালী হচ্ছে না; বরং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশে সুকুকের যাত্রা শুরু হয় ২০২০ সালের ডিসেম্বরে। দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের জন্য প্রথম ৮ হাজার কোটি টাকার ইজারা সুকুক ইস্যু করা হয়। পরবর্তীতে শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে সুকুক ইস্যু করা হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ সরকার ৮টি সুকুক ইস্যুর মাধ্যমে মোট ৪২ হাজার ৪০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। এসব তহবিলের বড় অংশ জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি একটি বড় ইতিবাচক অগ্রগতি।
অতীতের সফলতার ধারাবাহিকতায় সম্প্রতি সরকার “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প”-এর জন্য “বাংলাদেশ সরকার ৮ম বিনিয়োগ সুকুক (বিজিআইএস-৮)” ইস্যুর উদ্যোগ নিয়েছে। সাত বছর মেয়াদি এই ইজারা সুকুকের মাধ্যমে সরকার প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। বিনিয়োগকারীদের জন্য ১০.৪০ শতাংশ হারে প্রতি ছয় মাস অন্তর ভাড়া বা রিটার্ন প্রদানের ঘোষণা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই সুকুক শুধু সরকারের বিকল্প অর্থায়নের উৎস নয়; বরং এটি সাধারণ মানুষের নিরাপদ বিনিয়োগের আকাঙ্ক্ষা এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সেতু ও সড়ক নির্মাণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বহুমাত্রিক প্রভাব ফেলবে। একটি সেতু কেবল দুই প্রান্তকে সংযুক্ত করে না; বরং এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির নতুন সম্ভাবনা সৃষ্টি করে।
উন্নত যোগাযোগব্যবস্থার ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারবেন, যা তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে। শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। একইসঙ্গে দুর্গম অঞ্চলে ইসলামী ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং সেবা সম্প্রসারণ সহজতর হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবকাঠামোগত উন্নয়নের ফলে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণও বৃদ্ধি পাবে।
সুকুক সরকারি গ্যারান্টিযুক্ত হওয়ায় এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত নিরাপদ বিনিয়োগ মাধ্যম। একইসঙ্গে এটি এসএলআর সংরক্ষণেও কার্যকর ভূমিকা রাখতে পারে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটি নিরাপদ, সুদমুক্ত ও হালাল আয়ের একটি নির্ভরযোগ্য উৎস। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ হওয়ায় অনেক সময় তারল্য সংকটের আশঙ্কা দেখা দেয়। যদিও সেকেন্ডারি মার্কেটে সুকুক কেনাবেচার সুযোগ রয়েছে, বাংলাদেশের এই বাজার এখনো পর্যাপ্ত শক্তিশালী নয়। ফলে মেয়াদপূর্তির আগে বিনিয়োগ নগদায়ন কিছুটা কঠিন হয়ে পড়ে।
এছাড়া সুকুকের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা প্রয়োজন। শক্তিশালী আইনগত কাঠামোর অভাব, দুর্বল সেকেন্ডারি মার্কেট, সাধারণ মানুষের সীমিত সচেতনতা এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন বিনিয়োগকারীদের জন্য বিও অ্যাকাউন্ট খোলা ও আনুষ্ঠানিক প্রক্রিয়াও অনেক সময় জটিল মনে হয়।
সুকুককে আরও কার্যকর ও জনপ্রিয় করতে হলে শক্তিশালী সেকেন্ডারি মার্কেট গড়ে তোলা, কর-সুবিধা ও প্রণোদনা প্রদান, ডিজিটাল প্ল্যাটফর্ম চালু এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের মাধ্যমে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা গেলে সুকুক বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হতে পারে।
পরিশেষে বলা যায়, সুকুক বাংলাদেশের জন্য কেবল একটি শরিয়াহসম্মত বিনিয়োগ পণ্য নয়; বরং এটি টেকসই উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক স্বনির্ভরতার একটি কার্যকর হাতিয়ার। জনগণের ক্ষুদ্র সঞ্চয়কে জাতীয় সম্পদে রূপান্তর করে দেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানোর এই মডেল ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। যথাযথ নীতিগত সহায়তা, স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে সুকুকই হতে পারে আগামীর বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির অন্যতম ভিত্তি।
মতামত লেখকের নিজস্ব
লেখক: মোঃ খায়রুল হাসান, সিএসএএ, ইসলামী ব্যাংকার ও আর্থিকখাত বিশ্লেষক। ইমেইল: hasan.khairul@gmail.com
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ২১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৩দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৪ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৫লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৯সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ১০রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৩দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৪সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত