
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইউরোপের দেশগুলো। বাড়ছে মূল্যস্ফীতি। মানুষ পোশাক কেনা কমিয়ে দিচ্ছে বলে উল্লেখ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বৈশ্বিক এ সংকটের মধ্যেও ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তবে আগামীতে রপ্তানির এ ধারা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ ৪৯৪ কোটি ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশভিত্তিক রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর মধ্যে জার্মানিতে পোশাক রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৫২ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া, স্পেনের বাজারে ২১ দশমিক ৩৫ শতাংশ ও ফ্রান্সের বাজারে রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ। তবে ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রপ্তানি জুলাই-সেপ্টেম্বর সময়ে ২৪ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২০১ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এটি প্রবৃদ্ধি হ্রাসের একটি স্পষ্ট লক্ষণ বলে মনে করছেন বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।
তিনি জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে। প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট বলা যায়, পরবর্তী মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে রপ্তানি কমবে।
ইপিবির পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে, অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৭৬ কোটি মার্কিন ডলার হয়েছে। রপ্তানির এই অংক আগের বছরের একই সময়ে ছিল ১৪৩ কোটি ডলার।
অপ্রচলিত বাজারের মধ্যে, জাপানে রপ্তানি ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। ভারতেও বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে ৬৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩০ কোটি ৬৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, উল্লিখিত সময়ের মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ায় রপ্তানি কমেছে যথাক্রমে ৩ দশমিক ৬৯ শতাংশ, ০ দশমিক ১৩ শতাংশ, ৮ দশমিক ৭১ শতাংশ এবং ৪৭ দশমিক ৩০ শতাংশ।
এদিকে করোনার প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ১৩ মাস পর গত সেপ্টেম্বর বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের পণ্য বিশ্ববাজারে রপ্তানির বিপরীতে আয় হয়েছে ৩৯০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। সেই হিসাবে আগের বছরের চেয়ে আয় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।
ইপিবির সেক্টরওয়াইজ ডাটা পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ডলার আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। ওভেন ও নিটওয়্যার— উভয় ধরনের পোশাক রপ্তানিই কমেছে।
খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। সেপ্টেম্বরের রপ্তানি পরিসংখ্যানে আশঙ্কা স্পষ্টতই প্রতিফলিত হয়েছে।
২০২১ সালের জুলাই মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ২ হাজার ডলার, যা ২০২০ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ কম। সে হিসাবে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৩ মাস পর রপ্তানি আয় কমল।
বিপি/এএস
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত